Social Icons

Monday, January 2, 2017

বাংলাদেশ সীমান্তে লেজার ওয়াল বসাচ্ছে ভারত


পাকিস্তান সীমান্তের মতো এবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও বসানো হচ্ছে লেজার ওয়াল এবং অত্যাধুনিক সেন্সর।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে নদীপাড়সংলগ্ন অঞ্চলগুলি, যেখানে কাঁটাতার বসানো সম্ভব নয় এবং জনবসতিহীন এলাকাগুলিতে লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর বসানো হবে।
ওই কর্মকর্তা জানান, আগামী কয়েক মাসের মধ্যেই এ-সংক্রান্ত একটি পাইলট প্রোজেক্ট শুরু হবে। তিনি যোগ করেন, কোথায় ওই সেন্সর এবং লেজার ওয়াল বসবে, সেই জায়গাগুলি চিহ্নিত হয়ে গেছে। প্রয়োজনীয় সরঞ্জাম হাতে এলেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হবে বলে জানান তিনি। তার আশা, আগামী বছরের মধ্যে ওই কাজ সম্পন্ন হবে।
জানা গেছে, যে জায়গাগুলিতে কাঁটাতার বসানো সম্ভব নয়, সেখানে এই বিশেষ প্রযুক্তির লেজার ওয়াল কীভাবে লাগানো যায়, তা খতিয়ে দেখতে একদল বিশেষজ্ঞ শিগগিরই পরিদর্শন করবে। বিএসএফ সুত্রে খবর, স্মার্ট সেন্সরগুলি নিয়ন্ত্রিত হবে উপগ্রহ-নির্ভর সিগন্যাল কম্যান্ড সিস্টেম মারফত।
রাতে ও কুয়াশায় যখন দৃশ্যমানতা কমে যায়, তখন এই স্মার্ট সেন্সর কার্যকর হবে। কেউ অনুপ্রবেশ করতে চাইলেই, সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে এবং নিরাপত্তারক্ষীদের সতর্ক করবে।
এই ধরনের লেজার ওয়ালকে ভারত-পাকিস্তান সীমান্তে ব্যবহার করছে ভারতীয় আধা-সামরিক বাহিনী।
বিএসএফ কর্তাদের মতে, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে যে নদীপাড় সীমান্ত এবং জনবসতিহীন সীমান্তাঞ্চল দিয়ে সাম্প্রতিক অতীতে জঙ্গি ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অভিযুক্তরা পারাপার করছে।
ওই কর্মকর্তা জানান, এই লেজার ওয়াল ও স্মার্ট সেন্সরের বিষয়টি আগেও উত্থাপিত হয়েছিল। কিন্তু, পরে তা হিমাগারে চলে যায়। গত বছর ঢাকায় ‘জঙ্গি’ হামলার পর ফের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের সঙ্গে ভারতের ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ২,২১৬ কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে।

বাহরাইনের কারাগারে বন্দুকধারীদের হামলা, পুলিশ নিহত


বাহরাইনের একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

রোববার রাজধানী মানামার দক্ষিণে অবস্থিত জাউ কারাগারে এ হামলার ঘটনা ঘটে। খবর এএফপির।

কারাগারটিতে সরকারবিরোধী শিয়া আসামীরা উপস্থিত ছিলেন। হামলাকালে বন্দিরা পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারে হামলাকারী এবং পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

২০১১ সালে সাংবিধানিক রাজতন্ত্র এবং প্রধানমন্ত্রী পদে নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিয়া সম্প্রদায়েরর নেতৃত্বাধীন এ বিক্ষোভ কঠোরভাবে দমন করে সুন্নী কর্তৃপক্ষ।

ওই সময় শত শত শিয়া বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। বিক্ষোভে জড়িত থাকায় পরে তাদের বিচারের মুখোমুখি করা হয়।  

জাতিসংঘের নয়া মহাসচিবের দায়িত্ব নিলেন গুটেরেস


জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্টোনিও গুটেরেস।

দায়িত্ব গ্রহণের পর ২০১৭ সালকে শান্তি প্রতিষ্ঠার বছরে পরিণত করবেন বলে সংকল্প ব্যক্ত করেছেন তিনি।

রোববার বিদায়ী মহাসচিব বানকি মুনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ৬৭ বছর বয়সী গুটেরেস।

বিশ্ব সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিনেই 'সবারে আগে শান্তি'প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বার্তা দেন তিনি।
 
বার্তায় গুটেরেস বলেন, যুদ্ধ-সংঘাতের কারণে ব্যাপক হারে বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে। নারী, শিশু ও পুরুষরা নিহত ও আহত হচ্ছে। নিজেদের ঘরবাড়ি থেকে তাদের জোর করে বের করে দিয়ে তা জবর দখল করা হচ্ছে এবং তারা নিঃস্ব হয়ে পড়েছে।

এসব যুদ্ধে কেউ জয়ী হচ্ছে না, বরং সবাই পরাজিত হচ্ছে বলে জানান জাতিসংঘের নয়া মহসচিব। সংঘাত-যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না দেখা যাওয়ায় দুদর্শার শিকার বিশ্বের লাখ লাখ মানুষকে কিভাবে সহযোগিতা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গুটেরেস নতুন বছরের অঙ্গীকার হিসেবে সবার আগে শান্তি প্রতিষ্ঠার বিষয়কে প্রাধান্য দিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আসুন ২০১৭ সালে আমরা সব নাগরিক, সব সরকার, নেতৃবৃন্দ নিজেদের মধ্যকার ভেদাভেদ অবসান ঘটাতে চেষ্টা করি।

তিনি আরও বলেন, অবশ্যই শান্তি আমাদের মূল লক্ষ্য এবং এটিই আমাদের পথপ্রদর্শক। আমাদের একই মানব পরিবার সদস্য হিসেবে মর্যাদা এবং আশা, প্রগতি এবং সমৃদ্ধি অর্জনে সর্বাত্মক চেষ্টা করতে হবে, আর তা শান্তির উপর নির্ভর করছে। কিন্তু শান্তি নির্ভর করছে আমাদের উপর।

মালদ্বীপকে গুঁড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ


সিরাত জাহান স্বপ্নার হ্যাটট্রিকে মেয়েদের সাফ ফুটবলে প্রথমবারের মতো ফাইনালে ওঠেছে বাংলাদেশ। এদিন প্রতিপক্ষ মালদ্বীপকে রীতিমতো ৬-০ গোলে গুঁড়িয়ে দেয় স্বপ্না-সাবিনারা।

সোমবার ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শুরুর দিকে কিছুটা অগোছালো খেললেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন ভারত। অবশ্য গ্রুপ পর্বে তাদের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল স্বপ্নারা।

ফাইনালে ওঠার স্বপ্ন পূরণের পথে হ্যাটট্রিক করেন স্বপ্না। জোড়া গোল করেন সাবিনা খাতুন। এই দুই ফরোয়ার্ডের সঙ্গে গোলের খাতায় নাম লেখান ডিফেন্ডার নার্গিস খাতুনও।

আফগানিস্তানকে ৬-০ গোলে হারিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয়। দুদলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।

সোমবার প্রথম সেমিফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠে ভারত। টানা তিনবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বুধবার শিরোপা লড়াইয়ে নামবে স্বপ্না-সাবিনারা।

টাইটানিক ধ্বংসের আসল কারণ জানালেন ম্যালোনি

একশো বছর আগে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ নিয়ে ফের জল্পনা উঠেছে। জাহাজ ধ্বংসের কারণ নিয়ে উঠে এসেছে নতুন তথ্য। 
  
সম্প্রতি আইরিশ সাংবাদিক ম্যালোনি জানিয়েছেন, কোনো হিমশৈল নয়, আগুনের কারণে টাইটানিকের ধ্বংস হয়েছে। 
  
গত ৩০ বছর ধরে তিনি টাইটানিকের উপর গবেষণা চালাচ্ছেন। গবেষণা শেষে এমন তথ্য দিয়েছেন ম্যালোনি। ‘টাইটানিক: দ্য নিউ এভিডেন্স’ নামে একটি তথ্যচিত্রে গোটা বিষয়টি তুলে ধরেছেন ওই সাংবাদিক। 
  
ম্যালোনি জানান, হিমশৈলটি ধাক্কা মারার ফলে টাইটানিকের কোনো ক্ষতিই হয়নি। আগুনের কারণেই জাহাজটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল।  
  
১৯১২ সালে বেলফাস্ট থেকে রওনা হওয়ার পরই জাহাজের নিম্নবর্তী অংশে যে আগুন জ্বলছিল, সেই আগুনই জাহাজের খোলটিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। 
  
চারদিন পরে সেই আগুন নেভানো হয়। আগুনের তাপমাত্রা ছিল প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস। যা জাহাজের খোলটিকে ভঙ্গুর করে দিয়েছিল। ফলত ওই হিমশৈলে ধাক্কা লাগার পরেই ভেঙে যায় জাহাজটি। না হলে ওই হিমশৈলটির ধাক্কায় জাহাজটি ভেঙে যেত না। 

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেবে মিয়ানমার


প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া রোহিঙ্গা নির্যাতনের একটি ভিডিওকে আমলে নিয়েছে মিয়ানমার সরকার। ভিডিওটি করেছেন একজন পুলিশ কর্মকর্তা।

এর আগে রোহিঙ্গারা বিভিন্ন সময়ে রাখাইন স্টেটে তাদের উপর নির্যাতনের চিত্র প্রকাশ করলেও মিয়ানমারের সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল।

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কর্তৃপক্ষ এখন প্রতিশ্রুতি দিয়েছে তারা ঐ ভিডিওটির প্রেক্ষাপটে পদক্ষেপ নেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ঐ ভিডিওতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে।

সরকারের দেয়া এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নিয়ে বলা হয়েছে, এই ঘটনা নভেম্বরে রাখাইন স্টেটে সংঘর্ষের দুইদিন পরেই ঘটেছে।

ঐ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়। এ পর্যন্ত মিয়ানমার সরকার সব সময় বলে এসেছে রাখাইন স্টেটে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে।

এর আগে রোহিঙ্গাদের দ্বারা ধারণ করা এই ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল সরকার।

এমনকি গত তিন মাস ধরে ঐ এলাকায় কোন পর্যবেক্ষকের প্রবেশে বাধা রয়েছে।

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৫০ জন নিহত


ব্রাজিলের আমাজন বনে অবস্থিত শহর মানাউসের কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই কথা গ্লোবো টিভি নেটওয়ার্ককে জানিয়েছেন
 
আমাজোনাস স্টেটের নিরাপত্তা বাহিনীর প্রধান সার্জিও ফন্টেস আরো অনেক মৃত্যুর আশঙ্কা করেছেন। রবিবার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই দাঙ্গা শুরু হয়। আর এই দাঙ্গার প্রকৃত হতাহতর সংখ্যা জানতে কিছু সময় লাগবে। ব্রাজিলের কারাগারের মান নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সংশয় প্রকাশ করেছে। কারাগারের ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী ধারণ ছাড়াও নিয়মিত দাঙ্গার ঘটনা ঘটে। রয়টার্স।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates