Social Icons

Saturday, September 2, 2017

বাংলাদেশে ৫৮ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ, নাফ নদীতে ভাসছে আরো ২০ হাজার

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সাম্প্রতিক নির্যাতন শুরু হওয়ার পরে সীমান্ত দিয়ে অবাধভাবে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। জাতিসংঘের হিসেবানুযায়ী গত এক সপ্তাহে ৫৮ হাজার শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।
 
বিবিসির খবরে বলা হয়, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর সরকারি নীতি স্বত্ত্বেও একরকম বিনা বাধায় রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। ধারণা করা হচ্ছে আরো ২০ হাজার রোহিঙ্গা নাফ নদীর উপরে ভাসছে। দাতব্য সংস্থাগুলো বলেছে, এই মানুষগুলো বিষধর সাপের কামড়সহ ডুবে মরার আশঙ্কায় রয়েছে।
 
এর আগে গত অক্টোবরের সহিংসতার সময়ে ৮৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। ইতিমধ্যে আনুমানিক ২ থেকে ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রয়েছে।
 
পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উগ্র বৌদ্ধ জনতার বিরুদ্ধে তাদের গ্রামে আগুন লাগানোর অভিযোগ করেছে। মিয়ানমারের সরকার জানিয়েছে, গত সপ্তাহে ২০টি পুলিশ চেকপোস্টে রোহিঙ্গা জঙ্গিদের হামলার জবাবে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। বৃহস্পতিবার মিয়ানমার সরকার জানায়, এই অভিযানে ৩৯৯ জন নিহত হয়েছে যার মধ্যে ৩৭০ জন রোহিঙ্গা ‘জঙ্গি’। বিবিসি।
 

স্মৃতিশক্তি বাড়াতে জুরি নেই অ্যাভোক্যাডোর


গবেষকদের মতে, প্রাপ্তবয়ষ্ক মানুষের প্রত্যেকদিন একটি করে অ্যাভোক্যাডো অবশ্যই খাওয়া দরকার। শরীরকে সুস্থ রাখতে, শরীরের প্রয়োজনীয় ঘাটতি পূরণ করতে এই ফলের জুড়ি নেই।
আপাতঃদৃষ্টিতে অ্যাভোক্যাডো চর্বি সমৃদ্ধ খাবার বলে মনে হলেও এই চর্বি আমাদের শরীরের জন্য হিতকর। অ্যাভোক্যাডোর এই অসাধারণ চর্বি তিন প্রকারের. ১। ফাইটোস্টেরল: অ্যাভোক্যাডোর চর্বির বেশীর ভাগই এই ফাইটোস্টেরল। অ্যাভোক্যাডোর চর্বিতে বিভিন্ন ফাইটোস্টেরলের সমন্বয় ঘটায় ফলটি প্রদাহ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২। পলিহাইড্রওক্সিল্যাটেড ফ্যাটি অ্যালকোহল (PFA): যদিও এই উপাদানটি সামুদ্রিক গাছেই সচারাচর পাওয়া যায় কতিপয় স্থলজ উদ্ভিদেও এটা বিদ্যমান।
৩। অলেইক (oleic) এসিড: অ্যাভোক্যাডোতে প্রচুর পরিমানে অলেইক (oleic) এসিড থাকায় এই ফলটি ওজন, হৃদরোগ এবং স্ট্রোক এর ঝুকি কমাতে সহায়তা করে।
সম্প্রতি একটি সমীক্ষায় প্রকাশ হয়েছে যে, অ্যাভোক্যাডো রয়েছে এমন কিছু উপকারী উপাদান, যা আমাদের চোখ ভালো রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। যাদের বয়স ৫০ বছরের বেশি, এমন ৪০ জন মানুষের উপর একটি পরীক্ষা করা হয়। তাদের টানা ছয়মাস প্রত্যেকদিন একটি করে তাজা অ্যাভোক্যাডো খাওয়ানো হয়।
দেখা যায়, প্রত্যেকের চোখের কগনিটিভ ফাংশন অনেক বেশি উন্নত হয়েছে। এবং ২৫ শতাংশ বেড়েছে চোখের লুটেন লেভেল। এই লুটেন লেভেল বৃদ্ধিতে শুধুমাত্র যে দৃষ্টিশক্তিই উন্নত হয়েছে, তা নয়, শক্তিশালী হয়েছে মস্তিষ্কও। তাই প্রত্যেকদিন একটি করে হলেও অ্যাভোক্যাডো খান।

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি ছাত্রের ভিসা বাতিল


ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে বাংলাদেশি এক তরুণের ভিসা বাতিল করা হয়েছে। এই তরুণের নাম মো. আরিফুল ইসলাম। তিনি স্টুডেন্ট ভিসায় ক্যালিফোর্নিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন। তার বাড়ি বাংলাদেশের খুলনায়।
আরিফুল বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। ৫ আগস্ট তিনি দেশ থেকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আসেন। সেখানে অভিবাসন কর্মকর্তারা তার ভিসা বাতিল করেন। আরিফুল দুই বছর আগে ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়মিত ছাত্র হিসেবে অধ্যয়ন শুরু করছিলেন।
জানা যায়, বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাঁর কাছে জানতে চান, তিনি কেন ক্যাম্পাসের বাইরে কাজ করেছেন। সে ধরনের অনুমতি (ওয়ার্ক পারমিট) তো তার নেই। এমন জিজ্ঞাসায় হতভম্ব আরিফুল একপর্যায়ে তার ভিসা বাতিলের সম্মতিপত্রে স্বাক্ষর দিতে বাধ্য হন। এরপর সেদিনই তাকে ঢাকার পথে একটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। অভিবাসন অফিসের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেসের কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু এ তথ্য জানান।

পটুয়াখালীতে রাস্তা থেকে তুলে তরুণীকে গণধর্ষণ

পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ শনিবার ঈদের দিন সকালে এক তরুণীকে (১৯) রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তরুণী বাদী হয়ে দুপুরে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলাটি করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় লোকজন, পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ওই তরুণীর মা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তরুণীটি তাঁর মায়ের সঙ্গেই ছিলেন। আজ ভোরে তিনি হাসপাতাল থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাওয়ার পথে পাঁচ যুবক মোটরসাইকেলটির গতি রোধ করেন। তাঁরা তরুণীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যান। আধা কিলোমিটার দূরের এক পরিত্যক্ত ভিটায় নিয়ে তাঁরা তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে গেলে ওই পাঁচ যুবক পালানোর চেষ্টা করেন। তখন কবিরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির দাবি করেন, তিনি ধর্ষণের সঙ্গে জড়িত নন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত চার সন্দেহভাজন হলেন জাফর গাজী (৩০), মিজান সরদার (২৪), সিদ্দিক (৩০) ও মনজু (২৮)। তাঁরা সবাই ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণী পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি চারজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আর তরুণীর পরীক্ষা-নিরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ধর্ষক রাম রহিমের দত্তক কন্যাকে খুঁজছে পুলিশ


ভারতের ধর্ষক ধর্মগুরু রাম রহিমের পালিত মেয়ে হানিপ্রিত ইনসানকে খুঁজছে হরিয়ানা পুলিশ। পাশাপাশি হানিপ্রিত যেন হরিয়ানা ছাড়তে না পারেন সে জন্য বিমানবন্দরসহ সব জায়গায় পুলিশের পক্ষ থেকে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে জানায় এনডিটিভি। হানিপ্রিতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া।
গত শুক্রবার পাচকুলা বিশেষ আদালত ধর্ষণের দায়ে রাম রহিমকে দোষী সাব্যস্ত করলে হানিপ্রিত সেখান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে বুধবার অভিযোগ করে হরিয়ানা পুলিশ।
রাম রহিমের আশ্রম ডেরা সাচ্চা সাওদার আরেক জ্যেষ্ঠ সদস্য অদ্বিতীয়া ইনসানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
দুই শিষ্যকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করার পর গত সোমবার ৫০ বছর বয়সী গুরমিত রাম রহিমকে ১০ বছরে করে মোট ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে ধর্ষণের শিকার দুই নারীকে দিতে হবে ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ।
রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর পাঞ্জাব ও হরিয়ানায় ব্যাপক তাণ্ডব শুরু করে এই ধর্মগুরুর আড়াই লাখ ভক্ত। সহিংসতা ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি পর্যন্ত।
ওই সহিংসতায় ৩৮ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে সোমবার সাজা ঘোষণার দিন নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। আদালতে রায় না দিয়ে রাম রহিম যেখানে আছেন, সেই রোহতক কারাগারে অস্থায়ী এজলাস বসিয়ে সাজা ঘোষণা করা হয়।

কোমর ব্যথায় যে কাজ গুলো এড়িয়ে যাওয়া উচিত

দৈনন্দিন জীবনে আমরা সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আর যারা চাকরি করেন, তাদের অফিসে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। এরকম নানা কারণে অনেকেই কোমর ব্যথায় ভুগে থাকেন। কোমরে ব্যথা থাকলে কিছু কাজ এড়িয়ে যাওয়া উচিত। জেনে নিন কি কি করবেন না :
১. ভারী জিনিস বহন করলে কোমর ব্যথা বাড়তে পারে। তাই একবারে বেশি ওজন বহন না করবেন না।
২. কোমর ব্যথায় আক্রান্তরা সাধারণত ব্যায়াম করা থেকে নিজেদের বিরত রাখেন। কিন্তু এটা ভুল ধারণা। ব্যায়াম পেশিকে শক্ত করে এবং শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তাই ব্যায়াম করুন। তবে কোন ধরনের ব্যায়াম আপনার জন্য সঠিক সেটি জেনে নিতে হবে।
৩. বসার সময় হাত ও পায়ের অবস্থান ঠিকমতো না থাকলে কোমর ব্যথা বাড়তে পারে। সামনের দিকে ঝুঁকে না বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। আর অন্তত এক ঘণ্টা অন্তর একটু হাঁটুন, বসার প্যাটার্ন পরিবর্তন করুন। এ ক্ষেত্রে চেয়ার পরিবর্তন করেও দেখতে পারেন।
৪. কোমর ব্যথা হলে অনেকেই গরম বা ঠাণ্ডা পানির সেঁক দিয়ে থাকেন। এতে অল্প সময়ের জন্য আরাম হলেও দীর্ঘস্থায়ী ব্যথা কমানো সম্ভব হয় না। তাই বাড়িতে চিকিৎসা না করে চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের সাহায্য নিন। আর এক সপ্তাহের বেশি ব্যথা থাকলে দেরি করবেন না। অবশ্যই চিকিৎসক অথবা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।
৫. ব্যথা হলে নিজেই ডাক্তারি করবেন না। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন।

চাঁদপুরে চিরকুট লিখে আরেক প্রবাসীর স্ত্রী উধাও

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত ৭ মাসে শতাধিক নারী অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন। সেই আতঙ্ক না কাটতেই চিরকুট লিখে আরেক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী হালিমা আক্তার পুতুল (২৮) একই পথে হাঁটলেন। এ ঘটনায় উভয় পরিবার হাজীগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউপির সেন্দ্রা পাটোয়ারী বাড়ির তফাজ্জল পাটোয়ারীর মেয়ে হালিমা আক্তার পুতুলকে বিয়ে দেওয়া হয়। ওই সময় একই উপজেলার রায়চোঁ গ্রামের পতন আলী ফকির বাড়ির মনু মিয়ার ছেলে আবু ছায়েদ ধুম-ধাম করে পুতুলকে বিয়ে করেন।
এভাবে সুখে শান্তিতে কাটছিল তাদের সংসারজীবন। পরে আবু ছায়েদ সৌদি আরবে পাড়ি জমান। স্ত্রী-সন্তানদের দেখভাল করতে প্রায়ই উড়ে আসতেন দেশে। এরই মধ্যে তাদের পরিবারে আসে দুটি ছেলে সন্তান। দীর্ঘ ১০ বছর তাদের দাম্পত্য জীবনে সুবাতাস বইলেও এর মধ্যে উভয়ে একে অপরকে সন্দেহ করে।
এই সন্দেহের মাত্রা একপর্যায়ে ঝগড়ায় রূপ নেয়।
এরই মধ্যে স্বামীর ঘরে একটি চিরকুট লিখে পালিয়ে যান পুতুল।
 বুধবার বাড়ি থেকে যাওয়ার সময় পুতুল একটি চিরকুট লিখেন যাতে লিখা রয়েছে, ‘ছায়েদ আপনার কথার পর আমি এখানে আর থাকব না। আমার ছেলেদের রেখে গেলাম। আমার ছেলেদের দিকে খেয়াল রেখ। ‘ এভাবে অল্প কথায় একটি চিরকুট লিখে ১০ বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি।
স্থানীয়রা বলছেন, পুতুলের খোঁজ মিললে আসল বিষয়টি জানা যাবে। এটি অভিমান নাকি পরকীয়া তা এখনো নিশ্চিত করতে পারেনি কেউ।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates