Social Icons

Saturday, June 2, 2018

কাতারে হামলার হুমকি দিলেন সৌদি আরব


রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে কাতারে হামলা করা হবে বলে হুমকি দিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে লেখা এক চিঠিতে ওই হুঁশিয়ারি দিয়েছেন বলে ফ্রান্সের দৈনিক লা মন্ড জানিয়েছে। খবর আল জাজিরার।
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার জন্য কাতার যে আলোচনা চালাচ্ছে চিঠিতে সে ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন সৌদির বাদশা। এতে তিনি আরও বলেন, কাতার ‘এস-৪০০’ কিনলে সৌদি আরবের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে।
তাই কাতার যাতে এ ব্যবস্থা ক্রয় না করে সেজন্য দেশটির ওপর চাপ প্রয়োগ করতে ফরাসি প্রেসিডেন্টকে ওই চিঠিতে অনুরোধ জানিয়েছেন বাদশা সালমান।
প্যারিস থেকে প্রকাশিত দৈনিক লা মন্ড এমন সময় এ খবর দিলো যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা কেনার জন্য সৌদি আরব নিজেই মস্কোর সংগে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গেছে বলে খবর দিয়েছেন একজন সৌদি কূটনীতিক।

Friday, June 1, 2018

ট্রাকচালকদের পর এবার ব্রাজিলের তেল শ্রমিকদের ধর্মঘট

ব্রাজিলের অন্তত আটটি তেল শোধনাগারে তিনদিনের ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। ট্রাকচালকদের দীর্ঘ ধর্মঘটের ক্ষতি থেকে যখন দেশটি উঠে দাঁড়াচ্ছিল, তখনই এ ধর্মঘট শুরু করেন তেল শ্রমিকরা। তবে আশা করা হচ্ছে, শ্রমিকদের এ ধর্মঘটের ফলে তেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হবে না।
ধর্মঘট থেকে পেট্রোবাস অয়েল কোম্পানির প্রধান নির্বাহী পেদ্রো পারেন্তের পদত্যাগ দাবি করা হচ্ছে। ব্রাজিলের সর্বোচ্চ শ্রম আদালত থেকে এটিকে অবৈধ ঘোষণা করে রুল জারি করার পরও শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

শ্রমিক ইউনিয়নগুলোর দাবির মধ্যে আরো আছে, রাষ্ট্রায়ত্ত পেট্রোবাসের বাজারভিত্তিক মূল্য নির্ধারণ নীতিমালা বন্ধ করা। ব্রাজিলের মন্থর অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে ২০১৬ সালে এ নীতি গ্রহণ করেছিলেন মধ্য ডানপন্থী প্রেসিডেন্ট মাইকেল তেমের।
রিও ডি জেনিরোতে একটি সংবাদ সম্মেলনে সিন্দেপেত্রো নর্তে ফ্লুমিনেজ শ্রমিক ইউনিয়ন সমন্বয়ক তেজিউ বেজেরা বলেন, ‘তেল শ্রমিকরা ধর্মঘটে রয়েছেন। জ্বালানির অসামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারব না বলে যারা মনে করেন, তারা ভুল।’
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে মূলত জ্বালানি ও রান্নার গ্যাসের উচ্চমূল্যের কারণে তেল শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। এখনো তেল সরবরাহ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, তবে আগামী মাস থেকে বৃহত্তর ধর্মঘটের সম্ভাবনার কথা জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে আমির খান

কেয়ামত সে কেয়ামত তাক', 'জো জিতা ওহি সিকান্দার'র মতো জনপ্রিয় ছবির নির্মাতা মুনসুর খান সম্প্রতি তামিলনাড়ুতে নিজের ফার্ম হাউজে ৬০তম জন্মদিন পালন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন তারই বেশিরভাগ ছবির অভিনেতা ও চাচাতো ভাই আমির খান, তার মা জিনাত, স্ত্রী কিরন রাও, সন্তান ইরা ও আজাদ। আমিরের পরবর্তী ছবি 'থাগস অব হিন্দুস্থান' ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ আচার্যও ছিলেন জন্মদিনের অনুষ্ঠানে।
সেই উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করে আমির খান পড়েছেন বিপদে। এখন রমজান মাস চলছে। এরমধ্যেই আমির দিনের বেলায় খাবার খাওয়ার ছবি পোস্ট করেছেন। তবে যে ছবিটি নিয়ে বেশি বিতর্ক হচ্ছে, সেটি আমির ও তার একমাত্র  মেয়ে ইরার। আমিরের প্রথম স্ত্রী রীনার মেয়ে হলেও তার বর্তমান বর্তমান স্ত্রীর কিরণের সঙ্গেও ভালো সম্পর্ক ইরার। তাদের সঙ্গে ইরাও ছিলেন তামিলনাড়ুতে।
সেখানেই ওই ছবিটি তোলা, যাতে হাস্যেজ্জ্বল দেখা গেছে বাবা-মেয়েকে। আমির ঘাসের ওপর শুয়ে আছেন, তার ওপর বসে ইরা। ক্যামেরাবন্দী হওয়া বাবা-মেয়ের স্নেহময় মুহূর্তটিকে নিয়ে জঘন্য সব ইঙ্গিত করে ট্রল করা হচ্ছে। তবে আমির এখনো এর প্রতিক্রিয়ায় কিছু বলেননি। সূত্র: জি নিউজ

বিশ্বকাপ জিতবে ব্রাজিল, রানার্সআপ জার্মানি!

রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ফুটবলপ্রেমীরা। মাঠের বাইরের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাইরেও। এরই মধ্যে যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণ শুরু হয়ে গেছে। আর তারই জের ধরে বিশ্বকাপের ঠিক আগে ব্রাজিল সমর্থকদের জন্য দারুণ সুখবর দিলেন অস্ট্রিয়ার সংখ্যাতত্ত্ববিদরা। তারা বলছেন, সব হিসাব মিলে গেলে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপের মুকুট পেতে চলেছেন নেইমাররাই। 
এ ব্যাপারে একজন বলেছেন, পুরোটাই লাতিন আমেরিকায় জায়ান্টদের সাম্প্রতিক পারফরম্যান্সের উপর নির্ভর করে করা হয়েছে। শেষ ব্রাজিল বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ব্রাজিল যে ক’টি ম্যাচ খেলেছে, তার বেশিরভাগেই জিতেছে তিতের টিম। সেই পারফরম্যান্স রাশিয়াতেও ধরে রাখলে বিশ্বকাপ জয় কঠিন হবে না।
এছাড়া বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবথেকে বেশি। প্রায় ১৫.৮ শতাংশ। আর দ্বিতীয় দল হিসেবে কাপ জয়ের অন্যতম দাবিদার জার্মানি। অস্ট্রিয়ান সংখ্যাতত্ত্ববিদরা বলছেন, দুই দেশের আসন্ন বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা প্রবল। সংখ্যাতত্ত্বের বিচারে দুই দেশ যদি ফাইনালে মুখোমুখি হয় তাহলে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫০.৬ শতাংশ। আর তুলনায় জার্মানির প্রায় ৪৯.৪ শতাংশ।
এছাড়া লিওনেল মেসির আর্জেন্টিনারও ভাল সুযোগ রয়েছে। যদিও মেসি মনে করছেন, একা তার উপর ভরসা রাখলে চলবে না। এদিকে গণিতজ্ঞরা বলছেন, আর্জেন্টিনার এবার সেই অর্থে বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই নেই। যেটুকু আছে, সেটা মেসি দুরন্ত পারফর্ম করলে সম্ভব, না হলে নয়। পর্তুগালের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। তারা ইউরো চ্যাম্পিয়ন হলেও, বিশ্বকাপ জিততে পারবে না।
তাদের মতে, শেষ চারটি দল হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ব্রাজিল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের মতো দলের। ব্রাজিল নামবে ফ্রান্সের বিরুদ্ধে। সেই সম্ভাবনা ৯.৪ শতাংশ। আর জার্মানি নামবে স্পেনের বিরুদ্ধে। সেই সম্ভাবনা ৯.২ শতাংশ। এই লড়াইয়ে ব্রাজিল ও জার্মানিই জিততে চলেছে। ফাইনালে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৬.৬ শতাংশ। সেখানে জার্মানির সম্ভাবনা ১৫.৮ শতাংশের মতো। 
পাশাপাশি গণিতজ্ঞরা এটাও জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এবার একাধিক অঘটন হতে চলেছে।

বিশ্বকাপে ফিরছেন পেরুর 'নিষিদ্ধ' অধিনায়ক গুয়েরেরো

পেরুর জন্য রাশিয়া বিশ্বকাপটা স্বপ্নের বিশ্বকাপ। কারণ দীর্ঘ ৩ যুগ পর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের লড়াইয়ে নামছে পেরু। আর পেরুকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দেওয়ার মূল কারিগর পাওলো গুয়েরেরো। অথচ বিশ্বকাপের আগে তাকেই ড্রাগ নেওয়ার অভিযোগ নিষিদ্ধ করা হয়। তবে অনেক নাটকীয়তার পর সুখবর পেয়েছেন পাওলো গুয়েরেরো। ফিরছেন মস্কোতে। ফিরছেন বিশ্বকাপের লড়াইয়ে। রাশিয়ায় তার নেতৃত্বেই  পতাকা উড়াবে পেরু।
জানা গেছে, সুইজারল্যান্ডের একটি আদালত সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেয়ায় বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন গুয়েরেরো। যদিও গুয়েরেরোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পেরুর তিন প্রতিপক্ষ ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের অধিনায়করাও ফিফাকে অনুরোধ জানিয়েছিলেন।
গত ৫ অক্টোবর বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের পর গুয়েরেরোর ডোপ পরীক্ষা করা হয়। তার শরীরে নিষিদ্ধ কোকেনের উপস্থিতি পাওয়ায় প্রাথমিকভাবে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। তার এমন অপরাধ ইচ্ছাকৃত না হলেও আইন ভঙ্গ করায় কঠোর সিদ্ধান্ত নেয় ফিফা। পরবর্তীতে গুয়েরেরোর আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা ছয় মাসে নামিয়ে আনে ফিফার আপিল কমিটি। 
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার দশ দিনের মাথায় তাকে অধিনায়ক করে রাশিয়া বিশ্বকাপগামী পেরুর জাতীয় দল ঘোষণা করেন পেরুর ফুটবল কর্তৃপক্ষ। কিন্তু দল ঘোষণার একদিন পর ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) এই রায়ের বিরুদ্ধে আবেদন করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। পরে সিএএস নিষেধাজ্ঞা ছয় মাস কমানোর রায় বাতিল করে ১৪ মাসের জন্য নিষিদ্ধ করে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
সিএএস এর আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল করেন পেরুর অধিনায়ক। শেষ পর্যন্ত সুইস ট্রাইব্যুনালের রায়ে সিএএসের নিষেধাজ্ঞা বাড়ানোকে অযৌক্তিক উল্লেখ করে তা বাতিল করা হয়েছে। রায়ে আরো কিছু যুক্তি তুলে ধরেন আদালত। বিচারক ক্রিস্টিনা কিস বলেন, আবেদনকারীরর সব বিষয়কে মাথায় নিয়ে ভেবে দেখেছে তার বয়স ৩৪। ফুটবলার হিসেবে ক্যারিয়ারের এই মুহূর্তে এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। তাকে খেলতে দেয়া না হলে হয়তো তাকে আরও ভুগতে হবে। তাতে করে পেরুর হয়ে সবচেয়ে বেশি গোল করা এই ফরোয়ার্ডের রাশিয়া বিশ্বকাপে খেলতে আর বাধা রইলো না।
আদালত এও বিবেচনায় নিয়েছে যে ডোপ সেবনের ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। এমন সিদ্ধান্তে পেরুর আইনজীবী বলেছেন, সুবিচার নিশ্চিত হয়েছে তবে সেটা আংশিক। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা। 
নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ২৩ জনের ফাইনাল স্কোয়াড ঘোষণার জন্য আর মাত্র ৪ দিন সময় আছে। ফলে পেরুর অধিনায়ক হিসেবেই আবার দলে ফিরতে চলেছেন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা গুয়েরেরো।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর খেলোয়াড় গুয়েরেরো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন। ১৯৮২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়া পেরুর প্রথম ম্যাচ ১৬ জুন ডেনমার্কের বিপক্ষে।

যুবরাজ সালমানকে হত্যার ষড়যন্ত্র করছে তেহরান: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র দাবি করেছে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে হত্যার ষড়যন্ত্র করেছে তেহরান। একই সঙ্গে ইরানের ইসলামি রেভুল্যাশনারি গার্ডকে এ ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ভাষ্য, যুবরাজ সালমানের কথিত 'মৃত্যু ও গুলিবিদ্ধ' হওয়ার যতগুলো সংবাদ পরিবেশন করা হয়েছে, সব জায়গায় ইসলামি রেভুল্যাশনারি গার্ডকে উদ্ধৃত করা হয়েছে। 
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই বলেছেন, ইরানের গণমাধ্যমগুলোকে বিশ্বাস করা যায় না। তারা স্বেচ্ছায় মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সৌদি আরবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন, সৌদি আরবকে বিশ্বের কাছে অস্থিতিশীল হিসেবে তুলে ধরতেই ইরানি গণমাধ্যম ষড়যন্ত্রমূলকভাবে এ সংবাদ প্রচার করেছে। বেশ কয়েকটি আরব দেশের গণমাধ্যমগুলোর প্রতিবেদন বিশ্লেষণ করে তারা জানিয়েছে, সব কয়টি সংবাদের উৎস দেয়া আছে ইরান ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সৌদি রাজ প্রাসাদে গোলাগুলির ঘটনাকে রাজ পরিবারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের চেষ্টা হিসেবে দেখা হয়েছে। ইরানি গণমাধ্যমসহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে দাবি করা হয়, ওই রাতে প্রিন্স সালমানের গায়ে দুটি গুলি লাগে। এর জের ধরে ইরানি গণমাধ্যমে খবর বেরোয়, প্রিন্স সালমান মারা গেছেন। দীর্ঘ এক মাস লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ায় তার মৃত্যু নিয়ে ধোয়াশা সৃষ্টি করে দেশটির গণমাধ্যম। তবে সম্প্রতি ফিফার সভাপতির সঙ্গে বৈঠক ও মন্ত্রিসভার বৈঠকে যোগদান করে মৃত্যু ও গুলিবিদ্ধ হওয়ার খবর উড়িয়ে দেন যুবরাজ সালমান।

ইতালিতে নতুন জোট সরকার গঠন আজ

নতুন জোট সরকার গঠনে সম্মত হয়েছে ইতালির প্রধান দলগুলো। গিউসেপ্পে কন্তে হবেন এই নতুন সরকারের প্রধানমন্ত্রী। তিনি প্রেসিডেন্ট সার্গিয়ো মাত্তারেল্লার কাছে তার মন্ত্রীপরিষদের সদস্যদের একটি প্রস্তাবিত তালিকা জমা দিয়েছেন। আজ শুক্রবার তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
 
খবরে বলা হয়, মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হলেও কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় জোট সরকার গঠনই একমাত্র উপায় ছিল ইতালির প্রধান দলগুলোর কাছে। তবে বিভিন্ন কারণে এখনো তা সম্ভব হয়ে ওঠেনি। সর্বশেষ গিউসেপ্পে কন্তেকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে জোট সরকার গঠনে সম্মত হয়েছিল ফাইভ স্টার মুভমেন্ট ও দ্য লীগ।
 
তবে কন্তের মনোনীত অর্থমন্ত্রী পাওলো সাভোনাকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট মাত্তারেল্লা। প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী হতে অস্বীকৃতি জানান কন্তে। কিন্তু এখন নতুন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে রাজি হয়েছেন তিনি।
 
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মাত্তারেল্লার কাছে মন্ত্রীপরিষদের সদস্যদের প্রস্তাবিত তালিকা জমা দিয়েছেন কন্তে। আজ শুক্রবার তার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার ও সরকার গঠনের কথা রয়েছে।
 
মন্ত্রীপরিষদের সদস্যদের ফাইভ স্টার মুভমেন্ট(এমফাইভএস) ও দ্য লীগ উভয় দল থেকেই নেয়া হয়েছে। সরকার গঠনের জন্য এইবার অর্থমন্ত্রী হিসেবে গিয়োভানি ট্রিয়াকে মনোনীত করেছেন কন্তে।
 
এক যৌথ বিবৃতিতে এমফাইভএস এর নেতা লুইগি দি মাইয়ো ও মাত্তেও সালভিনি বলেন, একটি এমফাইভএস-লীগ জোট সরকার গঠনের জন্য সকল শর্ত পূরণ হয়েছে।
 
জোট সরকারের মন্ত্রীপরিষদের সদস্যদের মধ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন মাত্তেও সালভেনি; শিল্পমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন লুইগি দি মাইয়ো; পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এনজো মোয়াভেরো মিলেনেসি; প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন এলিসাবেত্তা ট্রেন্টা ও ইউরোপীয় এফেয়ার্স বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন পাওলো সাভোনা।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates