Wednesday, November 30, 2016
অক্সিজেনের আগে প্রাণের অস্তিত্ব
এতদিন বিজ্ঞানীরা জানতেন আমাদের এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব প্রাচীন হলেও অন্তত অক্সিজেনের আবির্ভাবের আগে নয়। কারণ তারা মনে করতেন, কোনো পরিবেশে আর যাই হোক প্রাণের অস্তিত্ব শুরু হওয়ার জন্য আগে থেকেই অক্সিজেনের উপস্থিতি থাকা আবশ্যক। কিন্তু এতদিনের এই ধারণাই যেন পাল্টে দিতে যাচ্ছেন সিনসিনাতি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের নতুন গবেষণায় দাবি করেছেন, কয়েকশ' কোটি বছর আগে সম্ভবত অক্সিজেনবিহীন পরিবেশেই প্রাণের বিকাশ হয়েছিল। গবেষণা পত্রিকা জিওলজি অব দ্য জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকায় প্রকাশিত তাদের প্রতিবেদনে এ ক্ষেত্রে বেশ শক্তিশালী প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা। বলা হয়েছে, তারা ২৫২ কোটি বছর আগের একটি ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন যেটি সালফারের জারণ ঘটাতে পারে, বা সালফারে অক্সিজেন সংযোগ ঘটাতে পারে। বর্তমানে গভীর সমুদ্রতলে সালফার সমৃদ্ধ এলাকায় পাওয়া যায় এমন একটি এককোষী ব্যাকটেরিয়ার সঙ্গে এর বেশ মিল রয়েছে। তবে গোলাকার প্রাচীন এই ব্যাকটেরিয়াটির দেহাবরণ মসৃণ এবং আজকের দিনের ব্যাকটেরিয়ার চেয় আকারে বড়। দক্ষিণ আফ্রিকা কাপভাল ক্রেটো এবং নর্দান কেপ প্রভিন্স এলাকায় প্রাচীন পাথরে এই প্রাচীন ব্যাকটেরিয়ার ফসিল পাওয়া গেছে। বলা হচ্ছে, এসব ব্যাকটেরিয়া ২৮০ থেকে ২৫০ কোটি বছর আগে সাগরের অন্ধকার তলদেশে বিকাশ লাভ করেছিল।
সূত্র : নেচার ওয়ার্ল্ড, সায়েন্স ডেইলি।
Labels:
বিজ্ঞান ও টেক
সিরিয়ায় গণহত্যা চলছে ----- জাতিসংঘে বৈঠকের আগমুহূর্তে ফ্রান্স
সিরিয়ায় রুশ বিমান বাহিনীর সহযোগিতায় বাশার বাহিনীর চার মাস ধরে চলমান অবরোধ ও বোমা হামলার মুখে আলেপ্পোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা হতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্স। গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগ মুহূর্তে এ হুঁশিয়ারি দেয় দেশটি। এদিকে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, হাজার হাজার বাসিন্দা আলেপ্পো ছাড়ার চেষ্টা করলেও কোথায় নিরাপত্তার দেখা মিলবে তা অনিশ্চিত। প্রতিবেশী এলাকাগুলো হয় বিদ্রোহীদের হাতে, নয়তো বাশার বাহিনীর প্রচণ্ড হামলার মুখে। তাই মানবিক বিপর্যয় এড়ানো অসম্ভব হয়ে পড়ছে। খবর ইন্ডিপেনডেন্টের।
জাতিসংঘে নিয়োজিত ফ্রান্সের দূত ফ্রাঁসোয়া দেলাত্রে বলেন, 'বেসামরিক মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত সবচেয়ে ন্যক্কারজনক গণহত্যার মুখে পড়তে যাচ্ছে। ফ্রান্স এবং তার অংশীদার দেশগুলো এ পরিস্থিতিতে চুপ করে থাকতে পারে না।' তবে এরই মধ্যে রাশিয়া পাল্টা দাবি করেছে, বাশার বাহিনীর বিমান ও স্থল হামলার কারণেই পূর্ব আলোপ্পো 'মুক্ত' করা সম্ভব হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেঙ্কো জানান, সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব আলেপ্পোর অর্ধেক এলাকাই জঙ্গিদের দখলে ছিল, তা সম্পূর্ণ মুক্ত করা সম্ভব হয়েছে। সবচেয়ে বড় কথা, ৮০ হাজার সিরীয় আর দশ হাজারের বেশি শিশু জঙ্গিদের হাত থেকে মুক্ত হয়েছে। অথচ পশ্চিমা প্রতিদ্বন্দ্বীরা শুধু অন্ধভাবে বিস্ময় প্রকাশ করছে। তারা আলেপ্পোর সত্যিকার পরিস্থিতি নিয়ে ভাবছে না। এদিকে আলেপ্পো প্রশ্নে যুক্তরাষ্ট্র নতুন করে সিদ্ধান্ত নেওয়ার আগেই আসাদ বাহিনী তুমুল বোমা হামলা চালিয়ে এলাকা পুনরুদ্ধারে দৃঢ়চিত্ত। টানা হামলার ফলে বলতে গেলে আলেপ্পোর অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ এলাকা থেকে এক চিকিৎসক জানান, অলিতে-গলিতে সবখানেই এখন শুধু লাশ আর রক্তের দুর্গন্ধ।
