Social Icons

Tuesday, November 1, 2016

বিপিএলে রংপুর রাইডার্সে লিয়াম ডওসন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে রংপুর রাইডার্সে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ অল রাউন্ডার লিয়াম ডওসন। নিরাপত্তা ইস্যুতে পেশাদার ক্রিকেটার্স এসোসিয়েশনের (পিসিএ) সতর্কতা সত্তেও শেষ মুহূর্তে ডওসন বাংলাদেশে আসতে রাজি হয়েছেন।
 
এর আগে ইংল্যান্ডের ওয়ানডে দলের সাথে বাংলাদেশ সফরে আসলেও কোন ম্যাচ খেলতে পারেননি। পুরো বিপিএলেই হ্যাম্পশায়ারের এই অল রাউন্ডারকে রংপুর পাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। চলতি সপ্তাহের শেষে ডওসনের ঢাকায় আসার কথা রয়েছে।
 
নিরপাত্তাজনিত কারণে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে বেশ আলোচনা হলেও শেষ পর্যন্ত সব বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে চলতি মাসের শুরুতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসে ইংলিশ ক্রিকেট দল।
 
যদিও পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল বলেছিলেন ঘরোয়া লিগে হয়তবা বাংলাদেশের নিরাপত্তা সেই মানের থাকবে না, যে কারণে তিনি ইংলিশ ক্রিকেটারদের বিপিএল এ অংশগ্রহণের ব্যপারে সতর্ক করেছিলেন। কিন্তু ডওসন বলেছেন, আশা করছি দারুন একটি চ্যালেঞ্জ হবে। পুরো টুর্নামেন্টে বেশ কয়েকজন ভাল মানের বিদেশি খেলোয়াড় খেলছে। সে কারনেই সব দলের জন্যই প্রতিযোগিতাটা চ্যালেঞ্জিং হবে। আশা করছি দলের হয়ে ভাল কিছু পারফরমেন্স দেখাতে পারবো।
 
২০১৬ ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্টে হ্যাম্পশায়ারে ডওসন অধিনায়ক শহীদ আফ্রিদীর অধীনে খেলেছেন। এবারের আসরে রংপুরের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক বাংলাদেশি ব্যাটসম্যান জাভেদ ওমর। আগামী ৪ নভেম্বর বিপিএল এর পর্দা উঠবে, ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
 

বাফুফেকে এএফসির ২০ হাজার ডলার জরিমানা

এএফসি সলিডারিটি কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এএফসির ওয়েবসাইটে মঙ্গলবার ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে বাফুফেকে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
 
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে উঠতে ব্যর্থ হওয়া দলগুলোকে খেলার মধ্যে রাখতে সলিডারিটি কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। বুধবার সাত দল নিয়ে মালয়েশিয়ায় এ প্রতিযোগিতা মাঠে গড়াবে।
 
ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফ ম্যাচে খেলতে নামার আগে সলিডারিটি কাপে অংশ নেওয়ার জন্য নাম পাঠিয়েছিল বাফুফে। কিন্তু পরে সিদ্ধান্ত বদলান সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন। ভুটানের কাছে প্লে-অফের দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হেরে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাইপর্বে খেলার আশা গুঁড়িয়ে যায়। প্লে-অফের প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। থিম্পুতে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হারে মামুনুলরা।
 
নাম প্রত্যাহারের জন্য বাফুফে এএফসির ৬.৩.২ আর্টিকেল ভঙ্গ করেছে যার শাস্তি হিসেবে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। একই অপরাধ করা পাকিস্তানের বিরুদ্ধে ৬.৩.১ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হিসেবে তাদের ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
 
এই সিদ্ধান্ত বাফুফেকে জানানোর ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ বাফুফেকে শোধ করতে হবে। এএফসির নির্দেশনায় বাফুফেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে এই ধরণের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরো কঠোর শাস্তি দেয়া হবে।

বাড়ি ভাড়া করতে গিয়ে স্বামীর সামনে ধর্ষণের শিকার

স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি ভাড়া করতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। জানা যায়, ঘর ভাড়া করার উদ্দেশ্য ভারতের মুম্বাইয়ের একটি এলাকায় যায় তারা। এ সময় ধর্ষণের শিকার হন স্ত্রী।
 
এনডিটিভি জানায়, মুম্বাইয়ের একটি বাসায় ভাড়ার জন্য ফ্লাট দেখতে যায় এই দম্পতি। এ সময় তাদের ফ্লাট দেখানোর জন্য ৭ জন পুরুষ আসেন। ফ্লাটে ঐ দম্পতি প্রবেশ করলে ৩ জন স্বামীকে একটি রুমে আটকে রাখে অপর চারজন নারীটিকে নিয়ে অপর রুমে গিয়ে ধর্ষণ করে।
 
সোমবার এই ঘটনার পরপর ধর্ষণের সঙ্গে জড়িত ৭ জনকেই আটক করেছে মুম্বাই পুলিশ। এনডিটিভি ও সিএনএন।

ব্রিটেন সফরে কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ মঙ্গলবার ব্রিটেনে রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। কলম্বিয়ার প্রেসিডেন্টকে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রধানমন্ত্রী থেরেসা মে শুভেচ্ছা জানাবেন। এরপর তিনি বাকিংহাম প্যালেসে এক ভোজে অংশ নেবেন।
 
সফরের প্রথম দিন সান্তোষ বেশ কয়েকটি আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে-ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে চা চক্র ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক।
 
বুধবার সান্তোষ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি উত্তর আয়ারল্যান্ডের শান্তি প্রক্রিয়ায় ভূমিকা পালনকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার জন্য বৃহস্পতিবার বেলফাস্ট যাবেন।
 
সফরকালে তিনি উত্তর আয়ারল্যান্ডেও যাবেন। সোমবার সান্তোষ দ্য টাইমস পত্রিকায় এক নিবন্ধে লেখেন, উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা কলম্বিয়ায় আমার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অটুট রাখতে উৎসাহিত করবে।
 
উত্তর আয়ারল্যান্ডেও তিন দশক ধরে সংঘাত চলেছে। অঞ্চলটির ওপর ব্রিটিশ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ সহিংসতা হয়েছে। এতে সাড়ে তিন হাজারের মত মানুষ মারা গেছে। তবে ১৯৯৮ সালে গুড ফ্রাইডে চুক্তিতে এ সংঘাতের অবসান হয়। খবর: এএফপি।

পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলিতে কমপক্ষে ১৯ জন নিহত

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। কাশ্মীর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির মধ্যে গোলাগুলির ঘটনায় নিহতের ঘটনা ঘটে।
 
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কমপক্ষে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। সোমবার নাক্যাল সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এর আগে গত শুক্রবার ও শনিবার নাক্যাল ও পার্শ্ববর্তী টাট্টা পানি সেক্টরে ৬ জন নিহত ও ১০ জন আহত হয়।  
 
নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশের জম্মু ও কাশ্মীরের রামগড় সেক্টরে তিন নারী ও দুই শিশুসহ ৭ জন নিহত হয়েছে। ভারতের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এই খবর রয়টার্সকে নিশ্চিত করেছেন। এর আগে ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়ে ছিলেন, সোমবার রাজৌরি সেক্টরে একজন সেনা ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
 
সেপ্টেম্বরে কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাঘাটিতে হামলায় ১৯ সেনা নিহত হওয়ার পর পাল্টা আঘাত হিসেবে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসলামি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে কথিত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনা করে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি পরস্পরকে ২০০৩ সালে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে আসছে। এদিকে কূটনৈতিক পর্যায়ে চলছে পাল্টাপাল্টি ব্যবস্থা গ্রহণ। ভারত পাকিস্তানি কূটনীতিবিদ প্রত্যাহারের পরে পাকিস্তান ও ভারতীয় কূটনীতিবিদকে প্রত্যাহার করে নেয়। রয়টার্স।

মসুল শহরের উপকণ্ঠে ঢুকেছে ইরাকি বাহিনী

ইরাকের মসুল শহরকে ইসলামিক স্টেটের দখল-মুক্ত করার লড়াইয়ে সরকারি বাহিনী এই প্রথম শহরটির পূর্ব দিকের শহরতলী এলাকায় ঢুকেছে। তবে ইরাকি সেনাদের সঙ্গে থাকা একজন সংবাদদাতা জানিয়েছেন, আইএসের সাথে সেনাদের তীব্র লড়াই হচ্ছে। এবং তীব্র প্রতিরোধের মোকাবেলা করে এগুতে হচ্ছে সরকারি বাহিনীকে।
 
আইএস যোদ্ধারা রকেটচালিত গ্রেনেড, মর্টার, ছোট আগ্নেয়াস্ত্র ও আত্মঘাতী গাড়ি বোমা ব্যবহার করছে। মসুলে ৩ থেকে ৫ হাজার পর্যন্ত আইএস যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন এরই মধ্যে চার-পাঁচটি বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীর অগ্রাভিযানে সহায়তা দিচ্ছে। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আইএসের প্রতি ‘হয় আত্মসমর্পণ বা মৃত্যুবরণ করার’ আহ্বান জানিয়েছেন। সামরিক পোশাক পরে একটি বিমানঘাঁটি সফর করার সময় আল-আবাদি বলেন, সরকারি বাহিনী চার দিক থেকে মসুলের দিকে এগুচ্ছে, এবং তারা তার ভাষায় ‘সাপের মাথা কাটবে’।
 
মসুল থেকে এখন আর লোকজনকে পালিয়ে আসতে দেখা যাচ্ছে না। সংবাদদাতারা ধারণা করছেন শহরটিতে এখনো প্রায় ১০ লাখ লোক রয়েছে। এর আগে সোমবার ইরাকি সেনারা মসুল শহরের এক কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। এখানে বাজওয়াইয়া নামের একটি গ্রাম ইরাকি সেনারা পুনর্দখল করার পর স্থানীয় লোকজন তাদের বাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। তারা জানায় তাদের ঘরে জমা খাবার-দাবার ও পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল।
 
অনেকে তাদের দাড়ি কামিয়ে ফেলে, এবং দু’বছর পর ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করে। একজন ইরাকি কমান্ডার বিবিসিকে জানিয়েছেন, তারা স্থানীয় লোকজনের মধ্যে কোনো আইএস যোদ্ধা লুকিয়ে আছে কিনা এবং তারা কোথাও বোমা পেতে রেখেছে কিনা তা দেখতে তারা মুক্ত এলাকাগুলোয় ঘরে ঘরে তল্লাশি করছেন।
 
এই যুদ্ধে ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য অংশ নিচ্ছেন, যার মধ্যে সেনাবাহিনী, কুর্দি পেশমার্গা এবং বিভিন্ন সুন্নি গোষ্ঠীর মিলিশিয়া রয়েছে। এএফপি।

জাকির নায়েকের এনজিও বিদেশি তহবিল পাবে না

আলোচিত ইসলামী চিন্তাবিদ ও বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) বিদেশি তহবিল থেকে বঞ্চিত হতে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
চূড়ান্ত একটি কারণ দর্শানোর নোটিশ দিয়ে আইআরএফের এফসিআরএ নিবন্ধন বাতিল করা হবে। এছাড়া জাকির নায়েক সম্পৃক্ত আরো কিছু এনজিও’র ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার এক অনলাইন প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাকির নায়েক বিদেশি তহবিল তরুণ ও যুবকদের কট্টরপন্থা গ্রহণ ও সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করতে বিদেশি তহবিল ব্যয় করেছেন -বিভিন্ন তদন্ত রিপোর্টে এমন অভিযোগ উঠে আসার পর এই উদ্যোগ নিতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
উল্লেখ্য, গত ১ জুলাই ঢাকায় সন্ত্রাসী পর অভিযোগ ওঠে হামলাকারীদের কয়েকজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ও ভারত জাকির নায়েকের এনজিও’র পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে জাকির নায়েকের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়। এরপর থেকে জাকির নায়েক বিদেশেই অবস্থান করছেন। ইতিমধ্যে মহারাষ্ট্র পুলিশ তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার অভিযোগে নায়েকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates