Saturday, February 4, 2017
ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতিজ্ঞা ট্রাম্পের
সাতটি মুসলিম দেশের বিমানযাত্রীদের ওপর মার্কিন প্রেসিডেন্টের আরোপিত নিষেধাজ্ঞা একটি আদালত সাময়িকভাবে স্থগিত করে দেবার পর ক্রুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটার ট্রাম্প বিচারকের রায়কে 'হাস্যকর' বলে আখ্যায়িত করে বলে তিনি ওই রায় উল্টে দেবার সংকল্পও প্রকাশ করেন।
সিয়াটলের একটি আদালতের ফেডারেল বিচারক জন রবার্টস তার রায়ে মি. ট্রাম্পের নির্বাহী আদেশকে মার্কিন সংবিধানের লংঘন বলে আখ্যায়িত করে, সারা যুক্তরাষ্ট্রব্যাপী ওই আদেশের কার্যকারিতা ঠেকিয়ে দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় ফেডারেল বিচারককে 'তথাকথিত' বিচারপতি বলে উল্লেখ করেন এবং বলেন, তার রুলিংয়ের ফলে 'দেশের হাত থেকে আইন প্রয়োগের ক্ষমতাকেই কার্যত কেড়ে নেয়া হয়েছে'।
তিনি বলেন, "এই হাস্যকর রায় উল্টে দেয়া হবে। আরেকটি টুইটে ট্রাম্প বলেন, "যখন একটা দেশ নিরাপত্তার কারণে কে ঢুকতে বা বেরোতে পারবে তা ঠিক করতে অক্ষম হয়ে পড়ে, তখন এটা এক বিরাট সমস্যা। তবে আদালতের ওই রুলিং এর পরই মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ বিমান সংস্থাগুলোকে বলে দিয়েছে যেন ওই সাতটি দেশের লোকদের যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে দেয়া হয়।
এর পর থেকে বিভিন্ন এয়ারলাইন্স ওই সাতটি দেশের লোকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইটে উঠতে দিচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমলিয়া, সুদান ও ইয়েমেন - এই দেশগুলোর লোকদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেন। এর পর গতকাল সিয়াটলের একজন বিচারক ওই আদেশটি সাময়িকভাবে আটকে দেন।
বিচারপতি তার রুলিংয়ে বলেন, মার্কিন সংবিধানে কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত দেখানো নিষিদ্ধ করে যে ধারা রয়েছে - প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশ তার লংঘন। ট্রাম্পের সরকার আদালতের এ আদেশে ক্ষোভ প্রকাশ করে বলেছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, প্রশাসন মনে করে যে এ পদক্ষেপ যথাযথ এবং আইনসংগত ছিল, এবং দেশকে সুরক্ষা দেবার জন্যই প্রেসিডেন্ট এ আদেশ দিয়েছিলেন। ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করার পর বিভিন্ন বিমানবন্দরে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, সাতটি দেশের প্রায় ৬০ হাজার যাত্রীর যুক্তরাষ্ট্র যাত্রা বাতিল হয়, এবং আমেরিকার অনেকগুলো বিমানবন্দরে বিক্ষোভ দেখানো হয়।
বিবিসি।
Labels:
আন্তর্জাতিক
Thursday, February 2, 2017
পাঁচ মুসলিম দেশকে ভিসা দেবে না কুয়েত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঁচ দেশকে ভিসা দেবে না কুয়েত। পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরানের নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
মাত্র কদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারির পরপরই কুয়েত এমন সিদ্ধান্তে আসল। ওই পাঁচটি দেশ থেকে চরমপন্থীরা কুয়েতে প্রবেশ করতে পারে আশঙ্কা করে এই সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
উল্লেখ্য, গত ২০১৫ সালে কুয়েতের একটি শিয়া মসজিদে জঙ্গি হামলার ঘটনায় ২৭ জন নিহত হয়েছিল। এরা সবাই কুয়েতের নাগরিক ছিল। তাই আগেও একবার সিরিয়ার নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত।
গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ হওয়ায় জিসিসিভুক্ত দেশগুলো এবং ইরানের মধ্যে কুয়েতের এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।
Labels:
আন্তর্জাতিক
এখন সবাই সবার স্বার্থ নিয়ে কাজ করছে
জনপ্রিয় অভিনেত্রী নিপুণ। এখন চলচ্চিত্রে বেশি কাজ করছেন না তিনি। গত বছর সর্বশেষ কাজ করেছিলেন তৌকীর আহমেদের পরিচালনায় অজ্ঞাতনামা চলচ্চিত্রে। আর এই চলচ্চিত্রে অভিনয় করে অনেক বেশি প্রশংসার বৃষ্টিতে ভিজেছেন নিপুণ। দেশ এবং দেশের বাইরে তার অভিনীত চলচ্চিত্রটি প্রশংসিত হয়েছে। আর এতে আরও বেশি বাছাই করে কাজ করতে চান তিনি। হাতে কাজ থাকলেও সব চলচ্চিত্রে কাজ করতে নারাজ এই অভিনেত্রী।
এ সম্পর্কে নিপুণ বলেন, ‘গত বছরও আমি অজ্ঞাতনামা চলচ্চিত্রে কাজ করে সবার কাছে যে ভালোবাসা পেয়েছি তাতে করে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। হাতে বেশ কিছু স্ক্রিপ্ট আছে কিন্তু পছন্দ না হলে কাজ করতে চাই না। অনেক কাজ করেছি। এখন একটু বেছে বেছে কাজ করার পক্ষে আমি।’
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও কাজ করেন নিপুণ। তবে নতুন বছরে এসে এখনও কোনো কাজ শুরু করতে পারেননি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এ সম্পর্কে তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে খুব ব্যস্ত। এখন পর্যন্ত সময় করে উঠতে পারছি না। ভালোবাসা দিবসের কোনো কাজও করতে পারিনি। তবে ঈদের কিছু কাজ ইতোমধ্যেই হাতে এসেছে। ইচ্ছা আছে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে একটু বেশি কাজ করব। এ ছাড়া মাঝে মাঝে টেলিভিশন অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। স্টেজ শো করছি। আগামীকাল রাজারবাগ ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেব।’
চলচ্চিত্র নিয়ে আগামী ভাবনা সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘আমার ক্যারিয়ার শুরু করেছিলাম বাণিজ্যিক ধারার ছবিতে কাজের মাধ্যমে। আমি বাণিজ্যিক ধারার চলচ্চিত্রকে খুব মিস করি। কিন্তু এখন সবাই সবার স্বার্থ নিয়ে কাজ করছে। যে যেভাবে আসছে টাকা নিয়ে চলে যাচ্ছে। আগের মতো জমজমাট এফডিসি নেই। দেশের বাইরে থেকে অনেক নায়ক-নায়িকা এসে আমাদের এখানে কাজ করছে। আমরা তাদেরকে নিয়ে বেশি উত্সাহিত। তারা কিন্তু আমাদের দেশের মানুষদের নিয়ে ততটা উত্সাহী নয়। আমার খারাপ লাগে টেকনিশিয়ান ও জুনিয়র শিল্পীদের নিয়ে। তাদের কাজের জায়গা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমি চাই আমাদের চলচ্চিত্র আবারও সুন্দরভাবে ঘুরে দাঁড়াক।’
Labels:
বিনোদন
মার্কিনদের ভিসা দেওয়া বন্ধ করল ইরান
ইরানের রাজধানী তেহরানে আজ মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক এহোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ছবি : ওয়াল স্ট্রিট জার্নাল
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইরান। আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রে ইরানি নাগরিকদের প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশের পর পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
ইরানের রাজধানী তেহরানে আজ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক এহোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর শেষে পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, এখন থেকে আর কোনো মার্কিন নাগরিককে ভিসা দিচ্ছে না তেহরান।
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শরণার্থী ও সাতটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। ওই সাতটি দেশের মধ্যে রয়েছে ইরান।
ওই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে আইনি, রাজনৈতিক ও সমুচিত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টে জাভেদ লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মতো আমরা অতীতকে ধরে রেখে সিদ্ধান্ত নিই না। বৈধ ইরানি ভিসা থাকলে সবাইকে স্বাগতম।’
ট্রাম্পের ওই নির্বাহী আদেশের বিরোধিতা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা, তা তিন মাসের মতো সাময়িক হলেও এটা ইরানসহ মুসলিম বিশ্বের জন্য অপমান।’ তিনি আরো বলেন, ‘যতক্ষণ যুক্তরাষ্ট্র ইরানের জনগণের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইরানের জনগণের অধিকার রক্ষার্থে বাণিজ্যিক, রাজনৈতিক, আইনগত ও পাল্টা ব্যবস্থা চালিয়ে যাওয়া হবে।’
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ওই সাতটি দেশের মধ্যে ইরান ছাড়াও সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন রয়েছে।
Labels:
আন্তর্জাতিক
কীভাবে বুঝবেন প্রেমিক প্রতারক না ?
অনেক সুন্দর সম্পর্কেও বিচ্ছেদ ঘটতে পারে প্রতারণার কারণে। তবে আপনি যদি প্রেম থাকাবস্থায় কোনোভাবে আন্দাজ করতে পারেন যে প্রেমিক প্রতারক, তাহলে তাকে বিয়ে করে আর পস্তাতে হবে না। এখন প্রশ্ন হলো, বুঝবেন কীভাবে আপনার প্রেমিক প্রতারক না? এ ক্ষেত্রে আইডিভা ওয়েবসাইটের এই তালিকা আপনাকে সাহায্য করবে।
১. প্রেমিকের বন্ধুদের ভালো করে খেয়াল করুন। তারাও কোনো সম্পর্কে আছে কি না দেখুন। যদি দেখেন আপনার প্রেমিকের বন্ধুরা অন্য মেয়েদের সঙ্গে প্রতারণা করছে, তাহলে বুঝবেন সেও এমনটা করতে পারে। কারণ, বন্ধুদের এমন দেখতে দেখতে তার মধ্যেও এর প্রভাব পড়তে পারে।
২. প্রেমিক যদি তার কোনো কাছের বন্ধুর কাছে আপনার কথা না বলে কিংবা পরিবারের সদস্যদের কাছ থেকে আপনাকে লুকিয়ে রাখে, তাহলে বুঝবেন তার মধ্যে ঝামেলা আছে। সে আপনার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আর নিজেও যেকোনো সময় পালানোর চেষ্টা করতে পারে। এ কারণেই পরিচিতজনদের কাছ থেকে আপনাকে দূরে রাখতে চায়।
৩. আপনি তার প্রতি যেমন অনুভব করেন, সে আপনার প্রতি ঠিক তেমনটা অনুভব করে কি না বোঝার চেষ্টা করুন। তার আচরণই বলে দেবে আপনার প্রতি তার কতটা আগ্রহ রয়েছে। কোনোরকম আগ্রহের ঘাটতি থাকলে বুঝবেন, সে আপনাকে পুরোপুরি ভালোবাসে না। এখানে তার প্রতারণা করার আশঙ্কা শতভাগ রয়েছে।
৪. আপনার প্রতি তার বিশ্বাস আছে কি না দেখুন। যেহেতু সে ভুল কিছু করছে না, সেহেতু আপনার প্রতিও তার বিশ্বাস থাকবে যে আপনিও ভুল কিছু করছেন না। আপনাকে যদি সে কথায় কথায় সন্দেহ করে, তাহলে বুঝবেন সেও সন্দেহের কোনো কাজ করছে।
Labels:
লাইফস্টাইল
ঘানাকে হারিয়ে ফাইনালে ক্যামেরুন ---------আফ্রিকান নেশনস কাপ
ঘানাকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠেছে ক্যামেরুন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ঘানাকে ২-০ ব্যবধানে হারিয়ে ৮ বছর পর আফ্রিকান নেশনস কাপের শিরোপা লড়াইয়ের যুদ্ধে অবতীর্ণ হয়েছে ক্যামেরন। আগামী রোববার গ্যাবনের রাজধানী লিব্রেভিলের স্টাডে ডি লে’মিতাইয়ের ফাইনালে ক্যামেরুনের প্রতিপক্ষ সাতবারের চ্যাম্পিয়ন মিশর।
ঘানা সর্বশেষ আফ্রিকান নেশনস কাপের (আফকন) শিরোপা জিতেছিল ১৯৮২ সালে। এরপর তারা তিনটি ফাইনালে হেরেছে। ২০০৮ সালে ক্যামেরুন নিজেদের সর্বশেষ ফাইনালে এ মিশরের কাছেই হেরে শিরোপা হাতছাড়া করে।
ক্যামেরুন এবারের আসরে সেমিফাইনালে উঠে কোয়ার্টার ফাইনালে সেনেগালকে টাইব্রেকারে হারিয়ে। আর ঘানা উঠে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে।
সেমিফাইনালের ম্যাচে প্রথমার্ধে দুদলই গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ঘানার গোলকিপার আব্দুল রাজাকের ভুলে এগিয়ে যায় ক্যামেরুন।
পরে ক্যামেরুনের ফাইনাল নিশ্চিত করেন ক্রিস্টিয়ান বাসোগ। মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে ঘানার গোলরক্ষককে পরাস্ত করে দলের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সি এ ফরোয়ার্ড।
Labels:
খেলাধুলা
ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় রোববার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান। মূলত তার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বারাক ওবামা প্রশাসনের সময়ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে একই ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল ইরান।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটরদের পক্ষ থেকে ট্রাম্পকে একটি চিঠি দেয়া হয়।
এতে বলা হয়, 'সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মতো অস্থিতিশীল পরিস্থিতি এড়ানোর জন্য ইরানের নেতাদের চাপে রাখতে হবে।'
এর আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত বাতিল করে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার সেটি আবার বহালের আভাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফিন হোয়াইট হাউসে এক বক্তৃতায় বলেন, 'আমরা অনানুষ্ঠানিকভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছি।'
যুক্তরাষ্ট্রের নতুন এ পরিকল্পনাকে 'ভিত্তিহীন গলাবাজি' বলে মন্তব্য করেছেন ইরানের উপদেষ্টা আলী আকবার বেলায়েতি।
তিনি বলেন, ট্রাম্প যা শুরু করেছেন, তাতে যুক্তরাষ্ট্রের মানুষও তার গোঁড়ামিতে অসন্তুষ্ট।
এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী বলেছেন, ব্যালেস্টিক মিশাইল প্রকল্প নিয়ে অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের এমন ব্যক্তির বাগড়ম্বরপূর্ণ হুমকিতে ভীত নয় তার দেশ।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Posts (Atom)