এমন নারকীয় পরিস্থিতিতেও পশ্চিমা শক্তিগুলো চুপ মেরে আছে বলে অভিযোগ করছেন সেখানকার মানবাধিকার কর্মীরা। বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র বলেন, ধীরে ধীরে নরকে প্রবেশ করছে আলেপ্পো। চিকিৎসক আবদুল জানান, সেখানকার চিকিৎসা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। মঙ্গলবার রাতে যারা বোমা হামলায় পড়ে নিহত হয়েছেন, তাদের লাশ এখন দিনের আলোতেও পথেঘাটে পড়ে রয়েছে। আর সাধারণ নাগরিকদের মধ্যে দিনরাত মৃত্যু আতঙ্কের পাশাপাশি সরকারের গোপন পুলিশের নজরদারি ও নির্যাতনের আতঙ্কও তাড়া করছে। সেনা ও পুলিশ বাহিনী তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে বিদ্রোহী অধ্যুষিত এলাকা থেকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় যেতে আগ্রহী আড়াই লাখ অসহায় মানুষ আটকা পড়ে আছে।
আলেপ্পো একসময় দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। দেশের প্রধান এ বাণিজ্যিক এলাকাটির একাংশ সরকার বাহিনীর হাতে। আর এর পূর্ব এলাকা বিদ্রোহীদের হাতে। ২০১২ সাল থেকেই এ অবস্থা চলছে।
Labels:
আন্তর্জাতিক
জ্বালানি সঙ্কটে ব্রাজিলের ফুটবলারদের বিমান বিধ্বস্ত!
ব্রাজিলের ফুটবলারদের বহনকারী বিমানটি জ্বালানি শেষ হয়ে যাওয়ায় কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছিল বলে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড থেকে জানা গেছে।
বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এয়ার ট্রাফিক টাওয়ারের ওই অডিও টেপে বিমানের পাইলটকে বৈদ্যুতিক গোলযোগ ও জ্বালানি সঙ্কটের কারণে বারবার বিমান অবতরণের অনুমতি চাইতে শোনা যায়।
এয়ার ট্রাফিক টাওয়ারের সঙ্গে পাইলট তার শেষ কথোপকথনে জানান, তিনি ৯ হাজার ফিট ওপর দিয়ে উড়ছেন।
বিমানটিতে ব্রাজিলের শাপেকোয়েন্সে ফুটবল দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং ২০ জন সাংবাদিকসহ ৭৭ জন ভ্রমণ করছিলেন; যাদের মধ্যে মাত্র ৬ জন বিমান বিধ্বস্ত হওয়ার পরও প্রাণে বেঁচে গেছেন।
লা মিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি থেকে কলম্বিয়ার মেডিন এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথোপকথনটি স্থানীয় একটি রেডিও স্টেশনে ফাঁস হয়। এরপর কলম্বিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে এটি প্রচার করা হয়
।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
রোহিঙ্গাদের ৯ নৌকা ফেরত পাঠাল বিজিবি
নাফ নদী পার হয়ে সীমান্তের ছয়টি পয়েন্ট দিয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকাকে ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী।
তিনি জানান, ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৬টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৯ নৌকা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা প্রদান করে। পরে তাদের ফেরত পাঠানো হয়।
তিনি আরও জানান, যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করার চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে।
Labels:
বাংলাদেশ
চাঁদপুরে প্রবাসীকে খুনের দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড
চাঁদপুরে প্রবাসীকে খুনের দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে সোমবার (২৮ নভেম্বর) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খুন হওয়া কলমতর গাজীর স্ত্রী শিল্পী বেগম ও তাদের গৃহশিক্ষক কবির গাজী।
খুন হওয়া প্রবাসী যুবক দু’সন্তানের পিতা এবং সে বিষ্ণুপুর গ্রামের কলান্দার বাড়ির ছমির গাজীর ছেলে। খুনের চার দিন নিহতের ভাই লিটন গাজীর চাঁদপুর মডেল থানায় একটি মামলা (নং ১৫, ১১/০৭/২০১৩) দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ জুলাই রাতে জলান্দার গাজীকে তার স্ত্রী শিল্পী বেগম ও তার গৃহশিক্ষক কথিত প্রেমিক কবির গাজী মিলে নিজের ঘরে ঘুমের ভেতর কুপিয়ে হত্যা করে। পরেরদিন স্বামী নিখোঁজ বলে সদর মডেল থানায় একটি শিল্পী বেগম জিডি করে।
জিডি সূত্রে নিখোঁজের ৪দিন পর কলন্দার গাজী (৩৮) নামের ওই যুবকের লাশ তার ঘরের গোসলখানার পিছন থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সেই জিডির সূত্র ধরে এলাকার মানুষের সহায়তায় ১১ জুলাই কবির গাজীকে আটক করে এবং স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন বিকেলে প্রবাসী কলন্দার গাজীর মৃতদেহ উদ্ধার করে।
ওই রাতেই কলন্দার গাজীর স্ত্রী শিল্পী আক্তারকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর শিল্পী স্বীকার করে সে ও তার কথিত প্রেমিক মিলে স্বামীকে রাত ১ টার দিকে কুপিয়ে হত্যা করে। খুনের ৪ মাস আগে তার স্বামী ছুটিতে সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। তার কথিত প্রেমিক তাদের ঘরে তার ছেলেকে প্রাইভেট পড়াতো। এক বছর ধরে তাদের পরকীয়া প্রেম চলছিল।
Labels:
বাংলাদেশ
Tuesday, November 29, 2016
তারেক রহমানকে আত্মসমর্পনের নির্দেশ
বিগত তত্ত্ববধায়ক সরকারের আমলে গুলশান, কাফরুল ও শাহবাগ থানায় বিএনপি চেয়ারপারসন ও সাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ৩টি এবং কর ফাঁকির ২টি মামলা দায়ের হয়। দীর্ঘদিন মামলাগুলোর ওপর স্থগিতাদেশ ছিল।
মঙ্গলবার এ সংক্রান্ত শুনানিতে মামলাগুলো সচল করতে অনুরোধ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নিতে পারেননি। শুনানির পর বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলার ওপর স্থগিতাদেশ তুলে নেন।
একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে এই মামলাগুলো নিম্ন আদালতে চালাতে আইনী বাধা থাকল না।
শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে ৭ খাবার
কোলেস্টেরল একধরনের চর্বি। সাধারণত দুই ধরনের কোলেস্টেরল আছে। একটি লো ডেনসিটি লাইপো প্রোটিন (এলডিএল) বা বাজে কোলেস্টেরল এবং অপরটি হাইডেনসিটি লাইপো প্রোটিন (এইচডিএল) বা ভালো কোলেস্টেরল।
শরীরের বাজে কোলেস্টেরল কমাতে কাজ করবে এমন কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।
১. ওটমিল
ওটমিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ। এটি বাজে কোলেস্টেরল তৈরি প্রতিরোধ করে।
২. রসুন
রসুনের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী উপাদান। কোলেস্টেরল কমাতে রসুন বেশ উপকারী একটি খাদ্য।
৩. বাদাম
বাদামের মধ্যে রয়েছে ভালো পরিমাণের চর্বি। একমুঠো বাদাম, বিশেষ করে ওয়ালনাট বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায়।
৪. সবজি
সবজির মধ্যে আছে আঁশ। পালং শাক, ব্রকলি, বাজে কোলেস্টেরল তৈরিতে বাধা দেয়।
৫. ফল
কমলা, আঙ্গুর কোলেস্টেরল কমাতে কাজ করে। প্রতিদিন একটি আপেলও কিন্তু কোলেস্টেরল কমাতে কাজে দেয়।
৬. দারুচিনি
দারুচিনি নিয়মিত খাদ্যতালিকায় রাখুন। বিশেষত শীতের সময়। এটি রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের সঙ্গে লড়াই করে।
৭. পেঁয়াজ
পেয়াঁজের মধ্যে রয়েছে কিউরেকটিন। এটি ক্ষতিকর কোলেস্টেরল কমায়। প্রতিদিন একটি কাঁচা পেঁয়াজ সালাদের সঙ্গে রাখতে পারেন।
Labels:
লাইফস্টাইল
Subscribe to:
Posts (Atom)







