Social Icons

Thursday, August 31, 2017

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
 
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এ ঈদ কার্ড আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে পৌঁছে দেন দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।
 
টিপু বলেন, 'বিএনপি চেয়ারপার্সনের এ ঈদ কার্ডটি আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আমরা পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের সাবেক সহ-দফতর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যা ঈদ কার্ডটি গ্রহণ করেছেন। এসময় আরেক সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান জনী উপস্থিত ছিলেন।'
 
চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে ঈদ করবেন।
 
এর আগের দিন বুধবার একইভাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঈদ কার্ড পাঠান।

জাপানের ‘ধ্বংস অতি আসন্ন’ বলে উ. কোরিয়ার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের পক্ষ নেয়ায় জাপানের ‘ধ্বংস অতি আসন্ন ’ বলে পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া টোকিওকে হুঁশিয়ার করে দিয়েছে। জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় কোরীয় উপদ্বীপ অঞ্চলের উত্তেজনা অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই উত্তর কোরিয়া এ হুঁশিয়ারি উচ্চারণ করলো। 
এর আগে, এশিয়ার এ দ্বীপ রাষ্ট্রের ওপর দিয়ে মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্বব্যাপী একধরণের সতর্কাবস্থা তৈরি করে উত্তর কোরিয়া। দেশটির এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিশ্ব নেতৃবৃন্দ পিয়ংইয়ংয়ের কঠোর নিন্দা জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘নজিরবিহীন হুমকি’ হিসেবে বর্ণনা করে এর কঠোর নিন্দা জানান। তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ আরো জোরদার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মত হন। অপরদিকে উত্তর কোরিয়া ভবিষ্যতে এ ধরনের আরো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে বলে সতর্ক করেছে।
 এএফপি।
 

Wednesday, August 30, 2017

মক্কায় ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


হজ পালন করতে গিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে গত ২৮ আগস্ট সোমবার ও ২৯ আগস্ট মঙ্গলবার এসব হজযাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোহাগী বেগম (৬৮), তার পাসপোর্ট নম্বর বি কে ০১৪৪৪৫৫। কিশোর গঞ্জের ওয়াসিম উদ্দিন আহমদ(৭৫), তার পাসপোর্ট নম্বর বি কে ০৪১৪৬৯১। বরিশাল জেলার আবদুল মালেক সর্দার(৭৪), তার পাসপোর্ট নম্বর বি এম ০৮৭২৫৮১। দিনাজপুর জেলার মো.আজিজুর রহমান (৬২), তার পাসপোর্ট নম্বর বিএন ০০৩৭০২৮, কুমিল্লা জেলার নুরুল ইসলাম (৮৫), তার পাসপোর্ট নম্বর  বি এফ ০০৬৯৪৫৮। খুলনা জেলার মো. খলিলুর রহমান (৫৪), তার পাসপোর্ট নম্বর ও সি ৮০৬৫০২১। ঢাকা মিরপুরের মো: আমজাদ হোসেন (৬৪), তার পাসপোর্ট নম্বর ও সি ৮০৬৫০২১।
হজের প্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে প্রায় ৪০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৭ জন পুরুষ ও ৩ জন নারী। বাংলাদেশ হজ মিশনের সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ২২৯ জন মক্কায় পৌঁছেছেন।

অসুস্থ হয়ে সিসিইউতে মোশাররফ করিম


বর্তমানে বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের একটি নাটকের শুটিং চলাকালে গত ২৯ আগস্ট রাতে পূবাইলে অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে উত্তরার লুবনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন তিনি।
৩০ আগস্ট দুপুর ১২টা ২০ মিনিটের দিকে প্রিয়.কম তার পারিবারিক সূত্রে এ তথ্য জানতে পেরেছে। জানা গেছে, অসুস্থ হওয়ার আগে ঈদে প্রচারের জন্য নির্মিত ‘জমজ ৮’ নাটকের শুটিং করছিলেন জনপ্রিয় এ অভিনেতা।
‘জমজ ৮’ রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকটি পরিচালনায় আজাদ কালাম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুমি, শাওনসহ আরও অনেকেই। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ঈদের ৩য় দিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।
নাটকটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অরণ্য পাশা। তিনি গণমাধ্যমকে জানান, পুবাইলে নাটকটির শেষ অংশের শুটিং চলছিল। মঙ্গলবার রাতে মোশাররফ করিম ভাই একটু দেরি করেই শুটিং সেটে আসেন। এরপর রাত ১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর পরই দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর রাত ২টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে অরণ্য পাশা আরও জানান, হঠাৎ প্রেসার হাই হওয়াতেই এমনটা ঘটেছে। এখন তিনি আশঙ্কা মুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
এদিকে মোশাররফ করিমের অসুস্থতার কারণে এরই মধ্যে ঈদের আগে তার সমস্ত শুটিং বাতিল করা হয়েছে।

আজ পবিত্র হজ

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা  ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক....মধুধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড় ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত এখন।

সু-উচ্চকণ্ঠ নিনাদের তালবিয়ায় মহান আল্ল­াহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হচ্ছে প্রতি অনুক্ষণ। ‘আমি হাজির। হে আল্ল­াহ! আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার। সাম্রাজ্য তোমারই। তোমার কোনো শরিক নেই।’ শুরু হলো বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। আরাফাতের আদিগন্ত মরু প্রান্তর এক অলৌকিক পুণ্যময় শুভ্রতায় ভরে উঠেছে। সফেদ-শুভ্র দুই খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজীদের অবস্থানের কারণে সাদা আর সাদায় একাকার। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করেছেন।

আজ ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত  লক্ষ লক্ষ মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন।  ৯ জিলহজ মূল হজের দিন তারা এখানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন। চার বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরো প্রায় পৌনে ১ মাইল বিস্তৃত। মুসলমানদের অতি পবিত্র এই ভূমিতে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে তারা ইবাদত করবেন; হজের খুতবা শুনবেন এবং জোহর ও আছরের নামাজ পড়বেন। আরাফাত ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে খুতবা পাঠ করবেন গ্র্যান্ড ইমাম। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্ল­াহ তা’আলার জিকির আসকার ইবাদতে মশগুল থাকবেন। অতঃপর মুজদালিফার উদ্দেশে আরাফাতের ময়দান ত্যাগ করবেন এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা’র নামাজ এশা’র ওয়াক্তে একত্রে পড়বেন এবং সমস্ত রাত অবস্থান করবেন। মীনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কংকর এখান থেকে সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে মীনার উদ্দেশে রওয়ানা হবেন। ১০ জিলহজ মীনায় পৌঁছার পর হাজীদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়। প্রথমে মীনাকে ডান দিকে রেখে হাজীরা দাঁড়িয়ে শয়তানকে (জামারা) পাথর নিক্ষেপ করবেন। দ্বিতীয় কাজ আল্ল­াহর উদ্দেশে পশু কোরবানি করা। অনেকেই মীনায় না পারলে মক্কায় ফিরে গিয়ে পশু কোরবানি দেন। তৃতীয় পর্বে মাথা ন্যাড়া করা। চতুর্থ কাজ তাওয়াফে জিয়ারত। জিলহজের ১১ তারিখ মীনায় রাত যাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়ের মধ্যে হাজীরা বড়, মধ্যম ও ছোট শয়তানের উপর সাতটি করে পাথর নিক্ষেপ করবেন। আর এ কাজটি করা সুন্নত। পরদিন ১২ জিলহজ মীনায় অবস্থান করে পুনরায় একইভাবে হাজীরা তিনটি শয়তানের উপর পাথর নিক্ষেপ করবেন। শয়তানকে পাথর নিক্ষেপ করা শেষ হলে অনেকে সূর্যাস্তের আগেই মীনা ছেড়ে মক্কায় চলে যাবেন। আর মক্কায় পৌঁছার পর হাজীদের একটি কাজ অবশিষ্ট থাকে। সেটি হচ্ছে ক্বাবা শরীফ তাওয়াফ করা। একে বলে বিদায়ী তাওয়াফ। স্থানীয়রা ছাড়া বিদায়ী তাওয়াফ অর্থাত্ ক্বাবা শরীফে পুনরায় সাতবার চক্কর দেওয়ার মাধ্যমে হাজীরা সম্পন্ন করবেন পবিত্র হজব্রত পালন।

এদিকে গতকাল সারাদিন এবং গত রাতে হজযাত্রীরা মীনায় অবস্থান করেন। সেখানেই শুরু হয় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। প্রতি বছর হজের সময় মুসলিম­দের অস্থায়ী আবাস হিসেবে মীনায় বসানো হয় লাখ লাখ তাঁবু। পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় দশ কিলোমিটার অদূরের মীনা যেন তাঁবুর শহর। যেদিকে চোখ যায়, তাঁবু আর তাঁবু। তাঁবুতে প্রত্যেকের জন্য আলাদা ফোম, বালিশ, কম্বল বরাদ্দ। ফোমের নিচে বালু। মীনায় অবস্থান করা হজের অংশ। হজযাত্রীরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন।

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদীনা, মীনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদী সরকার। মোতায়েন আছে এক লাখের বেশি নিরাপত্তাকর্মী।

রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে বসতে জাতিসংঘের প্রতি যুক্তরাজ্যের আহবান

মিয়ানমারে রোহিংগাদের ওপর সরকারী বাহিনীর অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা পর্যালোচনা করে দ্রুত বৈঠকে বসতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাজ্য।
এক টুইট বার্তায় জাতিসংঘে নিযুক্ত বৃটেনের দূত ম্যাথ্যু রিক্রফট বলেন, মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য। রাখাইন ইস্যুটিকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত বৈঠকটি হবার কথা রয়েছে। এর আগে সোমবার মানবিক ত্রাণ সরবরাকারী প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারে প্রবেশাধিকার দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস। দেশটির রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে গভির উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

ক্রেতাদেরও ভিড় বেড়েছে পশুর হাটগুলোতে

 ঢাকা থেকে মোঃ নুর হুসাইন ----- 
ঈদুল আযহার বাকি আর মাত্র দুই দিন। ক্রেতাদেরও ভিড় বেড়েছে পশুর হাটগুলোতে। তবে রাজধানীর গাবতলী হাটে এবার দেশি গরুই বেশি। আর দামও বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তবে ব্যাপারি, হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এখন পর্যন্ত গরুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
কোরবানীর ঈদের আগে এটিই নিয়মিত দৃশ্য। হাট থেকে কেনার পর, সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাবতলী থেকে বাড়ি নিয়ে যাওয়া।গাবতলীর পশুর হাট গতকাল পর্যন্ত জমে না উঠলেও ব্যাপারিরা জানিয়েছেন আজ পুরোপুরি জমে উঠেছে এই হাট। সকাল থেকে বেচা-বিক্রিও বেড়েছে।
গাবতলী হাটে এবার বড় সাইজের গরু আকারভেদে ৫০ হাজার থেকে শুরু করে ১০-১৫ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন ব্যাপারীরা। বিভিন্ন জাতের গরুর মধ্যে এবার কুষ্টিয়া থেকে আনা গরুর চাহিদাই বেশি। তবে বন্যা হওয়ার কারণে এবার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গরু এসেছে কম।
এখন পর্যন্ত পশু সরবরাহ ভাল । তবে ব্যাপারীরা দাম হাঁকাচ্ছেন বেশ। তাই দরদাম করে গরু কিনে কেউ খুশি আবার কেউ একটু অখুশি।
গাবতলী পশুর হাটে এবার ভারত থেকে তেমন একটা গরু আমদানি হয়নি। তবে ঈদের দুই দিন আগে যদি আমদানী করা গরু বাজারে আসে তাহলে লোকসানের আশঙ্কা করছেন স্থানীয় ব্যাপারীরা।


 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates