Social Icons

Sunday, December 24, 2017

তিন তালাক বিল তুলতে আবেদন জানাবে মুসলিম বোর্ড

ভারতের সুপ্রিম কোর্টের 'তিন তালাক সংক্রান্ত বিল' তুলে নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানাবে 'অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড'। বোর্ডের পক্ষ থেকে সজ্জদ নোমানি জানান, ‘মুসলিম ল বোর্ড সংবিধানের রীতি মেনেই এই সমস্যার সমাধান করতে পারে।’ কেন্দ্র সরকার মুসলিমদের হাত থেকে বিচ্ছেদ সংক্রান্ত নিয়মের ক্ষমতা কেড়ে নিতে চাইছেন বলে উল্লেখ করেন তিনি।
গত ১৫ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয় এই তিন তালাক সংক্রান্ত বিল। এই বিল অনুযায়ী তিন তালাককে ‘অবৈধ’ বলে উল্লেখ করা হয়েছে। তিন তালাক দিলে স্বামীর জেল হতে পারে বলেও উল্লেখ করেছে ভারতের মুসলিম ল বোর্ড।
ভারতে সংখ্যালঘু মুসলিম সমাজে ‘তিন তালাক’ প্রথার ব্যবহার নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। নারীরা এই প্রথার শিকার হন। ফলে প্রথাটি ঘিরে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মত উঠে এসেছে। সম্প্রতি তিন তালাক প্রথা মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ৬ মাসের মধ্যে এই বিষয়ে আইন করতে হবে কেন্দ্রকে। আদালতের নির্দেশ অনুসারে, এই ৬মাস তিন তালাক দেওয়া যাবে না। সরকার আইন তৈরি করার পরই পরবর্তী পদক্ষেপ। সংসদ কী ধরনের আইন তৈরি করবে, তার ওপরই সবকিছু নির্ভর করছে। তিন তালাক সংক্রান্ত সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই নিয়ে আলোচনা করুক এবং আগামী ৬ মাসের মধ্যে কী হতে চলেছে তিন তালাকের ভবিষ্যৎ তা স্পষ্ট করা হোক।

লিভার ভালো নেই বুঝবেন যেভাবে

লিভার (যকৃৎ) দেহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরের বিপাকীয় কার্যাবলী লিভারই সম্পাদন করে। এই অঙ্গ থেকে নিসৃত জারক রসেই খাবার হজম হয়। যাদের লিভার দুর্বল, তাদের পেটে সারাবছর সমস্যা লেগেই থাকে। গবেষকের মতে, লিভারের রোগকে নীরব ঘাতক বলা হয়। কেননা লিভারের যেকোনো রোগ সাধারণত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। রোগ বেড়ে গেলে এর লক্ষ্মণ প্রকাশ পায়। অনেক সময় তখন আর কিছু করার থাকে না। লিভার ভালো না থাকার লক্ষণগুলো জেনে নিন-
* দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস
মুখের স্বাস্থ্য ভালো থাকার পরেও যদি আপনার নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হয় তাহলে বুঝবেন যে আপনার লিভারের কোনো সমস্যা আছে। লিভারের স্বাস্থ্য ভালো না থাকার একটি লক্ষণ এটি।
* অকারণে ওজন বেড়ে যাওয়া
লিভার যেহেতু চর্বি হজমের জন্য প্রধানত দায়ী সেহেতু এটি যথাযথভাবে কাজ না করলে দেহে চর্বি জমতে থাকে। যার ফলে ব্যাখ্যাতীতভাবে অকারণে ওজন বাড়তে থাকে।
* অ্যালার্জি
লিভার ভালো থাকলে তা এমন সব অ্যান্টিবডি তৈরি করে যেগুলো অ্যালার্জেন বা অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলোকে আক্রমণ করে ধ্বংস করে। কিন্তু লিভারের কার্যক্ষমতা কমে গেলে দেহ ওই অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলোকে জমা করতে থাকে। এর প্রতিক্রিয়ায় আবার দেহ হিস্টামিন উৎপাদন করতে থাকে যা অ্যালার্জি সৃষ্টিকারক উপাদানগুলো দূর করতে কাজ করে। কিন্তু অতিরিক্ত হিস্টামিন উৎপাদন হলে আবার চুলকানি, ঝিমুনি এবং মাথা ব্যথা হতে পারে।
*ক্রমাগত অবসাদ
দেহে টক্সিন জমা হলে তা মাংসপেশির টিস্যুর বিপাকীয় প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করে। যা থেকে আবার ব্যাথা এবং শারীরিক অবসাদও সৃষ্টি হতে পারে। ক্লান্তি থেকে মেজাজ খিটখিটে হওয়া, মানসিক অবসাদ এবং ক্ষোভের বিস্ফোরণের মতো সমস্যাও তৈরি হতে পারে। লিভার ভালো না থাকার শীর্ষ লক্ষণগুলোর একটি এটি। দেহে অতি উচ্চ মাত্রায় টক্সিন বা বিষ জমা হওয়ারও একটি লক্ষণ এটি।
* অতিরিক্ত ঘাম বের হওয়া
বেশি বেশি কাজ করার কারণে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং সেটি উত্তপ্ত হয়ে ওঠে। তখন লিভার দেহের অন্যান্য অঙ্গেও তাপ ছড়িয়ে দেয় এবং অতিরিক্ত ঘাম বের করার মাধ্যমে লিভার নিজেকে ঠাণ্ডা করে।
* ব্রণ
লিভারে জমা হওয়া টক্সিন দেহে হরমোনের ভারসাম্য নষ্ট করতে যারে। যা থেকে ত্বকে ব্রণ সৃষ্টি হতে পারে। কার্যক্ষমতা হারানো লিভারের কারণে সৃষ্ট ত্বকের এই সমস্যা ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না পুনরায় লিভারের কার্যক্ষমতার উন্নতি ঘটানো হবে।
তবে যাদের লিভার সুস্থ আছে তারা কিছু খাবার নিয়মিত খেলে রোগব্যাধি এ অঙ্গটি থেকে দূরে থাকবে। যেমন-
* লেবুর গরম পানি : অন্যান্য খাবারের তুলনায় কুসুম গরম পানিতে লেবু চিপে খাওয়ার অভ্যাস লিভারে অনেক বেশি এনজাইম উৎপাদনে সহায়তা করে, এছাড়াও ভিটামিন সি গ্লুটেথিয়ন নামক যে এনজাইম উৎপন্ন করে তা লিভারের ক্ষতিকর টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে। তাই সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস কুসুম গরম পানিতে সামান্য লেবু চিপে পান করুন। এতে করে লিভার পরিষ্কার থাকবে।
* সবুজ চা : সবুজ চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ফ্রি সার্জিকেল টক্সিসিটি দূর করে এবং আমাদের লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে। প্রতিদিন ১-২ কাপ সবুজ চা পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং পুরো দেহের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়।
* রসুন : রসুনে রয়েছে সালফারের উপাদান যা লিভারের এঞ্জাইমের সঠিক কাজে সহায়তা করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে। তাই খাবারে প্রতিদিন রসুন ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।
* হলুদ : লিভারের সবচেয়ে পছন্দের খাদ্য উপাদান হলুদ। হলুদ একটি নিরাময় ওষুধ হিসেবে বিবেচিত। এলিভারের ডিটক্স এর পরিমাণ বৃদ্ধি করে, লিভারকে পরিষ্কার করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সেইসঙ্গে আমাদের ইমিউন সিস্টেম এর জন্য ব্যবহার করা হয় হলুদ। এটা ক্যান্সার প্রতিরোধ করতে পারে।  
* আপেল : পেক্টিন নামক এক প্রকার উপাদান রয়েছে আপেলে। যা শরীরের খারাপ উপাদানগুলো দূর করে ও পরিপাকতন্ত্রকে টক্সিনমুক্ত করে। লিভারকেও টক্সিনমুক্ত করার কারণে, লিভার সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে।
* সবুজ শাকসবজি : লিভারকে পরিষ্কার ও সক্রিয় রাখার ক্ষেত্রে সব থেকে ভাল খাবার হল সবুজ শাকসবজি। সবুজ শাক রান্না করে বা জুস করে খেতে পারেন। এটিতে রক্তের টক্সিন মুক্ত রাখার উপাদান রয়েছে।

বাতব্যথার কারণে হৃদরোগ

মধ্যবয়সী এবং বয়স্ক মহিলাদের মধ্যে বাতব্যথা, মানে হাত-পায়ের গিরা ব্যথাসহ ফুলে যাওয়ার প্রবণতা আমাদের সমাজে অনেক বেশি পরিলক্ষিত হয়। তার সঙ্গে অনেকের কোমর, ঘাড়, কাঁধ ও পিঠে ব্যথা একটি সচরাচর অসুস্থতা হিসেবে বিরাজমান। কারও কারও এ ধরনের বাতব্যথা একবার শুরু হয়ে খুব ধীরে ধীরে বাড়তে থাকে এবং কারও কারও মাঝে মাঝে মাঝারি ধরনের ব্যথা থেকে তীব্র ব্যথা হঠাৎ শুরু হয়ে কিছুদিন বিদ্যমান থেকে কয়েক দিন পর ধীরে ধীরে আরোগ্য হয়ে যায়। তাদের অনেকের চিকিৎসা গ্রহণের মাধ্যমে ব্যথা নিরাময় হয়, অনেকের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, তবে কিছু দিন সুস্থ থাকার পর আবার ব্যথা ফিরে আসে এবং কিছুদিন ভোগার পর আবার আরোগ্য হয়ে যায়, যা চক্রাকারে চলতে থাকে। চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের সব অবস্থাকে আর্থ্রাইটিস বলা হয়। আর্থ্রাইটিস অনেক ধরনের হতে পারে। তবে প্রায় সব ক্ষেত্রেই আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা এবং সময়ের আবর্তে এর তীব্রতা এবং জটিলতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এর চিকিৎসাও বেশ জটিল এবং দীর্ঘসময় ধরে বিভিন্ন ধরনের মেডিসিনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে বংশগতির ধারা হিসেবে আর্থ্রাইটিস হয়ে থাকে। তবে যাদের বংশগতির ধারা হিসেবে আর্থ্রাইটিস হয়, তারা কম বয়সেই আক্রান্ত হয়ে থাকেন এবং তীব্রতা অনেক প্রকট আকার ধারণ করে।
আর্থ্রাইটিস প্রধানত দুই ধরনের হয়ে থাকে।
প্রদাহজনিত আর্থ্রাইটিসঃ যাতে শরীরে আক্রান্ত জয়েন্ট বা গিরা ফুলে যায়, লাল হয়ে যেতে পারে, গিরার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, তার সঙ্গে শরীর ব্যথা, জ্বর, মাথা ঘোরা, বমি বমি ভাব ও শরীরে অত্যধিক দুর্বলতা অনুভূত হতে থাকে। এ ধরনের রোগীদের ব্যথা সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর খুব বেশি অনুভূত হয়।
ক্ষয়জনিত আর্থ্রাইটিসঃ ভারবাহী গিরা বিশেষ করে হাঁটু, কোমর ও পায়ের গিরা এবং মেরুদণ্ড বেশির ভাগ ক্ষেত্রে আক্রান্ত হয়। গিরা ব্যথার সঙ্গে জ্বর, ব্যথা ও অন্যান্য  উপসর্গ খুব বেশি পরিলক্ষিত হয় না। সাধারণভাবে এ জাতীয় আর্থ্রাইটিস বয়স্ক ব্যক্তিদের মাঝে বেশি পরিলক্ষিত হয়। কখনো কখনো আক্রান্ত গিরা ফুলে যেতে পারে তবে তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পেতে দেখা যায় না। বিশেষ করে যারা প্রদাহজনিত আর্থ্রাইটিসে দীর্ঘদিন যাবৎ ভুগছেন। প্রদাহজনিত আর্থ্রাইটিসের ফলে হৃৎপিণ্ডের প্রধান রক্তনালীতে প্রদাহ দেখা দেয় এবং এর থেকে হৃৎপিণ্ডের এওরটিক ভাল্ব আক্রান্ত হয়ে ভাল্বের সমস্যা দেখা দেয়। এর সঙ্গে হৃৎপিণ্ডের অন্যান্য অংশে প্রদাহ সৃষ্টি হয়ে অনেক ধরনের মারাত্মক হৃদরোগ সৃষ্টি করে থাকে যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, মাইওকার্ডাইটিস ও পেরিকার্ডাইটিস। প্রদাহজনিত আর্থ্রাইটিসের রোগীরা খুব বেশি ব্যথা নিরাময়ের ওষুধ গ্রহণ করে থাকেন। এ ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রক্তচাপ বৃদ্ধি পেয়ে থাকে। আর উচ্চরক্তচাপ হৃদরোগের প্রধান কারণ হিসাবে চিহ্নিত। আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীরা বাতব্যথার তীব্রতায় ভুগতে থাকেন বলে হৃদরোগের উপসর্গগুলো ব্যথার আড়ালে ঢাকা পড়ে যায়। ফলে হৃদরোগের জটিলতা না হওয়া পর্যন্ত অনেকে বুঝতেই পারেন না যে, তারা হৃদরোগে ভুগছেন। হৃদরোগের প্রাথমিক অবস্থায় রোগী সহজেই হাঁপিয়ে যান। বিশেষ করে একটু তাড়াহুড়া করে স্বাভাবিক কাজ করার সময় বা একটু পরিশ্রম করার সময় নিঃশ্বাস ঘন হয়ে আসা, কারও কারও এ সময়ে হালকা বুক ব্যথা ও বুক ধড়ফড় করার মতো উপসর্গ  দেখা দেয়।
ডা. এম শমশের আলী, সিনিয়র কনসালটেন্ট (প্রা.), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শমশের হার্ট কেয়ার এবং মুন ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী, ঢাকা।

যে গ্রামে নাতি বিয়ে করবে দাদিকে আর দেবর ভাবিকে !

ভারতের মধ্যপ্রদেশের গোন্ড সম্প্রদায়ের মধ্যে এক রকম অদ্ভুত নিয়ম প্রচলিত আছে। তাদের মতে, সমাজে কোনো বিধবা থাকবে না। প্রয়োজনে নাতি বিয়ে করবে দাদিকে, দেবর ভাবিকে। এই জনজাতির বাস ভারতের মূলত মধ্যপ্রদেশের মান্ডলা জেলায়। তাদের প্রচলিত রীতি হল‚ একজন স্বামীহীনা হলে তার শ্বশুর বাড়িতে আর একজন যে অবিবাহিত পুরুষ আছে সে তাকে বিয়ে করবে। যদি দেখা যায়‚ নাতি ছাড়া কোনও পুরুষ অবিবাহিত নেই‚ তাহলে নাতির সঙ্গেই হবে দাদির বিয়ে।
ওই এলাকার পাতিরাম ওয়াড়খেড়। তার যখন ৬ বছর বয়স তখন মারা যান দাদা। এদিকে বাড়িতে আর কোনও অবিবাহিত পুরুষ নেই। তখন ৬ বছরের পাতিরামের সঙ্গে বিয়ে হল বৃদ্ধা দাদির। বলাই বাহুল্য, এখানে শারীরিক সম্পর্কের অবকাশ থাকে না।
কিন্তু দাদিকে বিয়ে করে নাতি হয়ে যায় পরিবারের কর্তা। এই বিয়েকে বলা হয় ‘নাতি পাতো‘। পাতো হল এক বিশেষ ডিজাইনের রুপার বালা। সেই বালা দাদিকে পরিয়ে দেয় নাতি। ব্যস দাদি হয়ে গেল তার স্ত্রী।
যৌবনে পৌঁছে পাতিরাম ফের বিয়ে করেছেন। গোন্ড সমাজ এই বিধানও দিয়েছে। যদি কোনও ছেলেকে অল্প বয়সে বিয়ে করতে হয়‚ তবে যৌবনে পৌঁছে সে আবার বিয়ে করতে পারবে। তবে যতদিন প্রথম বৌ থাকবে‚ দ্বিতীয় বৌ সংসারে থাকবে সতীন হিসেবে। যেমন ছিল পাতিরামের দ্বিতীয় বৌ। নিজের স্বামীর দাদিকে সতীন করে।
নাতি-দাদির বিয়েতে দৈহিক সম্পর্ক না থাকলেও তা গৌণ নয় দেবর-ভাবির বিয়েতে। যাকে বলে 'দেবর পাতো'। যখন বড় ভাইয়ের মৃত্যুতে ভাবির হাতে রুপার বালা বা পাতো পরিয়ে দেয় দেবর। যেমন দিয়েছিলেন সম্পত কুরওয়াড়ি। নিজের চেয়ে ১০ বছরের বড় ভাবির হাতে পরিয়ে দিয়েছিলেন ওই বালা। যতক্ষণ না তিনি সম্মত হচ্ছিলেন ততক্ষণ গ্রামের প্রধানরা যোগ দেননি সম্পতের বড় ভাইয়ের পারোলৌকিক ক্রিয়া কর্মে। কিন্তু যদি পরিবারে একান্তই না থাকে অবিবাহিত পুরুষ? অথবা যদি রাজি না হন বিধবা নিজে? তাহলেও আছে বিধান। তখন গ্রাম পঞ্চায়েতের তরফে ওই নারীকে দেওয়া হয় রুপার বালা। হলেন তিনি 'পঞ্চ পাতো'। তবে থাকতে পারবেন একা‚ নিজের মতো‚ অথচ সধবা বিবাহিতা নারী হিসেবেই।
শুধু নিজেদের গ্রামে সীমাবদ্ধ নয়। গোন্ডরা এ রীতি পালন করেন যখন অন্যত্র প্রতিষ্ঠিত হন‚ তখনও। এমনকী‚ এরকম উদাহরণও আছে‚ ভোপালে ইঞ্জিনিয়ার‚ কিন্তু গোন্ড সমাজের রীতি মেনে পাতো প্রথা গ্রহণ করেছেন। এই তথ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন সেই গোন্ড সমাজের প্রধান‚ যে আদি জনজাতি কোনও মেয়েকে দেখতে চায় না বৈধব্যের বেশে। নিজেদের অভিধানে রাখতে চায় না স্বামীহীনা কথাটি।  

২০১৮ সাল থেকে নতুন করে প্রবাসী গৃহকর্মী নেবে মালয়েশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক রয়েছে মালয়েশিয়ায়। দেশটিতে বৈধ-অবৈধ মিলে প্রায় ছয় লাখ অবৈধ প্রবাসীর বসবাস। এবছর অবৈধ প্রবাসীদের বৈধ হবার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় দেশটির সরকার। কিন্তু এতো কিছুর পরও নতুন ভাবে কর্মী নেওয়ার বিষয়ে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। এর ফলে শুধুমাত্র গৃহকর্মীর প্রয়োজনে নিয়োগকর্তারা এখন থেকে এজেন্ট বা মধ্যস্থ ভোগীদের ছাড়াই সরাসরি নিয়োগ দিতে পারবেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার সরকার।
‘বাজেট ২০১৮’ এর সরণীকরণ বক্তব্যে প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এ বক্তব্য দেন। প্রবাসী গৃহকর্মী নিয়োগের প্রসঙ্গে তিনি জানান, নিয়োগকর্তারা মালয়েশিয়া অভিবাসন বিভাগে লেভি(কর) এবং প্রসেসিং ফি দিয়ে অনলাইনে বিদেশী গৃহকর্মীদের ভিসার জন্য আবেদন করতে পারবে ৷ তবে বিদেশী গৃহকর্মী নিয়োগের জন্য সরকার নির্ধারিত নয়টি সোর্স কান্ট্রি বা উৎস দেশ থেকেই আনতে হবে ৷ ওই সোর্স কান্ট্রির তালিকাতে বাংলাদেশও আছে ৷
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশী গৃহকর্মীদের নিয়োগের জন্য অধিক খরচের ব্যাপারে সরকার সচেতন। যা ১২ হাজার রিঙ্গিত থেকে ১৮ হাজার পর্যন্ত পৌঁছে যায় ৷ সরকার ভবিষ্যতে এটিকে কম করার লক্ষ্যে বিদেশী গৃহকর্মীদের নিয়োগের খরচ পর্যালোচনা করবে।’ মালয়েশিয়া মেইড এমপিলয়ার্স অ্যাসোসিয়েশন(মামা) এর সভাপতি এঞ্জুকু আহমাদ ফাউজি ঘোষণা প্রসঙ্গে বলেছেন, ‘এটি একটি ইতিবাচক বিকাশ কারণ এতে বিদ্যমান খরচ অর্ধেকে নেমে আসতে পারে ৷’ তিনি আরও বলেন, “আমি সরকারের প্রতি কৃতজ্ঞ এবং আশা করি যে নিয়োগকর্তারা তাদের গৃহকর্মীদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হবে ৷ যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে এখন এজেন্টদের দোষারোপ করতে পারবে না ৷
মালয়েশিয়ার এমন সিধান্তে নতুন ভাবে গৃহকর্মীদের জন্য আবারও উম্মুক্ত হলো বাংলাদেশি নারী শ্রমিকদের জায়গা। কিন্তু দেখা বিষয় এটি বিভিন্ন দেশে গৃহকর্মীর যেভাবে নির্যাতিত হচ্ছে এমনভাবে নির্যাতনের শিকার না হতে হয় মালয়েশিয়ায় নতুন ভাবে আসা বাংলাদেশি নারী শ্রমিকদের। এই বিষয়গুলোর দিকে বাংলাদেশ দূতাবাস সুদৃষ্টি দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আমেরিকায় বন্ধ হতে পারে পারিবারিক অভিবাসন; শঙ্কায় প্রবাসীরা


গত ১১ ডিসেম্বর নিউইয়র্কের ম্যানহাটনে পাইপবোমা বিস্ফোরণের জন্য সন্দেহভাজন হিসেবে আটক আকায়েদ উল্লাহ একজন বাংলাদেশি বলে দাবি করেছে নিউইয়র্ক পুলিশ। এদিকে, ম্যানহাটনে আকায়েদ উল্লাহর ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ আলাবামা সিনেট নির্বাচনের দুই দিন আগে। গুরুত্বপূর্ণ এই সময়েই আকায়েদ উল্লাহর ঘটনা লুফে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারিবারিক অভিবাসনকে বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ফলে আমেরিকার প্রেসিডেন্ট নারীদের পীড়ন করেছেন বলে যে সোচ্চার আওয়াজ তুলেছিলেন প্রভাবশালী কংগ্রেসম্যানরা তা এখন অনেকটাই ঘটনার বেড়াজালে গুরুত্ব হারাতে বসেছে। হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক লুই ফ্রান্সিস কিসনা দ্রুত পারিবারিক চেইন অভিবাসন বন্ধ করতে ট্রাম্পের ইচ্ছার কথা জানান। এর আগে উজবেকিস্তান থেকে আসা এক অভিবাসী ম্যানহাটনে গাড়ি হামলা করে। পরপর দুটি ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পারিবারিক চেইন অভিবাসন নিয়ে আমেরিকায় প্রবেশ করেছিলেন। ফলে দুটো ঘটনাকে এক করে আমেরিকানদের নিরাপত্তা হুমকির মুখে বলা হচ্ছে। সাধারণ আমেরিকানরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
পরিসংখ্যান বলছে, বাংলাদেশ থেকে গত ১২ বছরে প্রায় দেড় লাখ লোকের অভিবাসন ঘটেছে এই চেইন অভিবাসনের আওতায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দেওয়া তথ্যমতে, ২০১৬ সালে আমেরিকায় ১৮ হাজারের বেশি বাংলাদেশি এসেছেন এই চেইন ইমিগ্রেশনের ফলে। ২০০৫ সাল থেকে বাংলাদেশ থেকে শুধু এই ভিসায় আমেরিকায় আসা অভিবাসীর সংখ্যা ১ লাখ ৪০ হাজারের বেশি। অভিবাসীদের ও বিশ্লেষকদের শঙ্কা- পারিবারিক চেইন অভিবাসন বন্ধ করে তার পরিবর্তে মেধাভিত্তিক অভিবাসন হলে আমেরিকা তাদের পছন্দ মত লোক নেবে। তারা ইচ্ছে করলে, কোনো দেশ থেকে, কী যোগ্যতার লোক আনবে তা নির্ধারণ করে দিবে। সেক্ষেত্রে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের পিছিয়ে পরার সম্ভাবনাই বেশি। যদিও এরই মধ্যে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস দ্রুত বিবৃতি দিয়ে জানিয়েছে- বাংলাদেশ জঙ্গিবাদ বা জঙ্গিগোষ্ঠীর প্রতি কঠোর অবস্থানে। কিন্তু তারপর শঙ্কা যেন পিছু ছাড়ছে না আমিরেকিায় অভিবাসন প্রত্যাশীদের।

আঙুলের ছাপসহ নিবন্ধিত হলে, তারাই মালয়েশিয়ায় বৈধ

মালয়েশিয়ায় শ্রমিক বৈধকরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে দেশটির ইমিগ্রেশন ও বাংলাদেশ দূতাবাস। মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ইমিগ্রেশনের ১৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মালয়েশিয়া ইমিগ্রেশনের কর্তারা এ প্রথম বাংলাদেশ দূতাবাসে জরুরি বৈঠক করেছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। গত সপ্তাহে দূতাবাসের কনফারেন্স রুমে শ্রম কাউন্সিলরের সভাপতিত্বে বৈঠকে নেতৃত্ব দেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফরেন অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান দাতু খাইরিল, ডাইরেক্টর ডিটেনশন সালেহা, ডাইরেক্টর ইনফোর্সমেন্ট সারভানান।
দূতাবাসের কমার্শিয়াল উইং প্রধান ধনঞ্জয় কুমার দাস, শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদ ও ২য় সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়াছমিন। এছাড়া মাই-ইজি, বক্তিমেঘা ও ইমান কোম্পানির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ৩০ জুন থেকে শুরু হওয়া রি-হিয়ারিংয়ের আওতায় তিনটি ক্রাইটেরিয়ার মাধ্যমে বিদেশি শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া। আর এ প্রক্রিয়া শেষ হচ্ছে চলতি মাসের শেষের দিকে।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অবৈধ কর্মী যারা এখনও নিবন্ধিত হয়নি, ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হওয়ার পরামর্শ বার বার তাগিদ দিয়ে আসছে বাংলাদেশ দূতাবাস। সায়েদুল ইসলাম বলেন, মাই-ইজি, বক্তিমেঘা ও ইমানে যারা নিজ নিজ কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশনের পর ইমিগ্রেশনে আঙুলের ছাপসহ নিবন্ধিত হবেন তারাই সে দেশে বৈধ হিসেবে গণ্য হবেন। যারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে মাই-ইজি, বিএম ও ইমানে নিবন্ধন করে দীর্ঘদিন পরও মালিক পক্ষ অভিবাসন বিভাগে নিবন্ধন করছেন না বা মালিকের আর খোঁজ-খবর নেই, তারা মাই-ইজি, বিএম ও ইমানের অফিসে সরাসরি যোগাযোগ করলে অন্য কোনো কোম্পানির মাধ্যমে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন। এজন্য শ্রমিককে অতিরিক্ত ফি দিতে হবে না।
ইতোমধ্যে মাই-ইজি কোম্পানি দূতাবাসের পাশে বুথ স্থাপন করেছে কর্মীদের সুবিধার্থে। যে কোনো তথ্য বুথ থেকে জানা যাবে। এছাড়া মাই-ইজি চলতি মাসের প্রথম থেকে হট লাইন চালু করেছে। ০৩৭৬৬৪৮৫৫৫ এ কল দিয়ে কর্মীরা তাদের অবস্থান জানতে পারবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম কাউন্সিলর বলেন, দূতাবাস প্রতিদিন প্রায় আড়াই হাজার লোককে সেবা দিয়ে আসছে। শুধু তাই নয় বন্ধের দিনে প্রতি শনি ও রোববার প্রত্যেকটি প্রদেশে কন্সুলার সেবা দেয়া হচ্ছে। দূতাবাসে ৫ মাসে ১ লাখ ৯০ হাজার ৯২৩ জন কর্মী পাসপোর্টের আবেদন করেন। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৩০২ জন কর্মীর হাতে নতুন পাসপোর্ট দেয়া হয়েছে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates