Social Icons

Saturday, April 29, 2017

ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতা


গত ২০ বছরে এমন সহিংসতা দেখেনি ব্রাজিলের মানুষ। এই দীর্ঘ সময়ের মধ্যে দেশটির প্রথম সাধারণ ধর্মঘট সহিংসতায় রূপ নিয়েছে। রিও ডি জেনেরিও শহরের প্রাণকেন্দ্রে দোকানপাট ও যানবাহনে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।
পেনশন পুনর্গঠনে প্রেসিডেন্ট মিশেল তেমের প্রস্তাবের বিরোধিতা করে ট্রেড ইউনিয়ন গতকাল এই ধর্মঘটের ডাক দেয়। দিনের বেশির ভাগ সময় শান্তিপূর্ণ ধর্মঘট পালিত হলেও সন্ধ্যায় সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির বহু মানুষ তাদের বাড়ি এবং দোকানে অবস্থান নিয়ে অবরোধে অংশ নিয়েছে। অবরোধে সেখানকার বেশির ভাগ দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ রয়েছে।
সাও পাওলো, রিওসহ অন্যান্য শহরের অনেক সড়কও অবরোধ করা হয় বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল থেকে সহিংসতা শুরু হলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। এ সময় তারা অন্তত ৮টি গাড়িতে অগ্নিসংযোগ করে বলে জানায় গ্লোব নিউজ।
এ দিন দেশটির সবচেয়ে বড় শহর সাও পাওলোতে হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের ব্যক্তিগত বাড়ির কাছে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মিশেল তেমে। তবে আধুনিক দেশ গঠনে তিনি তার পদক্ষেপ চালিয়ে যাবেন বলে বলে জানান। এই সপ্তাহের শুরুতে শ্রম আইন সংস্কারে সংসদীয় ভোটে জয়লাভ করেন মিশেল তেমে।
তবে মুনাফা হ্রাস ও অবসরের বয়স বাড়ানোসহ প্রেসিডেন্টের পেনশন পুনর্গঠনের সিদ্ধান্তের কারণে ব্রাজিলের মানুষকে মূল্য দিতে হবে বলে জানায় বিক্ষোভকারীরা।

ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে শনিবার ভোরে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়। ফিলিপাইন ও মার্কিন কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
 
ফিলিপাইনে কর্মকর্তারা জানান, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভোরের আগে মিন্দানাওয়ের দক্ষিণাঞ্চলে ভূ-কম্পনটি অনুভূত হয়। 
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২৩ মিনিটে রাজধানী ম্যানিলা থেকে ৭শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মিন্দানাওয়ের ৪১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। 
 
ফিলিপাইনে ইন্সটিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি’র প্রধান রেনাতো সোলিদাম ম্যানিলায় এবিএস-সিবিএন টেলিভিশনকে বলেন, ‘এই ঘটনায় আমরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি না।’ রাষ্ট্র পরিচালিত সংস্থাটি আরো জানায়, মিন্দানাওয়ের দক্ষিণ উপকূলের ৫৩ কিলোমিটার দূরে ছিলো ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এএফপি।

মিয়ানমারের বাস দুর্ঘটনায় নিহত ১৯, আহত ২১

মায়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাইন রাজ্যের এশিয়ান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন মারা গেছে ও আরো ২১ জন আহত হয়েছে। শনিবার দেশটির সরকারি সূত্রে একথা বলা হয়েছে। 
 
স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে ৪০ জনের বেশি লোক ছিল। 
 
বাসটি জায়াতকি-তাউঙ্গু-মায়াওয়াদ্দি রুটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ মিটার নিচের একটি খাদে পড়ে যায়। আহতদের কাছের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। সিনহুয়া।

বাংলাদেশে ৯০ লাখের বেশি হাওরবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে

হাওর অঞ্চলের সাম্প্রতিক আগাম বন্যায় ৯০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক আগাম বন্যায় দেশের ৭টি জেলার হাওর অঞ্চলই ক্ষতিগ্রস্ত হয়। এক ফসলি এ অঞ্চলে বোরা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
 
গতকাল দেয়া এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, হাওরের বেশির ভাগ অঞ্চলের ৯০ শতাংশ বোরো ধানই নষ্ট হয়ে গেছে। সরকারি হিসেবে ৩ লাখ ৭১ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। আনুমানিক ৫ হাজার ৮১ কোটি টাকার ধান, মাছ ধ্বংস হয়েছে। প্রকৃত ক্ষতির পরিমাণ এর দ্বিগুণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ধরনের ক্ষতি পুষিয়ে নিতে কমপক্ষে পাঁচ বছর সময় প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
 
ইতিমধ্যে এক-তৃতীয়াংশ হাওরবাসী স্থানান্তরে বাধ্য হয়েছে। আরো অনেকেই চলে যাওয়ার পরিকল্পনা করছেন। এ ধরনের বন্যা ও বন্যা পরবর্তী বিভিন্ন সমস্যার আশঙ্কায় তারা স্থান পরিবর্তন করছেন। এপ্রিলের শুরু থেকেই তারা স্থান ত্যাগ শুরু  করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
হাওরে দুর্দশা লাঘবের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘদেয়াদী কিছু সুপারিশ করেছে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্ম। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজারের হাকালুকি হাওরে জরুরি অবস্থা জারি করার সুপারিশ করা হয়েছে।
 
নভেম্বরের আগেই এ অঞ্চলের উন্নয়ন কাজের অর্থ ছাড় করা, হাওরের উন্নয়ন কাজ তদারকিতে স্থানীয় এবং সুশীল সমাজের সমন্বয়ে একটি নজরদারি কাঠামো তৈরি করা, নদীগুলো খনন করা এবং বাঁধগুলো টেকসই ও উঁচু করে নির্মাণের সুপারিশ করা হয়েছে।

জেনে নিন অদ্ভুত কিছু তথ্য

পৃথিবীতে কত রকম ঘটনাই তো ঘটে। এসব ঘটনার কিছু চলে আসে খবরের শিরোনামে। তেমনি কিছু অদ্ভুত তথ্য নিচে দেওয়া হল-
● পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে ৭০ ভাগই চীন তৈরি করে থাকে!
● ভারতে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে?
● ইংরেজি ‘level’ শব্দটির অক্ষরগুলো উল্টে দিলেও তা একই থাকবে!
● ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো ‘E’ এবং সবচেয়ে কম ব্যবহার করা বর্ণ হলো ‘Q’।
● একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন থাকে!
● পৃথিবীর মোট বিক্রি হওয়া ৯৬% মোমবাতিই মেয়েরা কিনে।
● পাবলিক টয়লেট বা বাথরুম ব্যবহার করার পর বিশ্বের ৪২% পুরুষ এবং ২৫% মহিলাই তাদের হাত পরিষ্কার করেন না।
● সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়। বছরে গড়ে প্রতিজন খায় প্রায় ১০ কেজি করে।
● প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!
● আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর আক্রমণের চেয়ে জলহস্তীর আক্রমণে বছরে বেশি মানুষ মারা যায়।
● ফ্রেন্স ফ্রাইয়ের জন্মস্থান ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে।
● কোথাও ভ্রমণ করার সময় মানুষ টুথব্রাশ নিতে সবচেয়ে বেশি ভুলে যায়।
● আগস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি। অর্থাৎ বিশ্বে আগস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়।
● যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না।
● অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যবহার করা হয়।
● পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়। অর্থাৎ কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে সেটি খাবার গিলতে পারবে না।
● মেয়েদের হার্ট ছেলেদের হার্টের চেয়ে দ্রুত স্পন্দিত হয়।
● শুধু হৃৎপিণ্ডই নয়, মেয়েরা ছেলেদের চেয়ে এমনকি চোখের পাতাও দ্রুত ফেলে!! (প্রায় দিগুন দ্রুত)
● প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো। কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির সল্পতা ছিলো না।
● অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটির ব্যাসার্ধ ৩ মাইল!!

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও ব্যর্থ, দাবি যুক্তরাষ্ট্রের

চলতি মাসে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিন্তু উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ড'র মুখপাত্র ডেভ বেনহাম জানান, কমিউনিস্ট দেশটি স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৩০মিনিটে মধ্য পুচেং বিমানঘাঁটি থেকে যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা স্পষ্টতই ব্যর্থ হয়েছে। এছাড়া এ উৎক্ষেপণ লাতিন আমেরিকার দেশগুলোর জন্য হুমকি নয় বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, 'ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সীমান্তই অতিক্রম করেনি। '
প্রসঙ্গত, সম্প্রতি এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হল উত্তর কোরিয়া। এর আগে গত ১৬ এপ্রিল দেশটির উপকূলবর্তী শহর শিনপো শহরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ওই দিন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটেছিল বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা।
সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস

দুর্ঘটনায় মডেল সনিকা নিহত, অভিনেতা বিক্রম আহত


ভারতের রাসবিহারীর কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যের গাড়ি। গাড়িতে সেই সময় বিক্রমের সঙ্গে ছিলেন জনপ্রিয় মডেল সনিকা সিংহ চৌহান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সনিকাকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিক্রম।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টায় লেক মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে আসছিল সাদা রঙের চার চাকার গাড়িটি। চালকের আসনে ছিলেন বিক্রম। তার পাশেই বসেছিলেন সনিকা। লেক মলের সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে গাড়িটি।

এরপরে সেটি একটি দোকানে ধাক্কা মেরে ছিটকে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এরপরেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দরজা খুলে কোনওমতে বিক্রমদের উদ্ধার করা হয়। দুইজনকেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  
চিকিৎসকরা জানান, মাথাসহ দেহের বিভিন্ন জায়গা থেকে মারাত্মক রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে সনিকার। প্রথমিক চিকিৎসার পর বিক্রমকে ছেড়ে দেওয়া হলেও ফের তিনি অসুস্থ বোধ করায় আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ বিক্রম। বেশ কয়েকটি বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাকে। অন্য দিকে সনিকাও মডেল দুনিয়ায় যথেষ্ট পরিচিত। ২০১০ সালে সানন্দা তিলোত্তমার সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন তিনি। ২০১৩-তে মিস ডিভার প্রথম ১৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই প্রতিযোগিতাতেই মিস পপুলার বিভাগে জয়ী হয়েছিলেন তিনি। পাশাপাশি প্রো কাবাডি লিগের উপস্থাপক হিসাবেও দেখা গিয়েছিল তাকে।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates