Social Icons

Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Saturday, March 30, 2019

আরও শক্তিশালী হলো বাংলাদেশি পাসপোর্ট

শক্তিশালী পাসপোর্টের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান এখন ৯৭তম। বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে ৪১টি দেশ। খবর সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ সংস্থা স্টেইটটাইসের।
মার্কিন সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স ১৯৯টি দেশের তথ্যের ভিত্তিতে সূচকটি তৈরি করেছে। তালিকায় সবার উপরে রয়েছে সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়া। বিশ্বে ভিসামুক্ত চলাচল বিষয়ক স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর পাসপোর্ট সূচক প্রকাশ করা হয়।
তালিকায় শীর্ষে থাকা এশিয়ার তিন দেশ ভিসা ছাড়াই কিংবা অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে ১৮৯টি গন্তব্যে যেতে পারবে।
২০১৮ সালের বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ে ১০০ তম অবস্থানে ছিল বাংলাদেশ। সে বছরের মার্চে প্রকাশিত ওই তালিকায় একধাপ পতন হয়ে জাপানের কাছে শীর্ষস্থান হারায় সিঙ্গাপুর। এ বছরের মার্চে প্রকাশিত নতুন শীর্ষস্থান ফিরে পেল সিঙ্গাপুর।
১৮৮ টি দেশ বিনা ভিসায় ভ্রমণের সুবিধা নিয়ে সূচকের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানির পাসপোর্ট। এর আগে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল দেশটি। তবে ফান্স একধাপ পিছিয়ে তৃতীয় স্থানে চলে গেছে। ফান্সের সঙ্গে সমান ১৮৭ স্কোর করে তৃতীয় স্থানে আছে ডেনমার্ক, ফিনলান্ড, ইতালি ও সুইডেন।
যৌথভাবে তালিকার চতুর্থ স্থানে লুক্সেমবার্গ ও স্পেন। যুক্তরাজ্যের অবস্থান পঞ্চম। ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালের পর দেশ দুটি কখনোই শীর্ষস্থানে যেতে পারেনি।

রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় নারী পাচারকারী চক্র

রোহিঙ্গা ক্যাম্প গুলোতে নারী পাচারকারী চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব পাচারকারীর সঙ্গে সখ্যতা রয়েছে রোহিঙ্গা পাচারকারী চক্রের। ক্যাম্পে নিরাপদ আশ্রয়ে অবস্থান করে বিদেশে পাঠানোর নামে যুবতী নারী সংগ্রহ করছে চক্র গুলো। পরে নিষিদ্ধ পল্লীতে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া খবর পাওয়া গেছে। এসব নারী পাচারকারীদের খপ্পর থেকে ঢাকা খিলগাঁও থানার পুলিশ চারজন রোহিঙ্গা নারীকে উদ্ধার করে শনিবার সকালে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
শনিবার নারী পাচারকারীদের কবল থেকে রক্ষা পায় কুতুপালং ক্যাম্পের শামশুল আলমের মেয়ে হামিদা বেগম (২২), বালুখালী ক্যাম্পের কলিমুল্লাহর মেয়ে রুমা আকতার (১৬), একই ক্যাম্পের মো. তৈয়বের মেয়ে শামশুন নাহার (১৬) ও আব্দুর রহিমের মেয়ে বুজোয়া আকতার (১৫)।
উখিয়া থানা পুলিশে হস্তান্তরের সময় রুমা আকতার জানান, তাদের দুঃসম্পর্কের আত্মীয় অলি উল্লাহর মাধ্যমে অচেনা দুইজন পাচারকারীর সঙ্গে তাদের সরাসরি কথা হয়। ওই পাচারকারীরা বিনা পয়সায় পাসপোর্ট ভিসা ও বিমান ভাড়া দিয়ে মালয়েশিয়া পাঠানোর লোভ দেখায়। তাদের কথা মতো চলতি মাসের প্রথম দিকে রোহিঙ্গা দালাল অলি উল্লাহর সঙ্গে ওই দুই পাচারকারীসহ তারা ক্যাম্প ত্যাগ করেন।
কক্সবাজার লিংক রোড যাওয়ার পর শহরমূখী গাড়ি পাল্টানোর সময় অলি উল্লাহ উধাও হয়ে যান। এ সময় সন্দেহ হয় রুমা আকতারের। সঙ্গে থাকা দুই দালালের কাছে জানতে চান অলি উল্লাহ কোথায়? জবাবে দালাল চক্র বলেন, তিনি পেছনের গাড়িতে করে আসছেন। ওই দিন রাত ৮টার দিকে তারা চট্টগ্রামে পৌঁছে একটি হোটেলে রাত যাপন করেন। পরদিন ভোরে তাদের নিয়ে ঢাকায় রওনা দেওয়া হয়। বিকেল ৪টার দিকে ঢাকায় পৌঁছে তাদের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারী পুলিশ অফিসার খিলগাঁও থানা ডিএমপি’র উপ-পরিদর্শক মো. জুয়েল মিয়া জানান, বিশ্বস্ত খবরের ভিত্তিতে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত বাড়ি থেকে চার নারীকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্র পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, উদ্ধারকৃত চার রোহিঙ্গা নারীকে ক্যাম্প ইনচার্জের নিকট হস্তান্তর করার জন্য নিদেশ দেওয়া হয়েছে।

Wednesday, March 27, 2019

আমেরিকায় পড়তে যাওয়া বাংলাদেশিরা সুপারস্টার: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘আমি বার বার বলতে চাই, যেসব বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে গিয়েছে তারা সবাই সুপারস্টার।’ বুধবার দুপুরে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান কর্নার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকান কর্নার বাংলাদেশের সিভিল সোসাইটির সঙ্গে আমেরিকার ডেমোক্রেসি শেয়ার করে। পুরো বিশ্বে চার হাজার আমেরিকান কর্নার রয়েছে। বাংলাদেশেও রয়েছে আমেরিকান অ্যাম্বেসি কর্নার, অনলাইন গবেষণা।’
তিনি আরো বলেন, ‘যদি কোনো শিক্ষার্থী চায় আমেরিকায় স্টাডি করতে, তাহলে সে এখানে এসে জানতে পারবে আমেরিকার অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার প্রসেসগুলো। একাডেমিক সিরিয়াসনেস যারা আমেরিকান সব কলেজেই এপ্লাই করতে পারে। তারা একাডেমিক এবং সোশাল স্টার। ২০১৮ সালে ৭ হাজার ৪৯৬ জন বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য গিয়েছে।’
আর্ল রবার্ট মিলার বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্নার রয়েছে। শিক্ষানগরী এবং ঐতিহ্যবাহী রাজশাহীতেও এটি চালু হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজে পাবে। শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য এ কর্নার শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকর হবে। এটি সব শ্রেণি পেশার মানুষেরই কাজে লাগবে। কীভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে, তা এখান থেকে জানা যাবে।’
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীরা খুবই মেধাবী ও ভালো। এ কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বেশি পরিমাণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে। আগামীতে এ ধারা আরো বৃদ্ধি করা হবে।’

খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‌‘নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জে নির্মিত অত্যাধুনিক কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।’
আজ বুধবার বিকেলে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহারে) সদ্ধর্ম দেশনাসহ বিদর্শন ভাবনা অনুশীলন এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাজিম উদ্দিন রোডের কারাগারটি অনেক পুরোনো এবং ঝুকিপূর্ণ। এটিকে আমরা জাদুঘর হিসেবে রুপান্তরের কাজ হাতে নিয়েছি। খুব শিগগিরই জাদুঘরের কাজ শুরু করা হবে। যে কারণে কারাবন্দি হিসেবে বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তরের কোনো বিকল্প নেই।’ তবে কবে নাগাদ বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা প্রক্রিয়া শুরু করেছি, শিগগির এই সিদ্ধান্তের বাস্তবায়ন করা হবে।’
এছাড়া শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো হচ্ছে এমন গুঞ্জনের ভিত্তি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির তরফ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাব সরকারের কাছে আসেনি। তাছাড়া বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তাকে প্যারোলে মুক্তি পেতে হলে আদালতের মাধ্যমেই তা করতে হবে।’ একই সঙ্গে বিএনপি রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করেছিলো বলেই জনগণ তাদের প্রত্যাখান করেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রমুখ।

Thursday, March 21, 2019

বুড়িমারীতে কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে একটি বাস কাউন্টারে এক ভারতগামী নারী যাত্রীকে তিন দিন ধরে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। 
এ ঘটনার অভিযোগে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।
 
পুলিশ জানায়, তিন দিন আগে ভারতের উদ্দেশ্যে শেরপুর থেকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আসে ওই নারী। এরপর ইমিগ্রেশনে তার কাগজপত্র প্রস্তুত করে দেয়ার কথা বলে ওই কাউন্টারের একটি কক্ষে তাকে আটকে রাখা হয়। এরপর রাতে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে বুড়িমারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, স্থানীয় নুরন্নবী (২৮) ও আনছারুল ইসলাম ওরফে ভোম্বল (৩০)। 
সেখানে টানা তিন দিন গণধর্ষণের শিকার হন ওই নারী। বৃস্পতিবার সকালে খবর পেয়ে পাটগ্রাম থানা পুুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর আলী ঘটনার বলেন, এ ঘটনায় রেজাউল ইসলামকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tuesday, March 19, 2019

বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে ১৯০৯ ডলার

বাংলাদেশে মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন (২০১৮-২০১৯ অর্থবছর) ১ হাজার ৯০৯ ডলার। এটি গত বছরে ছিল ১ হাজার ৭৫১ ডলার। আর এতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। গত বছর এ প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।
দেশের বর্তমান আর্থিক অবস্থার বিবেচনা করেই হাতে চার মাস বাকি রেখেই মাথাপিছু আয়ের তথ্য দেওয়া হয় সভায়।
মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। বৈঠকে দেশের সমগ্র প্রকল্পগুলোর বরাদ্দ চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) শামসুল আলম ও পরিকল্পনাসচিব নুরুল আমিন উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সবখাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স- সব কিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে। প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে।
গত বছর কৃষিতে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১৯ শতাংশ, বর্তমানে তা হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। তবে শিল্পখাতে প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ১৩ দশমিক ০২ শতাংশ, গত বছর একই সময়ে ছিল ১২ দশমিক ৬০ শতাংশ। সেবাখাতে প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ, গত বছর একই সময়ে ছিল ৬ দশমিক ৩৯ শতাংশ।
মন্ত্রী বলেন, কৃষিতে প্রবৃদ্ধি কমলেও বেড়েছে সেবা ও শিল্প খাতে। ফলে মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। হাতে চার মাস বাকি থাকলেও সামগ্রিক আর্থিক চিত্র দেখা বলা হচ্ছে বছর শেষে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়বে। আমরা যে ফিগার দিলাম বছর শেষে আরও বেশিও হতে পারে।
বেসরকারি খাতকে প্রবৃদ্ধির ‘ইঞ্জিন’ উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ সম্প্রসারণে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে, যাতে বিনিয়োগকারীরা অধিকতর বিনিয়োগে উৎসাহী হন। তিনি জানান, চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়াবে ১ হাজার ৯০৯ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার।

Monday, March 18, 2019

পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা

ঢাকাই ছবির নবাগতা চিত্রনায়িকা রাকা বিশ্বাস। কিছুদিন আগেই একটি ছবি মুক্তি হয়েছে। চুক্তিবদ্ধ রয়েছেন আরো কয়েকটি ছবিতে। নতুন ছবির কাজ নয় রাকা আলোচনায় এলেন ভিন্ন কারণে। শাহীন নামের এক ব্যক্তিকে ভালোবাসতেন। সেই ব্যক্তির স্ত্রী-কন্যা দ্বারা মারধরের শিকার হয়েছেন বলে নিজেই জানিয়েছেন রাকা।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্যাতনের চিহ্ন সম্বলিত কয়েকটি ছবিসহ রাকা লিখেছেন, এইভাবে শাহীনের পরিবার ও তার বৌ।  শাহীনকে কয়েকদিন মোবাইলে পাইনি, খুঁজতে গিয়েছিলাম তাই ওরা মেরে আমার এই হাল করেছে। শাহীনের বড় মেয়ে আমাকে বটি দিয়ে মারতে এসেছিল।
রাকার ফেসবুক পোস্ট থেকে জানা যায় শাহীন নামের ওই ব্যক্তির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান। শাহীন তার অশান্তির কারণে পরিবার থেকে সরে আসবেন এমন শর্তেই নাকি রাকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গতকাল রাতে ফেসবুকে রাকা বিস্তারিত লিখেছেন।
রাকা ফেসবুকে লিখেছেন, আমার আব্বু নেই, তাই আমি পুলিশের কাছে না গিয়ে ফেসবুকেই আপনাদের জানিয়ে দিলাম। ভালোবেসে এই প্রতিদান পেলাম সত্যি আজ যা হয়েছে শাহীনের প্ল্যানিং-এ হয়েছে। আমাকে সিড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অর্ধেক গিয়ে আটকে না গেলে আমি মারা যেতাম হয়তো।
শাহীন এক বছর আগে আমার পেছনে ঘুরে ঘুরে বিয়ে করার প্রমিজ করে আমাকে কনভিন্স করেছে। নিজের বৌ-মেয়ে সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। বলেছে সে সুখী নয়, মায়া হয়েছিল তাই ভালোবেসেছিলাম এটাই আমার অপরাধ?
রাকা বিশ্বাস শাহীন নামের ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত লিখেননি। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

Sunday, March 17, 2019

খাদ্যমন্ত্রীর জামাতা ডা. রাজনের অপমৃত্যু মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সহকারী অধ্যাপক রাজন কর্মকার মারা গেছেন।
মুমূর্ষু অবস্থায় তাকে শনিবার দিবাগত রাত ৪টার দিকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামাতা। তবে রাজনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তার পরিবারের সদস্যরা।
ডা. রাজনের মামা সুজন কর্মকার সাংবাদিকদের বলেন, তার ভাগ্নের স্বাভাবিক মৃত্যু হয়নি। এজন্য সুষ্ঠু তদন্ত দাবি করছি। পরিবারের এমন দাবির পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় থানায় অপমৃত্যু মামলা দায়েরসহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।
এর আগে ডা. রাজনের সহকর্মীদের কয়েকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাজনের শ্বশুরবাড়ির লোকজন ময়নাতদন্ত করতে চান না।
তাদের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ডা. রাজন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বড় মেয়ে কৃষ্ণা রানী মজুমদারের স্বামী। কৃষ্ণা রানী বিএসএমএমইউ’র জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। রাজনের বাবা সুনীল চন্দ্র কর্মকার ও মা খুকু রানী কর্মকার। গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার কর্মকার বাড়ি।
রাজনের পরিবার ও সহকর্মীরা যুগান্তরকে জানান, তিন বছর আগে পারিবারিকভাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা রানী মজুমদারের সঙ্গে রাজনের বিয়ে হয়। তারা ফার্মগেটের ইন্দিরা রোডের একটি ফ্ল্যাটে থাকতেন।
শনিবার রাত ১২টার দিকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস শেষে বাসায় ফেরেন। রাত পৌনে ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
রাজনের সহকর্মী বিএসএমএমইউ’র সহকারী প্রক্টর ও নিউরোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসান হাবীব যুগান্তরকে বলেন, ‘এক বছর আগে রাজনকে গুরুতর অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আমি গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। আমি দ্রুত বিএসএমএমইউ’র একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ফোন করে অন্য একটি হাসপাতালে নিয়ে যাই। দ্রুততম সময়ের মধ্যে তাকে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসককে না দেখালে তখন তাকে বাঁচানো যেত না। তখন তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখেছি। ওই সময় তার স্ত্রী কৃষ্ণাকে আমি বারবার বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু তিনি কোনো উত্তর দেননি।’
রাজনের সহকর্মী বিএসএমএমইউ’র নিউরোলোজি বিভাগের চিকিৎসক শাহ নেওয়াজ বারী বলেন, ‘এর আগেও রাজনের সঙ্গে কয়েকটি ঘটনা ঘটেছিল। এ কারণে আমাদের সন্দেহ তৈরি হয়েছে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া যুগান্তরকে বলেন, রাজন আমার বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিশ্রুতিশীল শিক্ষক ছিল। সে অত্যন্ত বিনয়ী এবং নমনীয়। শনিবার সে সম্পূর্ণ সুস্থ ছিল এবং পেশাগত দায়িত্ব পালন করেছে। এ অবস্থায় তার মৃত্যু ঘটেছে। এ নিয়ে পরিবার এবং সহকর্মীরা মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের দাবি জানায়। সেক্ষেত্রে আমি তাদের দাবির পক্ষে মত দিয়েছি। কারণ ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।’
স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘রাত পৌনে ৪টার দিকে ডা. রাজনকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর লাইফের কোনো সাইন পাওয়া যায়নি। তার দেহে কোনো জখম ছিল না। তার হার্ট ব্লক হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এ বিষয়ে শেরেবাংলানগর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ যুগান্তরকে বলেন, চিকিৎসক রাজন কর্মকারের মৃত্যু নিয়ে তার পরিবার বলছে, ‘অস্বাভাবিক’ ঘটনা ঘটতে পারে। এ কারণে সন্দেহমূলকভাবে তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর ভিত্তিতে রাজনের লাশের ময়নাতদন্ত হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে, এটি স্বাভাবিক মৃত্যু, না অন্য কিছু। প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
এদিকে রাজনের স্ত্রী ডা. কৃষ্ণা রানী মজুমদারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

Saturday, March 16, 2019

ডাকসুতে নির্বাচিত হয়েও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাননি এই মেয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জানালেও গণভবনে যাননি সুফিয়া কামাল হল সংসদের সদস্য লামিয়া তানজিন তানহা। তবে শনিবার (১৬ মার্চ) প্রধামন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বেলা পৌনে ২টার দিকে ৪টি মিনিবাস আর ৬টি বাসে গণভবনে যান মোট ২৫৯ জন প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ফল কারচুপির অভিযোগে ডাকসুর ফল বাতিল চেয়েই গণভবণে যাননি তানহা। এই বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যখন কারচুপি হলো তখনই আমরা সবাই প্যানেল থেকে বর্জনের ঘোষণা দিয়েছি। তারপর ফলাফল ঘোষণার পর আবার যখন দেখলাম আমি জয়ী হয়েছি তখন আমি এই ফলাফল আর গ্রহণ করতে পারি না। কারণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি তার ভোট দিতে না পারে সেটাও ওই শিক্ষার্থীর সাথে বিশাল অন্যায়। সেজন্য আমি প্রথমে নির্বাচন বর্জন করেছি, পরে পদত্যাগ করেছি। তাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি যাইনি।
গত ১১ই মার্চের ডাকসু নির্বাচনে সুফিয়া কামাল হলে সদস্য পদে প্রগতিশীল ছাত্রজোটের প্যানেল থেকে নির্বাচন করেছেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী লামিয়া তানজিন তানহা। সামগ্রিকভাবে পরিস্থিতির উপর ভিত্তি করে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করলেও মোট ৮৪১ ভোট পেয়ে নিজের হল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত ১১ মার্চ দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচনে অংশ নেওয়া ছাত্রলীগের প্যানেল ছাড়া বাকি সব প্যানেল তা বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন বর্জন করলেও ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর এবং জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। ডাকসুর বাকি ২৫ পদের মধ্যে দুইটি পদে কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা এবং ২৩টি পদে ছাত্রলীগের প্যানেল থেকে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

আপনার মাঝে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই: প্রধানমন্ত্রীকে ভিপি নুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ‘ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।’
নুর আরও বলেন, ‘আমি আড়াই বছর বয়সে মাকে হারাই। ছোটবেলায় আমার একজন স্কুলশিক্ষিকার মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। আর একজনের মধ্যে আমি মাতৃত্বকে খুঁজে পেয়েছি। এখন আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মাঝে আমি মাতৃত্বের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি।’ তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান।
শনিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন নুর। গণভবনে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ সময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন নুর। এ সময় ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম বাব্বানী ও পরাজিত ভিপি প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রীর দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বক্তব্যে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও উন্নয়নকাজ বিশ্বে তাকে প্রশংসনীয় অবস্থানে নিয়েছে উল্লেখ করে ভিপি নুর ডাকসু কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এদিকে ডাকসু ভিপির বক্তব্য দেয়ার পর আমন্ত্রিত নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, এটা সবসময় বলেছি। ছাত্রছাত্রীরা যা চাইবে, তাই হবে। ভোট কে কত পেল, সেটা বড় নয়। যারা জয়লাভ করেছে সবার কিন্তু এই বিবেচনা রাখতে হবে কে ভোট দিল কে দিল না সেটা বিষয় নয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল ছাত্র সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদকরাও বক্তব্য রাখেন।
শনিবার দুপুর ২টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা। বিশ্ববিদ্যালয়ের ১১টি বাসে তারা গণভবনে পৌঁছান।
সবার শেষে বিকাল ৩টার দিকে একটি প্রাইভেটকারে গণভবনে পৌঁছান ডাকসু ভিপি নুরুল হক নুর। ওই গাড়িতে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন।
প্রসঙ্গত, গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

Wednesday, March 13, 2019

শোভনের সঙ্গে সেই ঘটনা নিয়ে যা বললেন অরণি

সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে পরাজিত দুই ভিপি প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে স্বতন্ত্র জোটের অরণি সেমন্তি খানের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কুশল বিনিময়ের জন্য হাত বাড়ান রেজওয়ানুল হক শোভন। বাড়ানো হাত সৌজন্যবশত না ফেরালেও তার সঙ্গে একত্রে ছবি তুলতে রাজি হননি অরণি। 
এবার সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন অরণি সেমন্তি খান। তিনি বলেন, টিএসসিতে আমরা যখন নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো মিলে আলোচনা করছিলাম। তখন ছাত্রলীগের পক্ষ থেকে শোভন আসেন। এবং নুরের (ভিপি নুরুল হক) সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর আমার সঙ্গে কুশল বিনিময় করতে আসেন...।

Tuesday, March 12, 2019

মনোযোগ ভিন্নখাতে নিতেই নুরকে ভিপি বানানো হয়েছে: ছাত্রদল

মনোযোগ ভিন্নখাতে নিতেই কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরকে ভিপি বানানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার ডাকসু নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এ অভিযোগ করেন তারা।
নির্বাচনে কারচুপির অভিযোগে ডাকা ধর্মঘটের সমর্থনে সকালে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি তোলেন।
এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল পূর্বপরিকল্পিত। ১০ মার্চ রাতেই আসলে নির্বাচন হয়ে গেছে। নির্বাচনে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশিত ফলাফল ঘোষণা করা হয়েছে।

ভিপি নুরসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলাকালে রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদাকে লাঞ্ছিত করার মামলায় ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুরসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলাটির এজাহার গ্রহণ করে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আগামী ১৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের এ নির্দেশ দেন।
শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল ডাকসু ভোটের দিন সোমবার রাতে ঢাবি বিশ্ববিদ্যালয়ের মারজুকা রায়না নামের এক শিক্ষার্থী শাহবাগ থানায় নুরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 
এতে নুর ছাড়াও ছাত্র ইউনিয়নের সভাপতি ও বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, জিএস প্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর ও রোকেয়া হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

Friday, March 8, 2019

পাকশী রেললাইনের ওপর থেকে যুবকের লাশ উদ্ধার

ঈশ্বরদী-খুলনা রেল লাইনের পাকশী স্টেশনের জোড়া সিগন্যালের কাছ থেকে শুকুর আলী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুকুর আলী রাজশাহী জেলার রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রেললাইনের পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ‘যাত্রীবাহী কোন ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন। রেলপুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি হচ্ছে। তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।
কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামি’কে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।
ডা. রিজভী জানান, ‘ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরো ভাল আছেন। দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোন ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র কাজ করছে।’
এর আগে শুক্রবার ওবায়দুল কাদেরের চিকিৎসার অগ্রগতি জানিয়ে ব্রিফ করেন ডা. সামি। এ সময় তার সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী উপস্থিত ছিলেন। পরে ডা. সামির বক্তব্য সকলকে অবহিত করেন ডা. রিজভী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির। বাসস।

Thursday, March 7, 2019

বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চনের ব্যাগ স্ক্যানিংয়ের ভিডিও প্রকাশ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লাইসেন্স করা পিস্তল ও গুলি বহনের ঘটনায় হইচই শুরু হয়।
কাঞ্চন চট্টগ্রাম যাওয়ার পথে নিজের ৯ এমএম পিস্তল ১০ রাউন্ড গুলি নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে ঢুকে পড়েন। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলছেন, স্ক্যানিং মেশিনে তার পিস্তল ও গুলি ধরা পড়েনি। তিনি নিজেই বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছেন। 
অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান মন্ত্রণালয় বলছে, স্ক্যানিংয়েই ধরা পড়েছে ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি। একে অপরকে যখন দোষারোপ চলছে, ঠিক তখন সেদিনের স্ক্যানিংয়ের ভিডিও প্রকাশ হয়েছে।
ইলিয়াস কাঞ্চন নভোএয়ারের একটি আভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে পিস্তলের ব্যাগসহ বিনা বাধায় স্ক্যানিং মেশিন পার হন তিনি।
এরপর নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে নিয়ে আসা পিস্তলও গুলি ভর্তি ব্যাগ স্ক্যানারে ধরা পড়েনি। পিস্তলটি সঙ্গে নিয়ে চট্টগ্রামে যেতে চান বলে কর্মকর্তাদের জানান তিনি। তবে বিমান মন্ত্রণালয় বলছে, ইলিয়াস কাঞ্চন অসত্য কথা বলেছেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত ৫ মার্চ ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে ধরা না পড়ার প্রসঙ্গে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন, ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি বাসায় রেখে আসতে ভুলে যাই।
এরই মধ্যে বিমানবন্দরের প্রবেশ গেটে ব্যাগটি তল্লাশি করা হয়। নভোএয়ারের বোর্ডিং কাউন্টারে এসে ব্যাগে থাকা পিস্তলের কথা মনে পড়ে। স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় আমি অবাক হই। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করি। তাৎক্ষণিক শাহজালাল কর্তৃপক্ষ আমার কাছে দুঃখ প্রকাশ করে।

Monday, March 4, 2019

গাজীপুরে ব্যবসায়ী খুনের প্রধান আসামি রুনা গ্রেফতার

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকার ব্যবসায়ী সবুজ পাঠান হত্যা মামলার প্রধান নারী আসামী রুনা আক্তারকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুরের হরিনাচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত রুনা আক্তার গাজীপুর সিটি কর্পোরেশনের বারেন্ডা গ্রামের সাত্তার মিয়ার স্ত্রী।
নিহত সবুজ পাঠানের স্ত্রী বাপ্পি আক্তার জানান, গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকার দুলাল মেম্বারের মেয়ে রুনা আক্তার ঢাকার তুরাগ থানা এলাকার আহালিয়া এলাকার ১০৯৮ বাসায় থাকেন। গত বছরের ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সবুজ পাঠানের মোবাইলে ফোন করে তাকে বাসায় ডেকে নেয়। পরদিন ৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে রায়হান নামে একজন তাদের জানান, সবুজ গুরুতর অসুস্থ।
তিনি জানান, কোনাবাড়ী এলাকার দুলাল মেম্বারের মেয়ে রুনা আক্তার, আরাফাত, মফিজ উদ্দিন, সিয়াম ও আব্দুল সাত্তার নামের কয়েকজন মিলে সবুজ পাঠানের লাশ বড় বোন শাহিদার উত্তরার বাসা নিয়ে আসে। রুনাসহ তার স্বজনরা মিলে ৩০ আগস্ট রাতে পরিকল্পিকভাবে তাকে হত্যা করে।
এ ঘটনায় সবুজ পাঠানের স্ত্রী বাপ্পি আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত ) দুলাল মিয়া জানান, ওই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মির্জা ফখরুলের বিরুদ্ধে ৫ নেতার বিদ্রোহ

বিএনপির নেতারা এবার আনুষ্ঠানিকভাবেই মির্জা ফখরুল ইসলামকে সরকারের এজেন্ট বলছেন। বিএনপির একাধিক নেতা আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জবাবদিহিতার আওতায় আনেন। তারা জানতে চান যে, নাজিমুদ্দীন রোডের বিশেষ কারাগারে কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বললেন? যেখানে সরকারের নির্দেশনা ছাড়া একটা মাছিও ঢুকতে পারে না, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিভাবে অনুমতি দেওয়া হলো!
বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ ৫ নেতা এখন সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলেছেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বিএনপির মহাসচিব থাকেন, তাহলে তারা বিএনপি করবেন কি করবেন না তা তাঁরা চিন্তা করে দেখবেন। এই নেতাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা মনে করছেন যে, বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের পরে বিএনপিকে নিষ্ক্রিয় রাখা, খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাওয়া, দলকে প্রস্তুত না করে নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে ভরাডুবির পরও কোন রকম আন্দোলন সংগ্রামের কর্মসূচী গ্রহণ না করা ইত্যাদি সবই মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন সরকারকে খুশি করার জন্য। ওই নেতারা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এতগুলো মামলা, তারপরও তাকে পুলিশ গ্রেপ্তার করে না কেন! মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এই বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৪ এবং ২০১৫ সালে যখন বিএনপি লাগাতার আন্দোলন শুরু করেছিল। লাগাতার অবরোধ দিয়ে সরকার পতনের আন্দোলন শুরু করেছিল, সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সরকারের গোপন যোগাযোগ হয়েছিল বলে বিএনপির নেতারা দাবি করছেন। তারা মনে করছেন যে, বিএনপিকে ধ্বংস করার জন্য ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার ব্যবহার করছেন। তাদের ভুল নির্দেশনার কারণে বিএনপির আজ এই দু:অবস্থা। ওই নেতা মনে করছেন যে, বিএনপিকে নির্লিপ্ত রেখে সরকারকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার নানা রকম পৃষ্টপোষকতা করছে ও সুযোগ সুবিধা দিচ্ছে। তার একটি বড় উদাহরণ হলো, বিশেষ আদালতে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক করতে দেওয়া। তারা মনে করেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা কেন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন? যদি বেগম খালেদা জিয়ার কোন রাজনৈতিক নির্দেশনা থাকে বা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যও যদি কোন আলোচনার প্রয়োজন হয়, সেটা দলের স্থায়ী কমিটির সদস্যদের দিবে। দলের একজন সিনিয়র নেতা বলেছেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছিলেন শনিবার এবং শুক্রবার। তখনও তিনি বলেননি যে, বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি কারাগারে দেখা করবেন। একজন নেতা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কারাগারে বিশেষ আদালতে যাচ্ছিলেন, তখনও তিনি বলেননি যে কোথায় যাচ্ছেন। স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার কাছে বিএনপির নেতৃবৃন্দ যাবে এবং কি করণীয় ইত্যাদি নিয়ে আলোচনা করবেন। কিন্তু সে ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সম্মিলিত সদস্যদের সিদ্ধান্তকে উপেক্ষা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন একা দেখা করলেন? সকলেই মনে করছেন যে, সরকার বেগম খালেদা জিয়াকে এখন রাজনীতি থেকে চিরতরে অপসারনের জন্য একটি নীল নকশা প্রণয়ন করেছেন এবং সেই নীল নকশার অংশিদার হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেজন্যই তিনি গোপনে দেখা করছেন এবং এই নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছেন। বিএনপির একাধিক সূত্র বলছে, এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি যথাযথ এবং যুক্তিসংগত জবাব দিতে না পারেন, তাহলে বেগম খালেদা জিয়াকে ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
সূত্র: বাংলা ইনসাইডার 

খালেদার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ৬ মার্চ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
তিনি বলেন, রবিবার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এসে খালেদা জিয়া বলেছেন, আমার শরীরটা ভালো যাচ্ছে না। খুবই অসুস্থ আমি। চিকিৎসকরা দরকারি চিকিৎসা সেবা দিচ্ছেন না।
রিজভী বলেন, দেশবাসীর প্রাণপ্রিয় নেত্রী নিজের মুখে এই প্রথম এমন ভয়াবহ অসুস্থতার কথা বললেন। তার স্বাস্থ্যের চরম ক্রমঅবনতিতে দেশবাসীর মতো আমরা খুবই উদ্বিগ্ন। এক পয়সাও হেরফের না হলেও দুই কোটি টাকার সাজানো মিথ্যা মামলায় এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি রেখে আর কত প্রতিহিংসার জ্বা লা মেটানো হবে?
রিজভী বলেন, বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে চাননি, শুধু চেয়েছেন বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল ও ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা নিতে। অথচ সেই সুযোগটুকুও তাকে দেয়া হয়নি।

ফেসবুকে গুজব; নওশাবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম দিদার হোসাইন নতুন দিন ধার্য করেন।
নিরাপদ সড়ক নিয়ে শিক্ষার্থীদের গণআন্দোলনের সময় গত ৪ আগস্ট কাজী নওশাবা নিজের ফেসবুক থেকে অত্যন্ত আবেগি কণ্ঠে লাইভ ভিডিও সম্প্রচার করে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার তথ্য ছড়িয়ে দেন যা গুজব বলে জানা যায়। এ ঘটনায় ৫ আগস্ট র‌্যাব-১ এর কর্মকর্তা আমিরুল ইসলাম ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates