Social Icons

Saturday, March 23, 2019

ব্রাজিলকে রুখে দিল পানামা

পর্তুগালের পোর্তোয় শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারের পর গত বছরে নিজেদের শেষ ছয় ম্যাচের সবকটিতে জিতেছিল ব্রাজিল। আগামী জুন জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি পর্বে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৭৬তম দলটির সঙ্গে ড্র করে।
 
ম্যাচের শুরু থেকে একচেটিয়া বল দখলে রাখা ব্রাজিল অষ্টাদশ মিনিটে প্রথম সুযোগ পায়। ফিলিপে কৌতিনিয়োর দারুণ ক্রসে রবের্তো ফিরমিনোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে বার্সেলোনা মিডফিল্ডার আর্থার মেলোর কোনাকুনি শট পোস্ট ঘেঁষে চলে যায়।
 
৩২ মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। ডান দিক থেকে কাসেমিরোর দারুণ এক ক্রস ছোট ডি বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে বল ঠিকানায় পাঠান নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিধারী পাকুয়েতা। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে বল জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী এসি মিলান মিডফিল্ডারের এটি প্রথম গোল।
 
৪ মিনিট পরেই গোল শোধ করে পাল্টা জবাব দেয় পানামা। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের ফ্রি কিকে বল ডি বক্সে পেয়ে হেডে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনের মাথার ওপর দিয়ে জালে পাঠান ডিফেন্ডার আদোলফো মাচাদো। পুরো ম্যাচ ব্রাজিলের নিয়ন্ত্রণ থাকার পরও ড্র দিয়ে শেষ করতে হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

টাকা দিলেই মিলছে মার্কিন গ্রিনকার্ড! হুমড়ি খেয়ে পড়ছে ভারতীয়রা

 যুক্তরাষ্ট্রে বিশেষ এক ধরনের ভিসা ব্যবস্থা চালু রয়েছে। মূলত বিপুল পরিমাণ টাকা এবং কিছু শর্তের বিনিময়ে পাওয়া যায় এই বিশেষ ভিসা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ এই ভিসা নেয়ার ক্ষেত্রে গত দুই বছরে ভারতীয়দের সংখ্যা বেড়েছে প্রায় চারগুণ। এ সময়ের মধ্যে তারা দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকে পেছনে ফেলে তিন নম্বরে চলে এসেছে। এখন ভারতের আগে রয়েছে শুধু চীন আর ভিয়েতনাম।
বিশেষ এই ভিসা ব্যবস্থা মূলত হচ্ছে ক্যাশ ফর গ্রিন কার্ড, অর্থাৎ টাকা দিয়ে গ্রিন কার্ড-এই নামেই প্রচলিত ইবি-ফাইভ ভিসা। এক মিলিয়ন ডলার অর্থাৎ ৮ কোটির চেয়ে কিছু বেশি টাকা বিনিয়োগের পাশাপাশি বছরে অন্তত দশ জন মার্কিন নাগরিকের কর্মসংস্থানের প্রতিশ্রæতি দেয়া হলে এই ভিসা পাওয়া যায়। আর রিয়েল এস্টেটের মতো কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই জমা রাখা টাকার পরিমাণ আরা কমিয়ে চার কোটি টাকার মতো করেছে মার্কিন প্রশাসন। এ সুযোগটি নিতে হুমড়ি খেয়ে পড়েছে ভারতীয়রা।
মার্কিন পররাষ্ট্র দফতরের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মোট ৫৮৫ জন ভারতীয় আবেদনকারী এ গ্রিন কার্ড পেয়েছেন। আগের সময়ের তুলনায় এ ক্ষেত্রে ভারতীয়দের সংখ্যা বেড়েছে প্রায় ২৯৮ শতাংশ। ২১ মাস ধরে গ্রিনকার্ড থাকলে এরপর কেউ পুরোপুরি মার্কিন নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে এমনিতে কাজ করার জন্য প্রয়োজন এইচ-ওয়ান বি ভিসা। কিন্তু দিন দিন এক্ষেত্রে মার্কিন নীতি আরো কঠিন করা হচ্ছে। ফলে টাকা দিয়ে গ্রিনকার্ড নিতে ভিড় করছে ভারতীয়রা। এমনকি ভারতের ধনী ব্যক্তিরা ছেলেমেয়েদের সেখানে পড়াশুনা করতে পাঠানোর পরপরই এ বিশেষ গ্রিনকার্ডের জন্য আবেদন করে দিচ্ছেন। এর ফলে পড়াশোনা শেষ হওয়ার পর তারা সহজেই আমেরিকাতে থেকে কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। অন্য কোনো ব্যবস্থার জন্য তাদের আর অপেক্ষা করতে হচ্ছে না। এ কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই বিশেষ গ্রিনকার্ডের।
প্রতি বছর বিদেশিদের জন্য এ ধরনের মোট ১০ হাজার ইবি-ফাইভ ভিসা নির্দিষ্ট রাখা হয়েছে। আবার বলা হয়েছে, কোনো দেশই মোট ভিসার ৭ শতাংশের বেশি পাবে না। এ কারণেই ভিয়েতনাম ও চীনের বিনিয়োগকারীরা অনেক বেশি সংখ্যায় আমেরিকায় থাকতে চাইলেও সেই নীতিতে আটকে যাচ্ছেন। আর এ সুযোগটিকে কাজে লাগাচ্ছে ভারতীয়রা।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে কঠিন হয়ে পড়ছে বিদেশীদের জীবন
রয়টার্স, ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪
মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন একটি প্রস্তাবনার ঘোষণা দিয়েছে। যার ফলে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে যারা ইতোমধ্যে সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন এমন বিদেশীদের জীবন কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
নতুন প্রস্তাবনা অনুযায়ী, যেসব অভিবাসীরা খাদ্য, বাসস্থান বা স্বাস্থ্যসেবা নিচ্ছেন তারা বোঝা হিসেবে বিবেচিত হবেন এবং তাদের গ্রিন কার্ড পাওয়ার আবেদন প্রত্যাখ্যান হতে পারে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশীদের জন্য নানা ধরণের সুবিধা বন্ধ কিংবা আরো কঠোর করার জন্য এ ধরনের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর ফলে দেশটিতে বৈধভাবেও যেসব বিদেশী যাবেন বা রয়েছেন তাদের জন্য খাদ্য সহায়তা, গৃহায়ণ কিংবা স্বাস্থ্যসেবা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রস্তাবিত ওই নীতিমালায় অভিবাসন কর্মকর্তাদের ভিসা কিংবা বসবাসের অনুমতি প্রত্যাখ্যানের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। দেশটিতে বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যসেবার মতো কিছু বিষয়ে সেবা পাওয়ার আইনগত অধিকার রয়েছে। নতুন নীতিমালা হলে বিদেশীদের জন্য এসব সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়বে।
প্রায় দু'দশক ধরে চলমান নীতির আওতায় সেখানে অনুমতি নিয়ে বসবাসরত বিদেশীরা এসব সুবিধা পেয়ে আসছিলো। এখন নতুন নীতিমালা কার্যকর হবে যারা ভিসা চাইবেন বা স্থায়ী বসবাসের আইনগত অনুমতি চাইবেন তাদের জন্য প্রযোজ্য হবে।তবে যারা নাগরিকত্বের আবেদন করবেন তাদের জন্য প্রযোজ্য হবে না।
সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি কার্স্টজেন নিয়েলসেন বলেন, যুক্তরাষ্ট্রে যারা অভিবাসনের আবেদন করবেন; তাদের আর্থিকভাবে নিজেদের সাহায্য করার ক্ষমতা থাকতে হবে। অভিবাসীদের আত্মনির্ভরশীলতায় উদ্বুদ্ধ করা হচ্ছে; যাতে তারা মার্কিন করদাতাদের জন্য বোঝা না হয়। সেজন্য প্রস্তাবিত আইন কংগ্রেসে উত্থাপন করা হবে। দতবে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নীতিমালা কংগ্রেসে উত্থাপনের প্রয়োজন হবে না।
যদিও চূড়ান্ত হওয়ার আগে এর ওপর মতামত দেয়ার সুযোগ দেয়া হবে এবং সংশ্লিষ্টরা এসব বিষয়ে পাওয়া মতামতগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। প্রতি বছর যুক্তরাষ্ট্রে থাকা প্রায় তিন লাখ ৮২ হাজারের বেশি ব্যক্তি স্থায়ী বসবাসের অনুমতি পেয়ে থাকেন, আর নতুন এ নীতি তাদের ওপর প্রভাব ফেলবে।
যুক্তরাষ্ট্রের এইচ-৪ ভিসাধারীদের ‘ওয়ার্ক পারমিট’ বাতিল করতে আগামী তিন মাসের মধ্যে আইন তৈরি হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে চাকরি হারাবে দেশটিতে কর্মরত অনেক ভারতীয়। কলম্বিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে যুক্তরাষ্ট্র সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, এইচ১বি অভিবাসীদের স্বামী বা স্ত্রী, যারা এইচ-৪ ভিসা নিয়ে আছেন, তাদের ‘ওয়ার্ক পারমিট’ বাতিল করতে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। এইচ-৪ ভিসাধারীদের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের আইনটি হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অব বাজেটে (ওএমবি) উপস্থাপিত হবে।
পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রের এইচ১বি ভিসাধারীদের ৯০ শতাংশই ভারতীয় এবং তাদের বেশির ভাগই তথ্যপ্রযুক্তিকর্মী। তারা কর্মসূত্রে সপরিবারে সেখানে আছেন। এইচ১বি ভিসাধারীদের জীবনসঙ্গী এবং ২১ বছরের কমবয়সী ছেলেমেয়েদের এইচ-৪ ভিসা দেয় বারাক ওবামা প্রশাসন। এর ফলে স্বামী-স্ত্রীর দুজনের আয় তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের ব্যয় নির্বাহ করাটা বেশ সহজ হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে চাকরিতে অগ্রাধিকার দেবেন তিনি। এই লক্ষ্যে এইচ১বি ও এইচ-৪ ভিসা নীতি পর্যালোচনা করবে তার সরকার।



মার্কিন সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের উপর টিয়্যার গ্যাস নিক্ষেপ

মার্কিন সীমান্ত টহল দলের সদস্যরা বৃহস্পতিবার মেক্সিকোর তিজুয়ানা নগরী দিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করা মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ করে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, অভিবাসন প্রত্যাশীদের একটি গ্রুপ রশি ব্যবহার করে তিজুয়ানা ও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর মধ্যবর্তী স্থানে দেয়া পরিবেষ্টনী অতিক্রম করার চেষ্টা করলে সীমান্ত টহল দলের সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছুঁড়ে। এদের মধ্যে শিশুও রয়েছে।
সেখানে থাকা এএফপি’র এক সাংবাদিক জানান, রশি বেয়ে এক অভিবাসন প্রত্যাশী সীমান্ত অতিক্রম করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
এনিয়ে মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশী গ্রুপটি এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সীমান্ত অতিক্রর করার চেষ্টা করলো। নিজ দেশে ব্যাপক সহিংসতার কারণে জীবনযাপন হুমকির মুখে পড়ায় তারা আশ্রয় প্রার্থনা করছে।
এক সপ্তাহ আগে প্রায় ৫০ জন এ সীমান্ত অতিক্রম করে। গত মঙ্গলবার আরো প্রায় ১০ জন সীমান্ত পার হয়। কর্তৃপক্ষ এদের সকলকে আটক করে।

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিত এরদোগানের

গোটা বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৫০ মুসল্লি নিহত হওয়ার প্রেক্ষিতে গত শুক্রবার তিনি এ ঘোষণা দেন।
ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘হলোকাস্ট গহত্যার পর মানবতার জন্য ইহুদী বিদ্বেষীদের বিরুদ্ধে যেভাবে লড়াই করা হচ্ছে ঠিক তেমন করে বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধেও আমাদের লড়াই করা উচিত।’
তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি’র সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মসজিদে হামলার পর নিউজিল্যান্ড সরকার ও দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘মুসলিমদের জন্য আরডার্ন যে সমানুভূতি ও সংহতি দেখিয়েছেন সেটা বিশ্ব নেতাদের জন্য উদাহরণ হওয়া উচিত।’
সম্মেলনে উপস্থিত অন্যদেরকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস ক্রাইস্টচার্চের ভয়াবহ হামলার পরও তাদের দেশে মুসলিমদের বসবাস নিরাপদ ও নিশ্চিন্ত রাখার নিশ্চয়তা প্রদান করেন। উল্লেখ্য, মসজিদে হামলার পর এরদোগান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমালোচনা করেন।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজের সময় নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ৫০ মুসল্লিকে। হামলায় আহত হন আরও ৪২ জন। সেই হামলা চালান অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্রপন্থী ব্রেন্টন ট্যারান্ট। হামলাকারী ছিলেন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের একজন অনুসারী।
সূত্র : আলজাজিরা

জাসিন্ডাকে পাকিস্তানে আমন্ত্রণ জানালেন মুগ্ধ ইমরান খান

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃপস্পতিবার টেলিফোনে জাসিন্ডাকে আমন্ত্রণ জানান ইমরান। এ সময় ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দাও জানান তিনি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম উর্দুপয়েন্ট’র।
টেলিফোনে ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার পর জাসিন্ডার আরডার্নের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান খান। তিনি বলেন, জাসিন্ডা সময় উপযোগী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন।
ইমরান বলেন, ‘হামলার পর মুসলিমদের প্রতি সংহতি জানানোর কারণে সারাবিশ্বের মানুষের মনে আপনার জন্য বিশেষ স্থান তৈরি হয়েছে। আপনাকে মুসলিম বিশ্ব কখনও ভুলবে না।’
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী সন্ত্রাসী। এতে ৫০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।
হামলাকারী ব্রেন্টন স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হামলা চালায়। এ ধরনের অস্ত্র সহজেই যাতে যে কারো হাতে চলে না যায় হামলার পর সেই লক্ষ্যে উদ্যোগ নেন প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা। এ ছাড়া মুসলিমদের প্রতি আন্তরিকভাবে সংহতি জানান তিনি। যা সারা বিশ্বের নজর কাড়ে।

‘ইসলাম গ্রহণ করবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট’

ইসলাম ধর্ম গ্রহণ করবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এমনটি জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। পররাষ্ট্রমন্ত্রী মেভলুতকে বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ‘গেজেট দুভার’।
মেভলুত জানান, গত বছর মাদুরো তাকে বলেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন।
বৃহস্পতিবার তুরস্কের আলিনিয়া শহরে অবস্থিত আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় মেভলুত বলেন, মাদুরো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সঙ্গে বৈঠক হয়। ওইসময় ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত টিভি সিরিজ ‘আরতুগ্রুল’ দেখার পর ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন মাদুরো।
‘বৈঠকের সময় সিরিজ নিয়ে কথা হলে মাদুরো চিৎকার করে দাঁড়িয়ে উঠেন, এবং ‘আরতুগ্রুল’ সিরিজের সব চরিত্রের নাম বলতে বলতে বসে যান।’
মেভলুত জানান, মাদুরো সেসময় বলেছেন, এই সিরিজগুলো ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান দেয়, এবং সিরিজগুলোকে ধন্যবাদ, একদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো।
পররাষ্ট্রমন্ত্রী মেভলুত আরো বলেন, আমরা মাদুরোর মুখ থেকে এমন কথা শুনে অনেক আনন্দিত।
তবে ঠিক কবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন মাদুরো সে সম্পর্কে কোন বক্তব্য পাওয়া যায় নি।
গত দেড় মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।

বিমানের ব্লাকবক্সে পাওয়া শেষ শব্দ ‘আল্লাহু আকবর’

২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ ম্যাক্স বিমানের ব্লাকবক্সের তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে দেখা যায়, বিমান নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে ককপিটে বসেই বিমান চালনা সংক্রান্ত বই ঘাঁটা শুরু করে দিয়েছিলেন ভারতীয় পাইলট। ১৮৯ জনকে নিয়ে বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে উচ্চারিত হওয়া শেষ শব্দ ছিলো ‘আল্লাহু আকবর’। খবর রয়টার্সের।
ব্লাকবক্সে পাওয়া তথ্যে দেখা যায়, জাকার্তা থেকে ওড়ার মাত্র ২ মিনিট পরই রেডিও কনট্রোলের দ্বায়িত্বে থাকা ফার্স্ট অফিসার বিমান নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে এয়ার ট্রাফিক বিভাগকে রিপোর্ট করেন। তিনি বলেন, কিছু সমস্যা পাইলটের স্ক্রিনে দেখাচ্ছে কিন্তু ফার্স্ট অফিসারের স্ক্রিনে দেখাচ্ছে না। এরপরই পাইলট ফার্স্ট অফিসারকে তার নিজের রাখা বই পড়ে সমাধানের উপায় খুজতে বলেন।
পরবর্তী নয় মিনিট ধরে বিমানের ওয়ার্নিং সিস্টেম থেকে বিমানকে ওড়ানো অবস্থায় রাখা সম্ভব হচ্ছে না বলে সতর্কতা দিতে থাকে। শান্ত থাকা পাইলট এবার বিমানবন্দরে পুনরায় ফিরে গিয়ে জরুরি অবতরণের বার্তা পাঠান এয়ার ট্রাফিক কন্ট্রোলে।
এক পর্যায়ে ইন্দোনেশিয়ান ফার্স্ট অফিসারকে বিমান নিয়ন্ত্রণ করতে বলে নিজেই বই পড়া শুরু করেন ৩১ বয়সী ভারতীয় পাইলট। সেখান থেকে বের করার চেষ্টা করেন সমাধান।
৩ মিনিট পর বিমানের সামনের অংশ বেঁকে যেতে শুরু করে। ফার্স্ট অফিসার বলে ওঠেন, ‘আল্লাহু আকবর’। কিন্তু পুরোটা সময় জুড়ে চুপচাপ শান্ত ছিলেন পাইলট, মৃত্যু আসন্ন জেনেও।
এরপরই রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ডুবে যায় লায়নের বোয়িং ৭৩৭ ম্যাক্স। জাকার্তা সাগরে সলিলসমাধি হয় ১৮৯ জন যাত্রী ও ক্রুর।
বিমানের ব্লাকবক্সে পাওয়া শেষ শব্দ ‘আল্লাহু আকবর’

এ বিষয়ে মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের একটি প্রতিবেদনে বলা হয়, বিমানের ত্রুটি বা পাইলটের ম্যাক্স বিমান চালানোর মতো পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ইত্যাদি যেকোনটি মূল কারণ হতে পারে।
নাম প্রকাশ না করে তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন, ‘বিমানের প্রতিডিউর ঘেঁটে সমাধান বের করা যেত। ধরুন আপনার হাতে ১০০টি প্রশ্ন আছে, কিন্তু ৭৫ টির উত্তর দিতে সময় বেশি লাগায় আপনি ভয় পেয়ে গেলেন।’
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates