Social Icons

Monday, May 1, 2017

ভারতের সঙ্গে বার্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলার করতে চান এরদোগান

ভারতের সঙ্গে তুরস্কের ৬.৫ বিলিয়ন বার্ষিক বাণিজ্য ‘যথেষ্ট নয়’ এবং তা বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ভারত সফররত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘টিআরটি হাবের’ সম্প্রচারিত এই সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘আমি মনে করি এটি ১০ বিলিয়ন ডলারে উন্নীত করলে তা উপকার বয়ে আনবে।’

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে,  তার দেশীয় ফেতুল্লাহ গুলেন নেটওয়ার্ককে বহিষ্কার করার জন্য হিন্দুস্তান পদক্ষেপ গ্রহণ করবে।

গত বছরের জুলাই মাসে একটি ব্যর্থ অভ্যুত্থানের জন্য আঙ্কারা ফেতুল্লাহ গুলেন নেটওয়ার্ককে দায়ী করে আসছে।

এর আগে এরদোগানকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও তুরস্কের উচিৎ হবে ইতোমধ্যে গড়ে ওঠা তাদের ইতিবাচক ব্যবসা এবং রাজনৈতিক বন্ধনকে আরো জোরদার করা।

রবিবার সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছান এরদোগান। এই সফরে এরদোগানের সঙ্গে তুরস্কের একটি বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল সফর করছে।

মোদী বলেন, সর্বশেষ ২০০৮ সালে এরদোগানের ভারত সফর করার পর দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুনেরও বেশি হয়েছে এবং এটি বৃদ্ধির আরো বিশাল সম্ভাবনা রয়েছে।

সোমবার এরদোগানের ভারত সফরের শেষ পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারে বলে উভয় দেশের কর্মকর্তারা আশা করছেন।

সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা

১ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

নতুন কোনো বরাদ্দে অর্থ ছাড়ের চিন্তা না করে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থনীতি চলমান রাখতে বাজেট স্থির করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কনগ্রেশনাল মধ্যস্থতাকারীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। রবিবার চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারের তহবিলে ১ ট্রিলিয়ন ডলার অর্থ ছাড়ে সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বরাদ্দ থেকে দেয়াল নির্মাণে কোনও অর্থ ব্যয় করা যাবে না।  
 
এতে সামরিক ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ খরচের সম্মতি দিলেও ট্রাম্পের দেয়াল নির্মাণে কোনও অর্থ ছাড় দিতে রাজি হয়নি মার্কিন কংগ্রেস। এছাড়া দেশটির বাজেটে সীমান্ত নিরাপত্তার জন্য চুক্তিতে অতিরিক্ত দেড় বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। গত এক দশকের মধ্যে সীমান্ত সুরক্ষায় এটাই সবচেয়ে বড় বরাদ্দ। অবশ্য এই চুক্তিতে দেয়াল নির্মাণে মেক্সিকোর খরচ না দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
 
নতুন এই বাজেট পরিকল্পনায় আগামী পাঁচমাসের জন্য খরচের সম্ভাব্য খাতগুলো চিহ্নিত করা হয়েছে। আগামী দিনগুলোতে এইসব প্যাকেজের উপর ভোট গ্রহণের উপর জোর দিচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা। সর্বদলীয় চুক্তি হওয়াতে এই বাজেট বরাদ্দ অনুমোদিত হওয়া সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। আগামী শুক্রবারের মধ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটকে এ প্রস্তাব অনুমোদন করতে হবে। যদি অনুমোদিত না হয় তাহলে ২০১৩ সালের পর প্রথম শাটউনের মুখে পড়বে মার্কিন সরকার।

 বিবিসি।

যুক্তরাষ্ট্রের ঝড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মধ্যবর্তী স্থানে ভয়াবহ ঝড়ে সপ্তাহান্তে অন্তত ১৪ জন মারা গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
 
তাদের বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি রাজ্যে বৈরি আবহাওয়ায় বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, গাড়ি উল্টে গেছে ও গাছ উপড়ে পড়েছে।
 
এছাড়া টেক্সাসে অন্তত চারটি টর্নেডো আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় আবহাওয়া সার্ভিস। এএফপি।

ব্রিটিশ রাজনীতিতে ফিরছেন টনি ব্লেয়ার

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দেশটির আভ্যন্তরীণ রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন। ব্রেক্সিট বিতর্ক মোকাবেলায় সোমবার তিনি রাজনীতিতে ফেরার এ ঘোষণা দেন। 
 
তবে আগামী ৮ জুন অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ব্লেয়ার (৬৩) ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত লেবার পার্টির নেতৃত্ব দেন। এছাড়া তিনি ১৯৯৭ সাল থেকে প্রায় এক দশক দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
 
ব্লেয়ার বলেন, তিনি জানেন এর জন্য তাকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হবে। তিনি আরো বলেন, ব্রেক্সিট বিতর্ক নিয়ে নীতি নির্ধারণের লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চান। এএফপি।

পয়েন্ট হারালেও সরাসরি বিশ্বকাপের স্বপ্ন উজ্জ্বল বাংলাদেশের

আইসিসির সংশোধিত ওয়ানডে র‌্যাঙ্কিং আজ সোমবার প্রকাশিত হয়েছে। ২০১৪ সালের পর থেকে দলগুলোর পারফরম্যান্সে ওপর ভিত্তি করে সাজানো এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নিজেদের অবস্থান ধরে রেখেছে। সাতেই আছে বাংলাদেশ। তবে ২০১৪ সালের মাঝপথের একের পর এক সিরিজ হারের প্রভাবটাও পড়েছে রেটিং পয়েন্টে। গত সপ্তাহেও বাংলাদেশের রেটিং ছিল ৯২ পয়েন্ট, সেটা আজ ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯১।

পয়েন্ট কমলেও সরাসরি আগামি বিশ্বকাপে খেলার সুযোগ এখনো উজ্জ্বল বাংলাদেশের। কারণ, পয়েন্টের এমন ওলট-পালটে ক্ষতিগ্রস্ত হয়েছে নিচের দিকে থাকা সব দল। আটে থাকা পাকিস্তানের (৮৮) পয়েন্টও ২ কমছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৪ পয়েন্ট হারিয়েছে। ক্যারিবীয়দের পয়েন্ট এখন ৭৯। বাংলাদেশ তাদের চেয়ে এগিয়ে আছে ১২ পয়েন্টে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যবধান কমিয়ে আনার সম্ভাবনা তেমন নেই বললেই চলে।

এ কারণে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়নস ট্রফিতে অবিশ্বাস্য কোনো ভরাডুবি না হলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ প্রায় নিশ্চিত বাংলাদেশের। কারণ, ৩০ সেপ্টেম্বরের কাট অফ সময়ের আগে প্রথম আট দলই যে সে সুযোগটা পাবে।

সে তুলনায় আরেকটি অর্জনেরও একটা সুযোগ আছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে দুই ম্যাচে হারালে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ জিতলেই র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসবে বাংলাদেশ। কারণ, সংশোধিত র‍্যাঙ্কিংয়ে ছয়ে থাকা শ্রীলঙ্কা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট। লঙ্কানরা এখন ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের হাতের নাগালে।

প্রতি বছর এই সময়ে র‍্যাঙ্কিং সংশোধন করে আইসিসি।তাতে আগের তিন বছরের খেলার পয়েন্টগুলোই শুধু যুক্ত হয়, এর আগের পয়েন্টগুলো বাদ দেওয়া হয়। গত এক বছরের (২০১৬-এর মে থেকে) ম্যাচগুলোর অর্জিত পয়েন্টের শতভাগ নেওয়া হয়। এর আগের দুই বছরের (২০১৪ থেকে ২০১৬ সালের এপ্রিল) ম্যাচগুলোর পয়েন্ট নেওয়া হয় অর্ধেক। ২০১৫ সালে বাংলাদেশ অবিস্মরণীয় সাফল্য পেয়েছিল ওয়ানডেতে। সেই সময়ের পাওয়া পয়েন্ট অর্ধেক যোগ হয়েছে, আগের রেটিংয়ে যোগ হয়েছিল শতভাগ। এ কারণে রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। আইসিসি ।

অবৈধ অর্থ-সম্পদ রক্ষার জন্য ক্ষমতা ছাড়তে চাচ্ছে না আওয়ামী লীগ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বীকার করেছেন যে তারা যা আয় করছেন তা অবৈধ। তাই সে সম্পদ রক্ষা করতে জোর করে হলেও ক্ষমতায় টিকে থাকার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের।
 
তারা অবৈধ আয় রক্ষা করার জন্য যা প্রয়োজন সেটাই করার চেষ্টা করছেন। অবৈধ অর্থ-সম্পদ রক্ষার জন্য সরকার মরিয়া হয়ে উঠেছে। জোর জবরদস্তি করে তারা ক্ষমতায় থাকতে চায়। কোনভাবেই ক্ষমতা ছড়াতে চাচ্ছে না। তিনি বলেন, দেশের জনগণ কখনোই এটা মেনে নিবে না। সরকারের নীলনকশাকে ব্যর্থ করে দিতে হবে। সোমবার বেলা সোয়া ১১টায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল র‌্যালিটির আয়োজন করে।
 
মির্জা ফখরুল বলেন, পৃথিবীর অনেক দেশে অনেকাংশে শ্রমিকদের অধিকার অর্জিত হয়েছে কিন্তু স্বাধীনতার সময় যে শ্রমিকরা জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের অধিকার এখনো অর্জিত হয়নি। ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল মে দিবসে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি চেয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য শ্রমিক বিরোধী সরকার তাদেরকে সমাবেশের অনুমতি দেয়নি।
 
ফখরুল বলেন, সারা দেশে শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না।শুধু শ্রমিক সংগঠন করায় উল্টো নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। এ সরকার শ্রমিক বিরোধী গণবিরোধী উল্লেখ করে তিনি আরও বলেন, জোর করে ক্ষমতায় বসে থাকা এ সরকারকে সরাতে হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।

‘বাহুবলী ২’নির্মাতাদের রজনীকান্তের স্যালুট

বাহুবলী ২: দ্যা কনক্লুশন’ টাইফুনে মেতেছে গোটা ভারত। একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে পরিচালক এস এস রাজামৌলির এই ছবিটি। এ বার ছবি দেখে রিভিউ দিলেন দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার স্বয়ং রজনীকান্ত।
 
রবিবার তিনি টুইট করেন, ‘বাহুবলী ২…ভারতীয় সিনেমার গর্ব। ভগবানের নিজের সন্তান এস এস রাজামৌলই ও তাঁর টিমের প্রতি আমার স্যালুট।’ 
 
এর উত্তরে মৌলই টুইট করেন, ‘থালাইভা… মনে হচ্ছে ভগবান নিজেই আমাদের আশীর্বাদ করলেন…।’
 
গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। দেশ জুড়ে এই ছবি নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু তার মধ্যেও উল্টো খাতে বইছে দু-একটা সমালোচনা। অনেকেই বলছেন, বাহুবলীর প্রথম পর্বের মতো উচ্চতায় পৌঁছতে পারেনি দ্বিতীয় পর্ব। এই ছবি অনেকটাই ‘নামে কাটছে’ বলেও দাবি বেশ কিছু সমালোচকের। আবার কেউ বলেছেন, এই ছবির দ্বিতীয়ার্ধ বেশ লম্বা। তিন ঘণ্টার ছবির কোনও ফ্রেম, শট, ডায়লগ বাদ পড়েনি। আদৌ কোনটা ঠিক তার উত্তর দেবে বিগ স্ক্রিন। হিন্দুস্তান টাইমস।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates