Social Icons

Sunday, May 6, 2018

মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে সৌদি সরকারের বিশেষ উদ্যোগ

মুসলিম দেশগুলো থেকে আরও বেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে সৌদি সরকার। মক্কা ও মদিনার বাইরে যেসব স্থান মুসলিমদের আকৃষ্ট করতে পারে সেগুলোকে নতুন করে ঢেলে সাজাবে সৌদি আরব।
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও সুযোগ দিতে চায় দেশটি। প্রতি বছর হজ ও ওমরাহ করতে যাওয়া মুসলিমদের পাশাপাশি বিদেশি ব্যবসায়ী ও রাষ্ট্রীয় আমন্ত্রণে যাওয়া অতিথিরা এসব পর্যটন এলাকায় বেড়াতে যাবেন।
ঐতিহাসিক আদ-দিরিয়াহ
নতুন যেসব পর্যটন এলাকাকে গুরুত্ব দেয়া হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ পশ্চিম আসির অঞ্চলের আভা পার্বত্য এলাকা, উত্তর পশ্চিমাঞ্চলের মাদায়েন সালেহের প্রাচীন নাবাতিন এলাকা, বাদশাহ ফাহাদ ঝর্ণা, জেদ্দার পুরোনো আল বালাদ শহর, ঐতিহাসিক আদ-দিরিয়াহ শহর- যেখানে ১৭৪৫ সালে প্রথম সৌদি রাষ্ট্রের গোড়াপত্তন হয়।
প্রতি বছর সৌদিতে কয়েক মিলিয়ন মুসলিম ভ্রমণে যান। তাদের মধ্যে বেশিরভাগই অবশ্য মক্কা আর মদিনায় সীমাবদ্ধ থাকেন। ২০১৭ সালে মক্কায় ২০ লাখ হাজি জড়ো হয়েছিলেন।
আদ-দিরিয়াহতেই ১৭৪৫ সালে প্রতিষ্ঠিত হয় সৌদি আরব
সম্প্রতি তেলের ওপর সৌদি অর্থনীতির নির্ভরশীলতা কমাতে নানা উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পর্যটন খাতকে শক্তিশালী করতে চায় রাজপরিবার। পর্যটকরা নতুন নতুন এলাকায় ঘুরতে গেলে তাতে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশটি। আগামী এক দশকের মধ্যে সৌদি আরবে তেলের মজুদ একেবারে কমে যাওয়ার শঙ্কা থেকেই অর্থনৈতিক সংস্কারের দিকে এগুচ্ছে সৌদি আরব।
মুসলিমদের জন্য বিশেষ এই উদ্যোগের নাম দেয়া হয়েছে 'ডেস্টিনেশন ফর মুসলিমস'। সৌদি কমিশন ফর ট্যুরিজম এন্ড ন্যাশনাল হেরিটেজের প্রধান প্রিন্স সুলতান বিন সালমান হলেন এই উদ্যোগের মূল ব্যক্তি।

Saturday, May 5, 2018

ইয়েমেনে প্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রীকে আটকে রেখেছে আমিরাত সেনাবাহিনী!

ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবায়েদ বিন দাঘর ও তার মন্ত্রিপরিষদের ১০ মন্ত্রীকে অবরুদ্ধ করে আটকে রেখেছে আরব আমিরাতের সেনাবাহিনী।
তাদের অবরোধের পাশাপাশি ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বীপ সোকোত্রার সমুদ্র ও বিমানবন্দর দখল করে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আমিরাত সেনা সদস্যরা।
আমিরাতের এ পদক্ষেপকে সরাসরি সার্বভৌমত্বের ওপর আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে ইয়েমেন কর্তৃপক্ষ। অন্যদিকে এ ঘটনার তদন্তে সৌদি আরব একটি প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে। সূত্র: মিডলইস্টআই।

খুলনায় বিএনপির কাউন্সিলর প্রার্থীকে লক্ষ্য করে গুলি

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৭নং ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুকে লক্ষ্য করে দুস্কৃতকারীরা দুই রাউন্ড গুলি ও তিনটি হাতবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। শনিবার রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের উত্তর কাশিপুর যমুনা রোডে এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে যমুনা রোডে গণসংযোগ শেষে মোটরসাইকেলযোগে ফিরছিলেন কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টু। এসময় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিলো এবং ওই এলাকা বিদ্যুতহীন ছিলো। ফেরার সময় পিছন থেকে দুস্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। তবে তার কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। দুস্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

যুক্তরাষ্ট্রে সুরক্ষা সুবিধা হ্রাসে হন্ডুরাসের নাগরিকদের ক্ষোভ


যুক্তরাষ্ট্রে বসবাস ও কর্মরত হন্ডুরাসের প্রায় ৬০ হাজার নাগরিকের বিশেষ সুরক্ষা সুবিধা হ্রাস করায় সে দেশের নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন আইনের আওতায় তাদের সুবিধা হ্রাস করা হয়। খবর এএফপি’র।
 
এর আগে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায় যে, তারা হন্ডুরাসের তথাকথিত সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিল করছে। তবে নতুন এ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদেরকে ১৮ মাস সময় দেয়া হয়েছে। ফলে তারা ২০২০ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে।
 
এর আগে ট্রাম্পের সরকার এল সালভাদর, হাইতি, নেপাল ও নিকারাগুয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছিল। হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, টিপিএস বাতিল যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত। তবে এটি খুবই দুঃখজনক।

 এএফপি।

রাশিয়া-চীনকে টেক্কা দিতে দ্বিতীয় নৌবহর ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

রাশিয়া ও চীনকে মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াতে চলেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ২০১১ সালে বিলুপ্ত করা দ্বিতীয় নৌবহর ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন চীফ অব ন্যাভাল অপারেশন এডমিরাল জন রিচার্ডসন বলেছেন, ‘দ্বিতীয় নৌবহর আবার নতুন করে গঠন করে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুল এবং উত্তর আটলান্টিকে মোতায়েন করা হবে।’
 
তিনি আরো বলেছেন, ‘এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের যে নতুন প্রতিরক্ষা কৌশল প্রকাশ করা হয়েছে তাতে এটা পরিষ্কার যে পৃথিবীতে বৃহৎ শক্তিধর দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতা ফিরে এসেছে। কাজেই রাশিয়া এবং চীনকে মোকাবেলার বিষয়টিকে এই নীতি প্রাধান্য দেয়া হয়েছে।’
এর আগে, খরচ কমানো এবং অন্যান্য কাঠামোগত বিষয় বিবেচনায় রেখে তাদের দ্বিতীয় নৌবহর বিলুপ্ত করেছিল যুক্তরাষ্ট্র। তবে ফের দ্বিতীয় নৌবহরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিরক্ষা কৌশলের অংশ। 
রাশিয়া সম্প্রতি তাদের নৌশক্তি বাড়ানোর জন্য প্রচেষ্টা জোরদার করেছে। বাল্টিক সাগর, উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক তৎপরতা বাড়ছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র বড় বড় দেশগুলোর মধ্যে এখন যে প্রতিযোগিতা চলছে সেদিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে রাশিয়ার দিকে। তবে কে এই দ্বিতীয় নৌবহরের কমান্ডার হবেন এই বহরে কি কি থাকবে তা এখনো ঠিক হয়নি।

 বিবিসি।

তনু হত্যার তদন্ত রিপোর্ট শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। শিগগিরই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখবে। 
 
শনিবার বিকেলে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকশই উন্নয়নে গুণগত শিক্ষার বিকল্প নেই। তাই মান সম্মত শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা উপকরণ ও তথ্য জ্ঞান সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার তথ্য বিনিময় এই কনভেনশনের মূল উদ্দেশ্যে। 
 
উল্লেখ্য, ‘বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল (আইসিএসকিউসিসি) সার্কেল-২০১৮ শুরু হয়েছে গত বৃহস্পতিবার। 
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কাউন্সিল ফর টোটাল কোয়ালিটি এন্ড এক্সেলেন্স ইন এডুকেশন এর চেয়ারম্যান ড. জগদীশ গান্ধী, নির্বাহী পরিচালক ড. ভিনিতা কামরান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান এ এম এম খায়রুল বাশার ও আইসিএসকিউসিসি-২০১৮ এর আহ্বায়ক প্রফেসর ড. এম আর কবির। 
 
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যা করে কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজ এলাকার পাশের একটি জঙ্গলে লাশ ফেলে দেয় ঘাতকরা। 

Tuesday, May 1, 2018

‘বাংলাদেশে বজ্রপাতে ৮ বছরে ১৮০০ মানুষের মৃত্যু’

বাংলাদেশে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বজ্রপাতের ঘটনায় ১৮০০'র বেশি মানুষ মারা গেছে বলে এ গবেষণায় বলা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম. এ ফারুকের নেতৃত্বে এ গবেষণাটি করা হয়েছে। 
 
অধ্যাপক ফারুক বলেন, এ গবেষণার জন্য ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্থাৎ আট বছরের তথ্য সংগ্রহ করা হয়। বাংলাদেশের প্রথম সারির চারটি দৈনিক সংবাদপত্রে বজ্রপাতে মারা যাবার যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলোকে একত্রিত করে দেখানো হয়েছে যে আট বছরে বজ্রপাতে নিহতের সংখ্যা ১৮০০'র বেশি। সে গবেষণায় দেখানো হয়েছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। 
 
তিনি বলেন, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে দেখা গেছে রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও এবং লালমনিরহাটে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। রাজশাহী বিভাগের সবচেয়ে বেশি বজ্রপাত হয় চাঁপাইনবাবগঞ্জে। ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি বজ্রপাত হয় নেত্রকোনায়। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কিশোরগঞ্জে। সুনামগঞ্জে বজ্রপাত বেশি হলেও মানুষ মারা যাচ্ছে বেশি উত্তরাঞ্চলে। 
 
অধ্যাপক ফারুক তার গবেষণায় কয়েকটি বিষয় তুলে আনার চেষ্টা করেছেন।বজ্রপাত কেন হচ্ছে? কোথায় বেশি বজ্রপাত হচ্ছে? কত মানুষ মারা যাচ্ছে? গবেষণায় এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন অধ্যাপক ফারুক এবং তার সহকারীরা। 
 
তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আলাস্কা এবং কানাডায় বজ্রপাত নিয়ে গবেষণা করেন। সেখান থেকে ফিরে বাংলাদেশের বজ্রপাতের বিষয়ে মনোযোগী হয়ে উঠেন অধ্যাপক ফারুক। 
 
তিনি বলেন, ২০১৬ সালের মে মাসের মাঝামাঝি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে একই দিন ৫৭ জন মানুষ মারা যায়। এরপর বিষয়টি নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে উঠি। 
 
বজ্রপাত নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি ১৯৮০'র দশক থেকে খবরের কাগজ সে সংক্রান্ত তথ্য খুঁজতে থাকেন। কিন্তু সে সময় বজ্রপাতের বিষয়টিকে সংবাদ মাধ্যমে তেমন একটা গুরুত্ব দেয়া হতো না।
 
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ২৫ মিলিয়ন বজ্রপাত হয়। কিন্তু বজ্রপাতে মানুষ মারা যায় ৪০ থেকে ৫০ জন। ভারতীয় আবহাওয়া অফিসের রাডার থেকে প্রাপ্ত তথ্য এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থার তথ্য মতে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতিবছর গড়ে ২৪০০'র মতো বজ্রপাতের ঘটনা ঘটে। বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা বাড়ছে এবং এর সাথে তাপমাত্রা বৃদ্ধির ঘনিষ্ঠ যোগাযোগ আছে। বিবিসি
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates