Social Icons

Saturday, December 22, 2018

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

বিএনপিকে দুর্নীতিবাজ ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান নেতৃত্বে দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সম্ভব হলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে পাঠানো হবে।
শনিবার বিকাল ৪টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আবারও ক্ষমতায় গেলে আগামী ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আওয়ামী সরকার ক্ষমতায় এলে উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়, আওয়ামী লীগ জনগণের সেবা করে।
এ সময় ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সন্ত্রাস ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এর আগে, শনিবার সকাল পৌনে ১১টার দিকে প্লেনে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে সরাসরি হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে যান। এরপর যান হজরত শাহপরান (র.) এর মাজারে। সেখান থেকে তিনি সিলেট সার্কিট হাউজে যান। এরপর সেখানে বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন শেখ হাসিনা। 

স্বাধীনতার পথে পূর্ব এশিয়ার ফিলিস্তিন ‘বাংসামোরো’

২০১৯ এর জানুয়ারি থেকে বিশ্ব মানচিত্রে নতুন মুসলিম দেশ হিসেবে স্থান পাবে ‘বাংসামোরো’। এটি ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের অন্তর্ভূক্ত। ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত মুসলিম জনপদ বাংসামোরো। মোরো সংক্ষিপ্ত নামে পরিচিত নতুন দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ৫৬ লাখ।
বাংসামোরো পূর্ব এশিয়ার ফিলিস্তিন নামে সমধিক পরিচিত। লাখো মানুষ জীবনদানের মাধ্যমে দীর্ঘ ৫০ বছরের স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়েছে মোরো জাতি। মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়া বাংসামোরো’র দিকে নজর দেয়নি ফিলিপাইন সরকার। যে কারণে বাংসামোরো জনপদটি একেবারেই অনুন্নত।
ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে আনুষ্ঠানিকভাবে ‘বাংসামোরো’কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন।খনিজসম্পদে সমৃদ্ধ বাংসামোরো নতুন মুসলিম জনপদের প্রধান হচ্ছে ড. মুরাদ ইবরাহিম। তরুণদের নিয়ে গঠিত হবে দেশটির প্রতিরক্ষা বিভাগ। নতুন বছরে বুঝা যাবে কোন দিকে মোড় নেয় স্বাধীনতাকামী মুসলিম জনপদ বাংসামোরো’র ভবিষ্যত।

কথা রাখলেন ইমরান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভবন এখন বিশ্ববিদ্যালয়

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভবনকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একটি ভবন হিসেবে রূপান্তর করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। 
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন জানায়, শুক্রবার প্রধানমন্ত্রীর ভবনকে ইসলামাবাদ ন্যাশনাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হয়।
রূপান্তরের এই ঘোষণা দেয়া হয় ‘ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর পাকিস্তান’ শীর্ষক সেমিনারে।
রূপান্তর সম্পর্কে শিক্ষা ও পেশাদার প্রশিক্ষণ মন্ত্রী শাফকাত মাহমুদ বলেন, পুরনো প্রধানমন্ত্রী ভবনে গবেষণা সংক্রান্ত উচ্চতর শিক্ষার একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলো।
ইমরান খান তার নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর ভবনকে দেশের একটি আর্ট ইউনিভার্সিটি হিসেবে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করলেন তিনি।
ভবন রূপান্তরের সময় দেয়া বক্তব্যে ইমরান বলেন, প্রধানমন্ত্রীর ভবনে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য হলো সরকার ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে আনা।
দেশের উন্নয়নের স্বার্থে এসময় তিনি মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তার শাসনামলে সব মিলিয়ে শিক্ষার মান বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ভবনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ভাইস-চ্যান্সেলর নির্বচন করার জন্য অক্টোবরে আলাদা আলাদা কমিটি গঠন করেন ইমরান। এছাড়া তিনি এখানে উচ্চতর শিক্ষা বিষয়ক অনুষদ স্থাপনেরও অনুমোদন দেন।

Thursday, December 20, 2018

ইসলামের নির্দেশনা মিলে গেল গবেষণায়

সুস্থ সুন্দর ও নিরাপদ জীবন লাভে রাতে দেরি না করে ঘুমিয়ে পড়া এবং ভোরে তাড়াতাড়ি জেগে ওঠার কোনো বিকল্প নেই। ইসলামের বিধানও তাই। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন।
সম্প্রতি যুক্তরাজ্যের একদল চিকিৎসকের গবেষণায় সুস্থ থাকতে রাতে জলদি ঘুমাতে যাওয়া এবং সকালে তাড়াতাড়ি ওঠার বিষয়টি ফুটে উঠেছে। যারা দেরিতে ঘুমাবে এবং দেরিতে ঘুম থেকে উঠবে এদের শারীরিক ও মানসিক ক্ষতি যেমন বেশি তেমনি মৃত্যুর ঝুঁকিও কয়েকগুণ বেশি।
স্বাভাবিক ভাবে রাত জাগা আর দেরিতে ঘুম থেকে ওঠা সমাজে বদঅভ্যাস হিসেবে বিবেচিত এবং এর ক্ষতিকর দিকটি কেউ ভেবে দেখেনি। এ বিষয়ে যুক্তরাজ্যের একদল চিকিৎসকের গবেষণায় বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে ওঠেছে।
গবেষক দল ৩৮ থেকে ৭৩ বছর বয়সী ৪ লাখ ৩৩ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে এ জরিপ করেছে। চিকিৎসকদের গবেষণায় যা ওঠে এসেছে। যুক্তরাজ্যের ফ্যাকাল্টি অব মেডিসিনের চিকিৎসক ডা. পিরেঞ্জ লেভি গবেষণার বিষয়টি এভাবে তুলে ধরেন-
– ‘আমরা দেখেছি যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তারা নানা ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভোগেন। তাদের গড় আয়ু নিয়মিত সকালে ওঠা মানুষের চেয়ে সাড়ে ৬ বছর কম।
– যারা দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। আর যাদের দেহ ঘড়ি অনিয়মে চলে তাদের এ ঝুঁকি বাড়তেই থাকে।
প্রবাদ আছে
‘তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া আর সকাল সকাল ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য, সম্পদ আর জ্ঞানের পূর্বশর্ত।’ এবার এ প্রবাদের পক্ষেই প্রমাণ দিলেন যুক্তরাজ্যের একদল গবেষক। তাদের দাবি-
‘যারা নিয়মিত ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম।’
চিকিৎসক দল ৪ ধরনের মানুষের ওপর এ গবেষণা করে থাকেন। যারা নিয়মিত সকালে ওঠেন আর মাঝে মাঝে সকালে ওঠেন। আবার মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা নিয়মিত রাত জাগেন, এমন ৪ ধরনের মানুষের ওপর গবেষণা পরিচালনা করেন। তাদের গবেষণায় আরো এসেছে-
– রাত জাগার বদঅভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের ৯০ শতাংশই মানসিক রোগের শিকার।
– রাত জাগার বদঅভ্যাসে আক্রান্ত ৩০ শতংশ মানুষের ডায়াবেটিকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
– স্নায়ুবিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
চিকিৎসকদের পরামর্শ
মৃত্যু ঝুঁকি, ডায়াবেটিক, স্নায়ুরোগসহ যাবতীয় জটিল রোগ থেকে বাঁচতে সুস্থ জীবন যাপনের জন্য দেরি না করে নিয়ম মাফিক একই সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠা, ঘুমের সময় মোবাইল ও ল্যাপটপ ব্যবহার না করার মতো অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন এসব গবেষক চিকিৎসা বিজ্ঞানীরা।
আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সর্বকালে সর্বযুগের মহাবিজ্ঞানী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের জন্য এ উপদেশ দিয়েছেন এবং সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সূর্যোদয়ের আগেই ফজর আদায় করার বিধান নিয়ে এসেছেন।
দেরিতে হলেও চিকিৎসা বিজ্ঞান প্রিয়নবির নসিহতের পুনরাবৃত্তি করছে মাত্র। এতেই প্রমাণিত হয় যে ইসলামই একমাত্র পরিপূর্ণ বিজ্ঞানসম্মত সুন্দর জীবন ব্যবস্থা। যার প্রতিটি বিধান মানুষের জন্য উপকারি।
আল্লাহ তাআলা মানুষকে ইসলামের বিধানে আলোকে জীবন পরিচালনার এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস গঠন করার তাওফিক দান করুন। সুস্থ ও সুন্দর রোগমুক্ত জীবন উপভোগ করার তাওফিক দান করুন। আমিন।

অন্যের বিপদ দেখলে নিজের জন্য যে দোয়া করবেন

কুরআনে আল্লাহ তাআলা বলেন, ‘অতএব তারা এ ঘরের রবের ইবাদত করে, (ফলে) তিনি তাদেরকে ক্ষুধা থেকে বাঁচিয়ে আহার দেন এবং ভয় থেকে বাঁচিয়ে নিরাপদ রাখেন।’ (সুরা কুরাইশ ৩-৪)
আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য এবং কর্মের ফল হিসেবে বিপদ-আপদে পতিত করেন। এ সব অবস্থায় মহান আল্লাহর ইবাদত ও সাহায্য প্রার্থণা করা জরুরি।
যারা মহান আল্লাহর ইবাদত-বন্দেগি করবে তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং বিপদ-আপদ থেকে মুক্ত থাকবে। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রকম একটি দোয়া কথা তুলে ধরেছেন।
তিনি যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছে তখন তিনি তাদের বিপদ-আপদ থেকে মুক্তির জন্য এ দোয়া করতেন। হাদিসে এসেছে-
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ বিপদগ্রস্ত লোক দেখলে বলবে (এ দোয়া পড়বে)-
dowa
উচ্চারণ : ‘আলহামদু লিল্লাহিল্লাজি আফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদ্‌দালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা।’
অর্থ : সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদ দ্বারা পরীক্ষায় ফেলেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অনুগ্রহ করেছেন (ভালো রেখেছেন)। (তিরমিজি)
এ দোয়ায় বিপদের সম্মুখীন ব্যক্তির জন্য যেমন দোয়া করা হয়েছে, তেমনি অন্যের এ বিপদে যেন নিজেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন সে দোয়াও রয়েছে। হাদিসের এ দোয়াটি প্রত্যেকের জন্য খুবই জরুরি।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

ইসি সচিবের পদত্যাগ চাইলেন হিরো আলম

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের পদত্যাগ দাবি করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।
তিনি বলেছেন, ‘ইসি সচিব আমাকে ইনসাল্ট (অপমান) করে কথা বলে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেছেন। আমি অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব।’
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার এক সভায় হিরো আলম সম্পর্কে মন্তব্য করেন। ওই সভায় তিনি বলেন, হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়। সেও বলে যে ‘নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি।’
ইসি সচিব হেলালুদ্দীন আহমেদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার রাতে  হিরো আলম বলেন, ‘একজন সচিব এমপি প্রার্থীর সঙ্গে তুই-তোমারি করে কথা বলতে পারেন না। তিনি আমারে ইনসাল্ট (অপমান) করে কথা বলেছেন। আমি সচিবের কথার নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করছি।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সব মানুষই নির্বাচন করার অধিকার রাখে। আমি গরিব মানুষ বলে কি নির্বাচন করতে পারব না? সচিবরা হচ্ছেন রাষ্ট্রের চাকর। জনগণের টাকায় তাদের বেতন হয়। জনগণের সঙ্গে আদব নিয়ে কথা বলা দরকার।’
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন তা খারিজ করেন। ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ৯ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন হিরো আলমের আইনজীবী।
ওই রিট আবেদনের শুনানি নিয়েই আদালত তার মনোনয়নপত্র গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন। হিরো আলমের পক্ষে আদালতে শুনানি করেন মো. কাউছার আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর মনোনয়নপত্র দাখিলের সময় বিধান মতো হিরো আলমও জমা দেন। পরে কিছু স্বাক্ষর জালের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলমের আইনজীবী মো. কাউছার আলী সাংবাদিকদের বলেন, ‘হিরো আলমের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করে তার বৈধ মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন। তার মানে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ। তিনি নির্বাচন করতে পারবেন।’
আদেশের পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায়, তা প্রমাণ হলো। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণ হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।’
হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন। তা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

ঐক্যফ্রন্টের পোস্টারে খালেদা জিয়ার ছবি নয় : ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০ দলীয় জোটের প্রার্থীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি প্রচার কাজে ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ কথা জানিয়ে বিএনপিকে চিঠি দেয়া হয়েছে।
শরিক দলের প্রার্থীদের প্রচার কাজে খালেদা জিয়ার ছবি ব্যবহারের সিদ্ধান্ত চেয়ে গত ১৩ ডিসেম্বর বিএনপি ইসি সচিবকে চিঠি দিলে বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত জানায় কমিশন।
প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনে গণফোরাম, জেএসডি, এলডিপি ও নাগরিক ঐক্যসহ আরও বেশ কিছু দল নিয়ে নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতা করছে বিএনপি জোট।
বিএনপিকে দেয়া সিদ্ধান্তের চিঠিতে বলা হয়-গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি নিজের ছবি ও প্রতীকের পাশাপাশি দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।
কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করলে তাদের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবে না।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates