Social Icons

Saturday, July 1, 2017

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ শ্রমিক আটক

মালয়েশিয়ায় ৫১ জন অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুরের পেটালিং জায়া ডরমিটরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় ২৩৯ জনের কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৫১ জনকে আটক করা হয়। এর মধ্যে বেশির ভাগই বাংলাদেশি। এ অভিযানে অবৈধ অভিবাসিদের মাঝে আতঙ্কক বিরাজ করছে।
অভিযানের পর ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেন, বেশিরভাগ শ্রমিক আসবাবপত্র-প্লাস্টিক উৎপাদন কারখানাগুলোতে কাজ করছেন। আমরা দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করতে এ অভিযান চালিয়েছি।
তিনি বলেন, ই-কার্ড (প্রযোজ্য কার্ড) নিবন্ধনের তারিখ ৩০ জুন শেষ। পারমিট ছাড়া কর্মরত শ্রমিকদের ধরতে এখন থেকে প্রতিদিনই এ অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট দূতাবাস, নিয়োগকারী ও বিদেশি শ্রমিককে বৈধতা নিতে ইমিগ্রেশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই বিষয়ে ব্যাপক প্রচারাভিযান চালায়।
আটক মায়ানমারের এক নারী কর্মী বলেন, তিনি নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে সচেতন ছিলেন না। তার নিয়োগকর্তা তাকে এ বিষয়ে কিছু বলেননি।
এদিকে দি মাস্টার বিল্ডার্স এসোসিয়েশন মালয়েশিয়া (এমবিএএম) সরকারের নিকট ই-কার্ড করার সময় ১৫ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন করেছে।
এসোসিয়েশন বলেছে, বিদ্যমান সমস্যার সমাধান এবং ধীরগতি প্রক্রিয়া থেকে বের হয়ে সহজ ও দ্রুত ইকার্ড করতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সহযোগিতা করবে। তারা আশাকরে ই-কার্ড করার প্রক্রিয়া সহজ করা হলে নিয়োগকর্তারা অবৈধ কর্মীদের ইকার্ড করতে উদ্বুদ্ধ হবে।
অনেক কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ই-কার্ড করার জন্য ৫শ থেকে ১ হাজার রিঙ্গিত দিয়েছে। অথচ মালয়েশিয়া সরকার ইকার্ড ফ্রি দিচ্ছে।
ই-কার্ড মালয়েশিয়া বৈধভাবে কাজ করার সরকারি স্বীকৃতির একটি প্রক্রিয়া। এটি করার পর অবশ্যই পাসপোর্ট করতে হবে এবং রিহায়ারিং কাজ সম্পূর্ণ করতে হবে। কিন্তু কোম্পানি বা প্রতিষ্ঠানের অবহেলা বা দালালদের দৌরাত্বে প্রক্রিয়াটিতে আশানুরুপ সফলতা আসেনি।
১৫ ফেব্রুয়ারি ২০১৭ এ ঘোষণা করার পর সর্বশেষ ২৬.৯৫৭ নিয়োগকর্তার মাধ্যমে প্রায় আড়াই লাখ অবৈধ কর্মী ই-কার্ডের জন্য আবেদন করলে শেষ সময় পর্যন্ত ১,৪০,৭৪৬ জনের ই-কার্ড করেছে যা লক্ষ্যমাত্রার ২৩ ভাগ।
ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ৬ লক্ষ ই-কার্ড করার আশা করেছিল। লক্ষ্য পূরণে ১ জুলাই থেকে নিয়োগকর্তা ও অবৈধ কর্মীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানের কাজ শুরু করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কিন্তু এমবিএএম এর মত নিয়োগকারী কর্মীসংকটে থাকা প্রতিষ্ঠানগুলো সময় বৃদ্ধির জন্য সরকারের নিকট আপিল করেছে।

যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নয়া শর্তের বোঝা চাপালেন ট্রাম্প


মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করার পক্ষে মত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এবার এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কঠোর শর্তাবলী আরোপ করেছে হোয়াইট হাউজ। ভিসা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই মার্কিন মুলুকে বসবাসকারী কোনো ব্যক্তির নিকটাত্মীয় হতে হবে কিংবা তার সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক থাকতে হবে।
স্থানীয় সময় বুধবার (২৮ জুন) হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হলে আবেদনকারীর মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান, ছেলের স্ত্রী কিংবা মেয়ের জামাই এবং ভাই-বোনকে মার্কিন মুলুকে বসবাস করতে হবে। বৃহস্পতিবার (২৯ জুন) মধ্যরাত থেকে এ শর্তাবলী কার্যকর হবে।
তবে যাদের নানা-নানি, দাদা-দাদি, খালা-খালু, মামা-মামি, চাচা-চাচি, ফুপু-ফুপা, ভাগনে-ভাগনি এবং নাতি-নাতনি যুক্তরাষ্ট্রে বাস করছেন তারা এ সুযোগ পাবেন না। তবে গ্রিনকার্ডধারীরা যেকোন বিধি-নিষেধের আওতার বাইরে থাকবেন।
ক্ষমতা নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে ইরান, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন। এই আদেশের পর থেকেই এ দেশগুলোর ভিসা পাওয়া লোকজনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছিলেন না। অনেকে বিমানবন্দরে গিয়ে আটক হন।
বিক্ষোভের মুখে ট্রাম্পের এ আদেশ আটকে দেন ফেডারেল আদালত। পরে সুপ্রিম কোর্টে আপিল করা হলে বিদ্যমান নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের রায় আসে। তবে আগামী অক্টোবরে চূড়ান্ত রায় ঘোষণার কথা রয়েছে। এর মধ্যে হোয়াইট হাউজের পক্ষ থেকে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের ঘোষণা দেয়া হল।
সূত্র: বিবিসি ও এনডিটিভি

বাংলাদেশে ৩৫০ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে বিমানবন্দরে নেমেই আটক সিটিসেলের সিইও


দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিটিসেলের সিইও মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার দুপুরে শ্রীলঙ্কা থেকে ফেরার পর তাকে গ্রেফতার করার পর  তাকে দুদক কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়।
শাহজালাল বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) সাইদুর রহমান জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিটিসেলের চেয়ারম্যান এম মোরশেদ খান, সিইও মেহবুব চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে দুদক পক্ষ থেকে মামলা করার পরই এ সংক্রান্ত একটি নোটিশ ইমিগ্রেশন পুলিশের কাছে আসে।
পরে ওই নোটিশের ভিত্তিতে অনুসন্ধান করে জানা যায়, মেহবুব চৌধুরী শ্রীলংকা থেকে দেশে ফিরছেন। পরে এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দুদকের হাতে হস্তান্তর করা হয়।
এর আগে, সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ বুধবারই একটি মামলা করে দুদক। ওই মামলায় মেহবুব চৌধুরী ছাড়াও সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পাশাপাশি এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, সিটিসেলের নামে আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অনিয়মের মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন আসামিরা। ২০১১ সালের ২১ মার্চ থেকে ২০১৫ সালের ৭ অক্টোবর পর্যন্ত সময়ে এ অর্থ আত্মসাত করা হয়। মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান ছাড়াও সিটিসেলের ভাইস চেয়ারম্যান আসগর চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, এবি ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক) মসিউর রহমান চৌধুরী ও ব্যাংকটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক কাইজার আহমেদ চৌধুরী ও এম ফজলুর রহমানকেও মামলায় আসামী করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে মামলাটি করেন বলে জানান সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, মোরশেদ খান ও তার স্ত্রী ছাড়াও পিবিটিএলের কর্মকর্তা ও ব্যাংকগুলোর সংশ্লিষ্টদের এ মামলায় আসামি করা হয়েছে

বেশি আয় নয়, ভালো সঙ্গী ও মানসিক সুস্বাস্থ্যেই সুখ


হঠাত্ করে আয় বেড়ে দ্বিগুণ হয়ে গেলে একজন মানুষ যতটা সুখী হতে পারেন, ভালো মানসিক স্বাস্থ্য ও একজন চমত্কার সঙ্গীর উপস্থিতিতে তা হওয়া সম্ভব আরো বেশি। জীবনঘনিষ্ঠ কোনো দার্শনিকের মন্তব্যে নয়, বরং সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে বক্তব্যটি। প্রায় দুই লাখ ব্যক্তির ওপর চালানো জরিপের ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছেন লন্ডন স্কুল অব ইকোনমিকসের গবেষকরা। খবর বিবিসি।
প্রায় দুই লাখ মানুষের ব্যক্তিগত সুখের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব নির্ণয়ে জনকল্যাণমুখী জরিপটি চালিয়েছেন গবেষকরা। গবেষণায় উঠে আসে, মানুষের ব্যক্তিজীবনের সুখে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলে বিষণ্নতা। অন্যদিকে জীবনের সুখের মাত্রা সবচেয়ে বেশি বাড়িয়ে তোলে ব্যক্তিগত সম্পর্ক।
বিশেষজ্ঞরা জানান, জনকল্যাণে রাষ্ট্রের নতুন ভূমিকার দাবি জানাচ্ছে গবেষণাটি। বিশ্বব্যাপী পরিচালিত নানা গবেষণার ভিত্তিতে গবেষকরা এ পর্যবেক্ষণ চালান।
দেখা গেছে, সুখী জীবনের উত্সগুলোকে ১ থেকে ১০-এর মধ্যে স্কোরিং করা হলে; এতে কারো আয় দ্বিগুণ বৃদ্ধি পেলেও স্কোর হচ্ছে দশমিক ২-এর চেয়েও কম। অন্যদিকে জীবনে ভালো সঙ্গীর উপস্থিতি সুখের মাত্রা বাড়ায় দশমিক ৬ পর্যন্ত। মৃত্যু বা অন্য কোনো কারণে সঙ্গীর সঙ্গে বিচ্ছেদে জীবন থেকে সুখ হারায় সমপরিমাণে।
অন্যদিকে জীবন দুঃসহ করে তোলায় বিষণ্নতা ও উদ্বেগের জুড়ি নেই। এ দুয়ের উপস্থিতিতে সুখের পারদ কমে যায় দশমিক ৭ পর্যন্ত।  বেকারত্বের ক্ষেত্রেও জীবন থেকে সুখ হারায় একই পরিমাণে।
গবেষণাপত্রের সহলেখক অধ্যাপক রিচার্ড লেয়ার্ড বলেন, এখান থেকে পাওয়া ফল এটাই বলছে; নাগরিকদের সুখী করে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের নতুন ভূমিকা রাখা প্রয়োজন। এক্ষেত্রে রাষ্ট্রকে সম্পদ (ওয়েলথ ক্রিয়েশন) নয়, সুখ সৃষ্টির (ওয়েলবিয়িং ক্রিয়েশন) দিকে মনোযোগ দিতে হবে।
তিনি আরো বলেন, গবেষণা থেকে পাওয়া ফলে এটাই প্রমাণ হয়, সুখ ও দুঃখের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে আমাদের সামাজিক সম্পর্ক এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য। বণিকবার্তা।

এটিই বিশ্বের সবচেয়ে বড় বিমান?


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মরুভূমিতে বেশ চুপিসারেই তৈরি হচ্ছিল বিমানটি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার প্রস্তুত হয়েছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের এই স্বপ্নের প্রকল্প। গত বুধবার প্রথমবারের মতো কারখানা থেকে বের করা হয়েছে স্ট্র্যাটোলঞ্চ নামের বিমানটি।
স্ট্র্যাটোলঞ্চ আসলে কতটুকু বড়? ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ডানা লম্বায় প্রায় ৩৮৫ ফুট, উচ্চতা ৫০ ফুট। অর্থাৎ একটি ফুটবল মাঠের চেয়েও লম্বা এই বিমানের ডানা। জ্বালানির ট্যাংক খালি থাকা অবস্থায় এর ওজন পাঁচ লাখ পাউন্ড। প্রায় আড়াই লাখ পাউন্ড জ্বালানি এটি বহন করতে পারে।
বিমানটিতে আছে মোট ২৮টি চাকা। আছে ছয়টি জেট ইঞ্জিন। এটি এতই বড় যে এর নির্মাণকাজ চলার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হয়েছিল।
পল অ্যালেন কেন এত বিশাল আকারের বিমান তৈরিতে আগ্রহী হলেন, তা নিয়ে আলোচনা চলছে। তবে যাত্রী বহনের কাজে এটি ব্যবহৃত হবে না। মূলত রকেট বহন করবে স্ট্র্যাটোলঞ্চ। এর পেটের কাছাকাছি রকেট লাগানোর জায়গা আছে। ৩৫ হাজার ফুট ওপরে উঠে এই রকেট ছেড়ে দেওয়া হবে। এতে করে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণসহ সামগ্রিক মহাকাশ অভিযান আরও সাশ্রয়ী হবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ছোট আকারের কৃত্রিম উপগ্রহ মহাকাশে স্থাপনের খরচ কমে আসবে বলে মনে করা হচ্ছে।
স্ট্র্যাটোলঞ্চের প্রধান নির্বাহী জিন ফ্লয়েড এক বিবৃতিতে বলেছেন, তাঁর কোম্পানি মহাকাশ অভিযানে গ্রাহকদের কম দামে বেশি সুযোগ দিতেই এই প্রকল্প হাতে নিয়েছে। তিনি আরও জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই নতুন বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নে অংশ নেবে। ২০১৯ সালের প্রথমদিকে এর বাণিজ্যিক ব্যবহার শুরু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবনের গেটে গাড়ি হামলা


ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের গেটে চলন্ত গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মেরে গ্রেপ্তার হয়েছেন চালক। বুধবারের এ ঘটনার সময় প্রেসিডেন্ট মিশেল তেমের রাজধানী ব্রাসিলিয়ার ওই বাসভবনে ছিলেন না বলে এক বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।  
প্রেসিডেন্টের বাসভবনের গেটের দিকে এগিয়ে আসা গাড়িটিকে থামাতে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছিল নিরাপত্তা রক্ষীরা, কিন্তু তারপরও গাড়িটি না থামায় গাড়িটি লক্ষ্য করে গুলি করে তারা। এরপর গেট ভেঙে আলভোরাদা বাসভবনের প্রাঙ্গণে ঢুকে পড়া গাড়িটি থেমে যায়।
গাড়িটির চালক আহত হননি। তাকে একজন নাবালক মনে হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
জি-ওয়ান সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্টের বাসভবনের গেটটি মাটিতে পড়ে আছে এবং বাসভবনের বাইরে মেঝেতে শটগানের গুলির খোসা পড়ে আছে।
ঘটনার পর ওই এলাকাটিতে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আলভোরাদা থেকে এক মাইলেরও কম দূরত্বে আরেকটি সরকারি বাসভবন জাবুরুতে বসবাস করেন প্রেসিডেন্ট তেমের।

ব্রাজিলিয়ান ফুটবলার 'সাবেক' প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ নেইমার !

প্রেমিকা ব্রুনাকে মাত্র কিছুদিন আগেই 'সাবেক' ঘোষণা করেছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তবে লুকিয়ে প্রেম করেও রক্ষা পেলেন না তিনি! খেলোয়াড়দের পার্টি লাইফ সবসময়ই সাধারণ মানুষ তথা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। সিআর সেভেন হোক বা বোল্ট, গেইল হোক বা যুবরাজ সিং; ক্রিকেট থেকে ফুটবল সব মঞ্চেই রয়েছে তারকাদের রঙ-বেরঙের নাইট লাইফ এবং পার্টি কালচার। এবার পার্টিতে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি নেইমার!
প্রিয় ক্লাব বার্সেলোনা কিংবা ব্রাজিলের হয়ে আগামী কয়েকদিন মাঠে নামতে হচ্ছে না নেইমারের। তাই রিও এখন ব্রাজিলেই ছুটি কাটাচ্ছেন তিনি। সেখানেই পার্টিতে মজেছেন বার্সার ১১ নম্বর জার্সির মালিক। ডান্স ফ্লোরে নাচের ছন্দে সাবেক প্রেমিকা ব্রুনার আরও কাছাকাছি আসেন নেইমার। শরীরী আলিঙ্গনে ব্রুনাকে আরও একবার জড়িয়ে ধরে 'ক্লোজ' হতে চান। ব্রুনা যে খুব খুশি হতে পারেননি তা ছবিতে স্পষ্ট।
দুজনের সেই ঘনিষ্ট মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় 'হট কেক'। এই ছবি অবশ্য নেইমার ভক্তদের মনে ধরেছে। চলতি মাসেই দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করে নেন ব্রাজিলীয় ফুটবলার। এরপরই দুজনের আবারও কাছে আসা অন্য ইঙ্গিত দিল। তবে কি ব্রুনার প্রতি এখনও আকৃষ্ট নেইমার? হতেই পারে। পার্শবর্তী দেশ ভারতে এমন উদাহারণ সৃষ্টি করেছেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates