Social Icons

Tuesday, August 1, 2017

ব্রাজিলের জোয়াও পেরেইরা ডি সুজা ছিলেন রাজমিস্ত্রি।

ব্রাজিলের জোয়াও পেরেইরা ডি সুজা ছিলেন রাজমিস্ত্রি। অবসরের পরে এখন মাঝে মাঝে মাছ ধরেন। একদিন গিয়েছিলেন রিও ডি জেনেইরোর সমুদ্র উপকূলে। মাছ ধরতে যাওয়ার আগেই আটকে গেলেন সমুদ্রের পাড়ে। ওটা কী পড়ে আছে? নজর গেল জোয়াওয়ের।
কাছে গিয়ে দেখেন একটা পেঙ্গুইন। সারা দেহ তেলে ঢাকা। ভেসে এসেছে সমুদ্রে। মাছ ধরা আর হলো না। ধুঁকতে থাকা পাখিটিকে বাড়ি নিয়ে গেলেন জোয়াও। এক সপ্তাহ ধরে তার সেবা চলল।
সার্ডিন মাছ ধরে এনে তাকে খাওয়াতেন জোয়াও। এক সপ্তাহ পরে নিজের পায়ে দাঁড়াতে পারল ম্যাগেলানিক প্রজাতির সেই পেঙ্গুইন। তবে তখনো তার গায়ে গজায়নি নতুন পালক। ততদিনে নতুন নামকরণ হয়েছে তার। জোয়াও ডাকেন ডিনডিম বলে।
মন খারাপ হলেও জোয়াও ঠিক করলেন ডিনডিমকে ফিরিয়ে দেবেন তার ঠিকানায়। সেইমতো একদিন সমুদ্রে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দিলেন। কিন্তু কিছুতেই গেল না সেই পোষ্য। ফিরে এলো জোয়াওয়ের সঙ্গেই। তার পর আর ওকে চলে যেতে বলেননি জোয়াও। ১১ মাস সেবাযত্নের পরে ডিনডিমের দেহে গজাল নতুন পালক। একদিন নিজেই চলে গেল সে।   
প্রিয় পোষ্যকে হারিয়ে মন খারাপ হয়ে গেল জোয়াওয়ের। কিন্তু এই বলে মনকে বোঝালেন‚ ডিনডিম তার নিজের বাড়িতে ফিরে গেছে। সবাই তাকে বলল‚ আর মায়া বাড়িয়ে লাভ নেই। ও আর ফিরে আসবে না। কিন্তু মন মানতে চাইল না জোয়াওয়ের। কেন যেন মনে হতে লাগল‚ ডিনডিম ঠিক ফিরে আসবে!
এ ছিল ছয় বছর আগের ঘটনা।
জোয়াওয়ের মন কিন্তু ঠিকই বুঝেছিল। ফিরে এসেছিল ডিনডিম। বলা ভালো‚ প্রতিবছর আসে সে। আট হাজার কিলোমিটার সাঁতরে পাড়ি দিয়ে জোয়াওয়ের কাছে আসে ডিনডিম। জুন মাসে আসে। নিজের বাড়ির দিকে রওনা দেয় পরের ফেব্রুয়ারিতে। বছরের অর্ধেকের বেশি সময় কাটায় বন্ধু জোয়াওয়ের সঙ্গে। গত পাঁচ বছরে ঘড়ি ধরে চলেছে এই নিয়ম।
শুধু থাকাই নয়। ডিনডিম রীতিমতো লেজ নাড়ে জোয়াওকে দেখে। কোলে উঠে ঘুমোয়। ডিনডিম জোয়াওয়ের কাছে নিজের ছোট্ট ছেলের মতো।
প্রাণিবিজ্ঞানীরা জানাচ্ছেন‚ ম্যাগেলানিক পেঙ্গুইনদের সাধারণ আবাসস্থল আর্জেন্টিনা-চিলির প্যাটাগোনিয়া উপকূল। সেখান থেকেই সাঁতার কেটে আসে পেঙ্গুইন ডিনডিম। দূরত্ব চার হাজার থেকে আট হাজার কিলোমিটার। এভাবেই তার ৭১ বছর বয়সী মানুষ-বন্ধুর প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা জানায় পেঙ্গুইন ডিনডিম। গবেষকদের কাছে এই অদ্ভুত সম্পর্কের রসায়ন এখনও রহস্যময়।
সূত্র : ইন্টারনেট

ব্রাজিলীয় তারকা নেইমারকে রাখতে বড় অংকের বোনাস পরিকল্পনা বার্সেলোনার


বোনাস হিসেবে ২৬ মিলিয়ন ইউরো প্রদানের ঘোষণা দিয়ে নেইমারকে আটকে রাখার পরিকল্পনা করছে বার্সেলোনা। মোটা অংকের অর্থের বিনিময়ে এই ব্রাজিলীয় তারকা প্যারিস সেন্ট জামেইনে (পিএসজি) পারি জমানোর গুজব ব্যাপক প্রচার পেয়েছিল। বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরো খরচ করে তাকে পেতে চেয়েছিল লীগ ওয়ানের ক্লাবটি।
 
আজ বুধবার অনুশীলনের জন্য তিনি ক্লাবে ফিরবেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, নেইমার ক্লাবে থাকলে তার জন্য ২৬ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে প্রদানের দালিলিক কাজ সম্পাদিত হয়েছে।’
 
এক বছর আগে নেইমার যখন বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়ান তখনই এই বোনাসের বিষয়ে সম্মত হয়েছিলেন। এক বছর পূর্ণ হবার পর সেটি পরিশোধের সময় চলে আসে। কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেটি পরিশোধ থেকে বিরত ছিল ক্লাব।
 
চুক্তিতে নেইমার মেয়াদ পূর্ণ হবার আগে সেটি থেকে মুক্তি পাওয়ার একটি অনুচ্ছেদ যুক্ত করেছিলেন। যার বিপরীতে ২০০ থেকে ২২২ মিলিয়ন ইউরো পরিশোধের কথা উল্লেখ ছিল। সেটি পরিশোধ করেই নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিল পিএসজি। এই কয়দিন নেইমারের ভবিষ্যৎ নিয়েই বেশি আলোচিত হয়েছে স্প্যানিশ ফুটবলে, বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের কাছে।
 
যুক্তরাষ্ট্রে মৌসুমপূর্ব সফরে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে কয়েকটি সফল প্রীতি ম্যাচে জয়লাভ করার পর একটি প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে বার্সেলোনার ফুটবলাররা চীন সফরে রয়েছে।
 
গ্রীষ্মকালীন বিরতি শেষে বুধবার থেকে বার্সেলোনা তাদের অনুশীলন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সকাল ও বিকাল দুই সেশনে অনুষ্ঠিত হবে এই অনুশীলন। নেইমারকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে বলে ক্লাব সংশ্লিষ্ট সূত্রটি এএফপিকে জানিয়েছে। তবে এতে নেইমার আদৌ সাড়া দিবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে স্প্যানিশ মিডিয়ার।

ভেনেজুয়ালার সাথে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এর ফলে যুক্তরাষ্ট্রে মাদুরোর থাকা যে কোনো ধরণের সম্পদ-সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান মাদুরোর সঙ্গে ব্যবসা করতে পারবে না।
এর আগে, রবিবার দেশটিতে তীব্র গণবিক্ষোভের মধ্যেও মাদুরোর ইচ্ছায় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেসময় পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ ব্যাক্তি প্রাণ হারায়। এই বিতর্কিত নির্বাচনে সহিংসতার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইইউ জানিয়েছে, নির্বাচনে রাষ্ট্র কর্তৃক সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের কারণে তারা নির্বাচনকে স্বীকৃতি নাও দিতে পারে। 
তবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মাদুরো বলেন, রবিবারের নির্বাচন ছিল ‘বিপ্লবের জন্য ভোট’। ওই সাম্রাজ্যের (যুক্তরাষ্ট্র) চাপানো অবরোধে তিনি ভয় পান না বলেও উল্লেখ করেন। মাদুরো বলেন, ‘সাম্রাজ্যবাদী ট্রাম্প আমার বিরুদ্ধে তার পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন উনি আমাকে কতটা ঘৃণা করেন। কিন্তু আমি বিদেশি সরকারের নির্দেশ কখনো মানিনি এবং ভবিষ্যতেও মানবো না। আমি স্বাধীন দেশের প্রেসিডেন্ট।’
গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এ পর্যন্ত বিক্ষোভে  নিহত হয়েছেন শতাধিক ও আহত হয়েছেন প্রায় দেড় হাজার। এছাড়া দেশটির বিরোধী দলীয় জোট এই নির্বাচন বয়কট করেছিল। তাদের দাবি, মোট ভোটারের ৮৮ শতাংশই ভোট দেয়নি। তাই তারা রোববারের নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। বিবিসি।

ভেনেজুয়েলায় শীর্ষ বিরোধীদলীয় নেতা আটক

ভেনেজুয়েলায় দুজন শীর্ষস্থানীয় বিরোধীদলীয় নেতার পরিবার বলছে, তাদেরকে রাতের বেলা গোয়েন্দা কর্মকর্তারা তুলে নিয়ে গেছে। এই দুই নেতার নাম লিওপোল্ডো লোপেজ এবং এ্যান্টোনিও লেদেজমা। তারা ২০১৪ সাল থেকেই গৃহবন্দী অবস্থায় ছিলেন। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দেবার অভিযোগ ছিল।
 
লোপেজকে গোয়েন্দা কর্মকর্তারা নিয়ে যাচ্ছে, এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পরিবারের লোকেরা বলছে, মাঝরাতে তাদের নিয়ে যাওয়া হয়, এবং তারা কোথায় আছেন তা তারা জানেন না। তারা বলছেন, এই দুই নেতার কিছু হলে তারা প্রেসিডেন্ট মাদুরোকেই দায়ী করবেন।
 
রবিবারের বিতর্কিত গণভোটের পরই এই গ্রেফতারের ঘটনা ঘটলো। এসময় কয়েকদিন ধরে চলা বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয়। এ গণভোটের ফলে সংবিধান সংস্কারের জন্য নতুন জনপ্রতিনিধিদের পরিষদ - বিরোধীদল নিয়ন্ত্রিত কংগ্রেসকে এড়িয়ে - একটি নতুন সংবিধান রচনা করতে পারবে।
 
বিরোধীদলের নেতাদের আটক করার ঘটনার নিন্দা করে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, এটি একটি ভুল পদক্ষেপ। মার্কিন বাণিজ্যমন্ত্রী ইতিমধ্যে মাদুরোকে একজন একনায়ক বলে অভিহিত করে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেছে। বিবিসি।

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আব্বাসী

পাকিস্তানে ন্যাশনাল পার্লামেন্টে ২২১ ভোট পেয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শহীদ খাকান আব্বাসী। গত শুক্রবার পানামা পেপার্স সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফ সরে দাঁড়ানোর পর স্বল্প মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক এই জ্বালানি মন্ত্রী।
 
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে অন্যান্য প্রার্থীরা ছিলেন নাভিদ কামার, শেখ রশিদ আহমেদ ও সাহিবজাদা তারিকুল্লাহ। আব্বাসী ২২১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির নাভিদ কামার ৪৭, শেখ রশিদ ৩৩ ও জামাতে ইসলামির তারিকুল্লাহ মাত্র ৪টি ভোট পেয়েছেন।
 
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্বাসী বলেন, আমি পার্লামেন্ট মেম্বার, জনগণ ও জনগণের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো স্বত্ত্বেও ইমরান খানের প্রতিও আমি কৃতজ্ঞ। ডন ও পাক ট্রিবিউন।
 

রাশিয়ায় মস্কোর কূটনৈতিক মিশন থেকে মালামাল সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।


রাশিয়ায় মস্কোর কূটনৈতিক মিশন থেকে মালামাল সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার থেকেই দেশটি আসবাবপত্র এবং অন্যান্য যন্ত্রপাতি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের কূটনীতিকসহ ৬০ ভাগ কর্মকর্তা-কর্মচারীকে পহেলা সেপ্টেম্বরের মধ্যে ছাঁটাইয়ের নির্দেশ দেন। তিনি দুটি মার্কিন কম্পাউন্ড জব্দেরও ঘোষণা দেন।
জানা গেছে, গত সপ্তাহে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে রাশিয়ার ওপর নতুন অবরোধের বিল পাস হওয়ার পর রাশিয়া এই সিদ্ধান্ত নেয়। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে দেশটি। রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধ বিলে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল থেকে মার্কিন ওয়্যারহাউস এবং ডাচা (কান্ট্রি ভিলা) থেকে মালামাল সরিয়ে নিতে দেখা যায়। এর আগের সেখানে মার্কিনীদের প্রবেশ বাধা দেয় রুশ কর্তৃপক্ষ। 
রুশ সরকার মঙ্গলবারের মধ্যেই ওয়্যারহাউস বন্ধ করার আহ্বান জানায়। ওয়্যারহাউসটিতে মার্কিন কূটনীতিক, ছাত্র এবং সাংবাদিকদের জন্য প্রতি সপ্তাহে বিনোদনের ব্যবস্থা করা হতো। কোনো কর্মকর্তাই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মস্কো নির্দেশনা দিয়েছে, তাই সরে যেতে হচ্ছে। এতে অনেকেই চাকরি হারাবেন। ইতোমধ্যে চাকরি খোঁজাও শুরু হয়েছে। রয়টার্স।

বাংলাদেশে আগস্ট থেকে এক চুলার গ্যাস বিল ৭৫০, দুই চুলার ৮০০ টাকা

চলতি আগস্ট মাস থেকে আবাসিকে এক চুলার গ্যাস বিল মাসে ৭৫০ ও দুই চুলার বিল ৮০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত রবিবার হাইকোর্টের রায়ের পর গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট থেকে গৃহস্থালি গ্রাহকের জন্য মিটার-ভিত্তিক প্রতি ঘনমিটার গ্যাস ৯ টাকা ১০ পয়সা এবং একচুলা ৭৫০ ও দুই চুলা ৮০০ টাকা কার্যকর করা হয়েছে। জুন-জুলাই মাসে আদায়কৃত বর্ধিত টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হবে না।
 
প্রসঙ্গত, বিইআরসি গত ১ জুন থেকে গৃহস্থালির সংযোগে এক চুলার মাসিক বিল ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করার যে সিদ্ধান্ত কার্যকর করেছিল আদালত তা অবৈধ বলে গত রবিবার রায় দিয়েছে।
 
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি আবাসিক, সিএনজি, শিল্পসহ সব শ্রেণির গ্যাসের দাম দুই ধাপে বৃদ্ধির ঘোষণা দিয়ে গণ-বিজ্ঞপ্তি জারি করে বিইআরসি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আবাসিক গ্রাহকদের ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে।
 
আর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা দিতে হবে। এখন গৃহস্থালির জন্য প্রথম ধাপের মূল্যহার কার্যকর থাকবে। অন্য-শ্রেণির গ্রাহকদের দ্বিতীয় ধাপের মূল্য-হার অনুযায়ী বিল দিতে হবে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates