Social Icons

Monday, September 3, 2018

ধীরে ধীরে পানির নিচে যাচ্ছে ব্যাংকক সিটি!

ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী। পৃথিবীর রঙিন শহরগুলোর একটি। বাড়িঘর-অফিস-কাছারি থেকে গাড়ি-ঘোড়া সবই নানা রঙে রঙিন। তাই তো ব্যাংকক নামটি কানে আসার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে সুদৃশ্য শহরের প্রতিচ্ছবি। সমুদ্রের অবাধ্য জলরাশি সর্বদা যে শহরের পা ধুয়ে দিচ্ছে। চোখ জুড়ানো সমুদ্র সৈকত বারবার ভ্রমণপিপাসুদের টেনে নিয়ে গেছে থাইল্যান্ডের রাজধানী শহরে। পর্যটন ব্যবসায় এগিয়ে থাকা শহরটিকে সুন্দর করতে কী নেই যে তা তৈরি হয়নি। স্কাই স্ক্যাপার থেকে শুরু করে বিনোদনের হরেক পসরা। ব্যাংককে বেড়াতে গিয়ে ক্যাসিনোয় যান না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ছবির মতো সুন্দর শহর ব্যাংককও কিন্তু ভয়ের প্রহর গুণছে। আর সেই ভয়ের নাম বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি। এখনও যদি পরিবেশ সচেতনতায় জোর দেওয়া না হয় তবে আগামী এক দশকের মধ্যে ডুবে যেতে পারে সৈকতবিলাসীদের সাধের শহর ব্যাংককসহ থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। 
পরিস্থিতি বিবেচনায় করে চলতি বছরের শেষেই পোল্যান্ডে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন। সেখানেই ব্যাংককের প্রাকৃতিক ভাগ্য নিয়ে জোর আলোচনা শুরু হবে। পর্যটকদের উপবন হিসেবে গড়ে তুলতে গিয়ে ব্যাংকক শহরটি এখন চূড়ান্ত বিপদ সীমায় দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের জলস্তর থেকে মাত্র পাঁচ মিটার উঁচুতে থাকা শহরটিতে শুধু বিপদের হাতছানি। গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে যে কোনদিন ডুবতে পারে সাধের ব্যাংকক। এমনটাই দাবি বিশেষজ্ঞদের।
এমনিতেই বৃষ্টি হলে শহরের বিস্তীর্ণ অংশ পানির তলায় চলে যায়। গত কয়েকবছরে শহরের বিভিন্ন অংশে এতটাই পানি জমতে শুরু করেছে যে যান চলাচলেও নিয়্ন্ত্রণ আনা হয়েছে। দূষণ কমাতে ক্যানেল তৈরি করে চলছে বাজারহাট।ক্যানেলের পানিতে বজরা নৌকা ভাসিয়ে চলছে বিকিকিনি। এই ছবি দেখে অনেকেই ব্যাংককে পূর্বের ভেনিস হিসেবে তুলনাও করেছেন। সৌন্দর্যের তুলনার আড়ালে কিন্তু ভয়ের ব্যাপ্তি বেড়েই চলেছে। দূষণের মাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিপদ।
শহরের বেশিরভাগ অংশ ডুবছে। ২০৩০-এর মধ্যে শহরের ৪০ শতাংশ পানির তলায় চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি বড়মাপের কোনও সুনামি বা জলোচ্ছ্বাস হয় তাহলে তো কথাই নেই। বিপর্যয় বাড়বে পাল্লা দিয়ে। প্রকৃতির ভয়াবহতাকে রুখতে তৎপর সেদেশের সরকার। তাই ২,৬০০ কিলোমিটার দীর্ঘ এক খাল কেটে পাম্পিং স্টেশনের সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হচ্ছে। তার সঙ্গে আটটি সুড়ঙ্গের যোগ থাকবে। ব্যাংকক প্লাবিত হলেই কাজ শুরু করবে পাম্পিং স্টেশন। সুড়ঙ্গ দিয়ে পানি বের করে দেওয়া হবে।
দিনের বেলায় সৈকতে বিকিনি সুন্দরীদের ভিড়। রাত বাড়লেই ক্যাসিনোর মোহময়ী আলো মন টানবে। তবে প্রযুক্তির বিনিময়ে আসা সৌন্দর্যে মিশে থাকে বিষ বাতাস। তাই পর্যটক টানতে শহরকে বারবার কাটাছেঁড়া করতে গিয়ে ব্যাংককের শরীরে লেপটে গেছে প্লাবনের আশঙ্কা। অকাল বিপর্যয়ে কাঁপছে ব্যাংকক। এখনই সচেতন না হলে যা ভ্রমণপিপাসুদের কাছে অতীত হয়ে থাকবে নজরকাড়া ব্যাংকক সিটি। সূত্র: সংবাদ প্রতিদিন

মহাসাগরে ভাসমান মসজিদ, প্রতি ৩ মিনিট পরপর খুলে যায় ছাদ

অদ্ভুত সুন্দর একটি মসজিদ। এর অবস্থান মরক্কোয়। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয়, ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির ওপর। দৃষ্টিনন্দন পানিতে ভাসমান এ মসজিদটির নাম গ্র্যান্ড মস্ক হাসান–২ বা দ্বিতীয় হাসান মসজিদ। 
বাদশাহ দ্বিতীয় হাসান কাসাব্লাঙ্কা শহরে এ মসজিদটি তৈরি করেছেন। মসজিদটির নির্মাণ কাজ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা। আর এর নকশা তৈরি করেছিলেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ। একে ভাসমান মসজিদ বলার কারণ মসজিদটির তিনভাগের একভাগ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত।
মসজিদটিতে প্রায় ১ লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। এর মিনারের উচ্চতা ২০০ মিটার। আর মেঝে থেকে ছাদের উচ্চতা ৬৫ মিটার। মসজিদের ছাদটি প্রতি ৩ মিনিট পরপর যান্ত্রিকভাবে খুলে যায় বলে এর ভেতরে আলো-বাতাস প্রবেশ করতে পারে। তবে বৃষ্টির সময় ছাদটি খোলা হয় না।
২২.২৪ একর জায়গার ওপর অবস্থিত এ মসজিদের মূল ভবনের সঙ্গেই আছে লাইব্রেরি, কোরআন শিক্ষালয়, ওজুখানা এবং কনফারেন্স রুম। ২৫০০ পিলারের ওপর স্থাপিত এ মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশপাশে সাজানো আছে ১২৪টি ঝরণা এবং ৫০টি ক্রিস্টালের ঝাড়বাতি।  
মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ১৯৮৭ সালের আগস্ট মাসে। প্রায় ২৫ হাজার শ্রমিক ও কারুশিল্পীর পরিশ্রমে এটি প্রায় সাত বছরে নির্মিত হয়। ১৯৯৩ সালের ঈদে মিলাদুন্নবীর দিনে মসজিদটির উদ্বোধন করা হয়। সেসময় এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৮০ কোটি ডলার।

হার্ট অ্যার্টাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের বেশি, জানাল গবেষণা!

আরও একবার সামনে এল বিজ্ঞানের ইতিবাচক দিক৷ নতুন উদ্ভাবনের কথা জানালেন বিজ্ঞানীরা৷ জানা গেল, সেই উদ্ভাবনটির দৌলতে আগে থেকেই জানা যাবে হার্ট অ্যার্টাকের সম্ভাবনা৷
অতীতে বহুবার গবেষণা হয়েছে বিষয়টি নিয়ে। সামনে এসেছে অজানা তথ্য৷ সম্প্রতি,বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক উন্নত প্রযুক্তিতে তৈরি স্ক্যান৷ যেটিই সাধারণ মানুষকে এই আকস্মিক ব্যাধির প্রকোপ সর্ম্পকে সর্তক করবে৷
হার্ট অ্যার্টাকের বিভিন্ন কারণ উঠে এসেছে বিজ্ঞানীদের নতুন এই গবেষণায়৷ রক্ত চলাচলের পথে রক্ত জমাট বেঁধে স্বাভাবিক রক্ত চলাচলে বাধার সৃষ্টি করলে হতে পারে হার্ট অ্যার্টাক৷ পুরুষ এবং নারী বিশেষে হার্ট অ্যার্টাকের লক্ষণ আলাদা আলাদা রকমের হয়ে থাকে৷ তবে সাধারণ লক্ষণগুলি হল চেস্ট পেন, অস্বস্তি, ক্লান্তি, অস্বাভাবিক হার্টবিট, হাত গলা ঘাড়ে যন্ত্রণা ইত্যাদি৷ সঠিক কোন কারণটি হার্ট অ্যার্টাকের জন্য দায়ী, বিষয়টি নিয়ে এখনও দ্বিধায় বিশেষজ্ঞরা৷
গবেষকরা জানিয়েছেন, সাধারণ রিডিংযুক্ত মানুষের থেকে অস্বাভাবিক এফএআই রিডিং যুক্ত মানুষদের মারাত্মক হার্ট অ্যার্টাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রায় নয় গুণ বেশি৷ নয়া এই উদ্ভাবনটি সর্বাধিক ঝুঁকিতে থাকা রোগীদেরকে চিহ্নিতকরণে সাহায্য করবে বিশেষজ্ঞদের৷
যার ফলে আরও বেশি কিছু প্রাণকে বাঁচানো সম্ভব হবে৷ সারা বিশ্বে বেশীরভাগ মৃত্যুর জন্য দায়ী দুটি রোগ, হার্ট অ্যার্টাক এবং স্ট্রোক৷ গবেষকরা আশা করছেন, নতুন এই প্রযুক্তি প্রাথমিকভাবে হার্ট অ্যার্টাকের প্রবণতাকে প্রতিরোধে সাহায্য করবে৷

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় সেই সুপারভাইজার আটক

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ইব্রাহিমাবাদ রেলস্টেশনের কাছে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাসের সুপারভাইজার এরশাদকে (৪০) আটক করা হয়েছে। এছাড়া বাসের চালক আলম খন্দকারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে আটক বাসের হেলপার নাজমুলের জবানবন্দির পর পালিয়ে থাকা সুপারভাইজারকে আটক করা হয়। সোমবার সকালে কালিহাতী উপজেলার বেনুকুশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ ধরতে সক্ষম হয়। পরে তাকে ৫দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামীকাল মঙ্গলবার তার রিমান্ড শুনানি হবে।
এদিকে, আদালত আজ সোমবার ভিকটিমকে তার ভাইয়ের আবেদনের পরিপেক্ষিতে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান তার ভাইয়ের জিম্মায় দেয়ার আদেশ দেন।
পুলিশ জানায়, এরশাদ এজহারভুক্ত আসামি না, তবে হেলপার নাজমুলের জবানবন্দীর পর তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হবে। এর আগে ৩১ আগস্ট শুক্রবার গ্রেফতারকৃত বাসের হেলপার নাজমুল আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন বাস চালক আলম খন্দকার বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বাসের ভিতরে ধর্ষণ করে এবং সেই সময় সুপারভাইজার এরশাদও এই কাজে জড়িত থাকার কথা বলে। 
এদিকে, এই ভিকটিমের পরিচয় পাওয়া গেছে। ভিকটিমের বাড়ী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুড়িপুর গ্রামে। ঈদের আগে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে ঈদের ২৩ আগস্ট নিখোঁজ হয়। পরে তার বড় বোন সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে যে, বাস স্ট্যান্ডে একটি বাসের ভিতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহলদল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এ সময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসের চালকের সহকারী নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন (শুক্রবার) বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই নুরে আলম বাদী হয়ে বাসের চালক আলম খন্দকার ও আটককৃত নাজমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় চালক আলম খন্দকারের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণ এবং সহকারী নাজমুলের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা করার অভিযোগ আনা হয়।
শুক্রবার সন্ধ্যায় নাজমুলকে ওই মামলায় টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এসময় তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান তার জবানবন্দি লিপিবদ্ধ শেষে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

ব্রাজিলের জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনিরো শহরে অবস্থিত দেশটির জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। দিনের শেষে জাদুঘরটি বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরই আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছেন। তবে আগুনে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ব্রাজিলের টেলিভিশনে প্রকাশিত খবরে দেখা যায়, জাদুঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রকাণ্ড আগুন। পুরো জাদুঘর ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।
চলতি বছরের শুরুর দিকেই জাদুঘরটি তার ২০০ বছর পূর্তি উদযাপন করে। জাদুঘরে দেশটির সবচেয়ে পুরাতন বৈজ্ঞানিক গবেষণাগার ছিল। জাদুঘরের সংরক্ষণে ২ কোটির বেশি প্রাচীন ও ঐতিহ্যবাহী জিনিসপত্র ছিল।  
জাদুঘরটি এক সময় পর্তুগিজ রাজ পরিবারের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। 
সূত্র : বিবিসি

Sunday, September 2, 2018

বাংলাদেশের সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনকে ধর্ষণ

ঢাকা জেলার সাভারে পৃথক পৃথক স্থানে গত ২৪ ঘণ্টায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনকে ধর্ষণ এবং এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে এক নারীকে বোন ডেকে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় রবিবার সাভার মডেল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা। 
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির, ভুক্তভোগী মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বখাটে মো. খায়রুলকে (৪৮) আটক করেছে পুলিশ। আটক খায়রুল রংপুর জেলার মিঠাপুকুর থানার জাবেদ আলীর ছেলে এবং সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার আব্দুল মাজেদের বাড়িতে ভাড়া থেকে পরিবহন শ্রমিক হিসেবে কাজ করে। 
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পেশায় পরিবহন শ্রমিক বখাটে খায়রুলের গ্রামের বাড়ি মিঠাপুকুরে। সেই সুবাদে বাক প্রতিবন্ধী তরুণীর (১৪) মাকে বোন ডেকে নিয়মিত আসা-যাওয়া করতো। সম্প্রতি ওই তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করলে মূলত এরপরই বিষয়টি সবার জানাজানি হয়। 
মোহসীনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খায়রুল বিষয়টি স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হবে। 
অন্যদিকে সকালে সাভারের গেন্ডা এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজু মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। পরে ওই গৃহবধূ ধর্ষণের বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানায়। এছাড়া রাতে সাভারের নিমেরটেক এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগ করে সাভার মডেল থানার একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এই ঘটনার ৪ আসামীর মধ্যে আকাশ নামে এ  যুবককে আটক করেছে।
এদিকে, সাভারের ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক শিপনের বিরুদ্ধে। বিষয়টি প্রতিবাদ করায় উল্টো শিশুটির বাবাকে হত্যার হুমকি দিয়েছে বাড়ির মালিক ও ধর্ষকের পরিবারের সদস্যরা। এ ঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে পুলিশ ভিকটিমদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বলেনম, এঘটনায় সাভার মডেল থানায় চারটি মামলা দায়েরের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর্জেন্টিনায় বিয়ে করছেন টাইটানিক অভিনেতা ডিক্যাপ্রিও!

লিওনার্দো ডিক্যাপ্রিও। হলিউডের অস্কার জয়ী অভিনেতা। 'দ্য রেভেনান্ট' মুভির জন্য ২০১৬ সালে অস্কার জিতেন তিনি। তবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন 'টাইটানিক' সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এবার বিয়ে করতে চলেছেন ডিক্যাপ্রিও। কনের নাম কামিলা মোহনে। 
গুঞ্জন শোনা যাচ্ছে, আর্জেন্টিনার এই মডেলের সঙ্গে ৮ মাসের প্রেম চলছে ডিক্যাপ্রিওর। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তার কাছের মানুষদের ভাষ্য, প্রেমের ব্যাপারে নাকি দুজনই খুব সিরিয়াস। তারা বিয়ের বিষয় নিয়েও ভাবছেন।
এর আগেও অবশ্য ব্রাজিলের মডেল জিজালে বানচেনের সঙ্গে লিওর প্রেমের গুঞ্জন শোনা যায়। জিজালে বিয়ে করতে রাজি থাকলেও ডিক্যাপ্রিওই নাকি পিছিয়ে যান।
জানা গেছে, এখন লিও-কামিলা ইউরোপে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে ২১ বছর বয়সী মডেল-অভিনেত্রী কামিলা বিয়েতে তার পরিবারের তরফ থেকেই নাকি সায় রয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘টাইটানিক’। এর পরিচালক, লেখক ও সহপ্রযোজক বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেমস ক্যামেরন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট।
এর জ্যাক চরিত্রে লিওনার্ডো ডিক্যাপ্রিওর অভিনয় লাখো তরুণীর হৃদয় কেড়ে নেয়। বিশেষ করে ছবির শেষে তার মৃত্যু আজো সহজভাবে মেনে নিতে পারেনি সিনেমাপ্রেমী মানুষ।
২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি। ১১টি ক্ষেত্রে একাডেমি পুরস্কার জিতে নেয় এবং সর্বকালের সবচেয়ে বেশি উপার্জন করা ছবির তালিকায় স্থান দখল করে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates