Social Icons

Thursday, March 1, 2018

মিয়ানমার সীমান্তে বিজিবি সতর্ক আছে : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মিয়ানমার সীমান্তে আমাদের বিজিবি সতর্ক আছে। সেখানে সেদেশের সৈন্যদের অস্ত্রের মহড়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ বিষয়ে আমরা সেদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা জানিয়েছে সেদেশের কিছু রোহিঙ্গা নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে তাই তাদের এই মহড়া। এটি তাদের একান্ত নিজস্ব বিষয়। মিয়ানমার সেনাবাহিনীর সেখানে কোনো অরাজকতা সৃষ্টির কোনো সুযোগ নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, মিয়ানমারের সৈন্যদের মাইকযোগে হুমকির মুখে নো-ম্যান্স ল্যান্ডের অস্থায়ী ক্যাম্পের রোহিঙ্গারা ভীতসন্তস্ত্র হয়ে ক্যাম্প ছেড়ে বাংলাদেশে ঢুকে পড়ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া বায়তুল ইজ্জতে বিজিবির ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অবশ্যই ফেরৎ নিয়ে যাবে বলে পুনরায় আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অতীতের বিভিন্ন সময়ের কর্মকাণ্ড সম্পর্কে আমারা ওয়াকেবহাল।
অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আমরা যে দ্বিপাক্ষিক আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি তা ফলপ্রসূ হবেই বলে তিনি মন্তব্য করেন।
রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে নিয়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। পাঁচ বছর পর অবস্থা কী দাঁড়াতে পারে তা তিনি বুঝতে পারেন। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘সমগ্র সীমান্ত এলাকা সুরক্ষার জন্য আরো নতুন নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) যুগোপযোগী করে গড়ে তোলার ব্যাপারে ইতোমধ্যে অনেক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বিজিবির ক্রমাগত উন্নয়নের ধারা তুলে ধরে বলেন, ‘ইতোমধ্যে রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন এবং বিওপিগুলো নির্মাণ করা হয়েছে।’
কুচকাওয়াজের প্যারেড কমান্ডার ছিলেন মেজর কাজী মঞ্জুরুল ইসলাম ও প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ৯১তম ব্যাচের ৫৩৫ জন নবীন সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক প্রথম স্থান অর্জনকারী ও সব বিষয়ে সেরা নবীন সৈনিকের মাঝে পুরস্কার বিতরণ করেন।

যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী বিলের বিরোধিতায় মানবাধিকার গ্রুপ


যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী বিলের বিরোধিতা করেছে একটি মানবাধিকার গ্রুপ। দেশটির আইডাহো অঙ্গরাজ্যে এইচবি-৪১৯ নামের একটি বিল পাস হয়েছে। 
 
ওই বিলে রাজ্যে ‘বিদেশি আইন’ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের প্রতিনিধি পরিষদের বিলটি পাস হয়েছে। এখন সিনেটে পাসের চেষ্টা চলছে। 
 
তবে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার গ্রুপ কাউন্সিল অন ইসলামিক রিলেসনস (কেয়ার) বলেছে, এটা ইসলামবিদ্বেষী বিল। এর অর্থ শরীয়াহ আইন প্রবর্তন করা যাবে না। একই বিল দেশটির আরো অনেক রাজ্যে পাসের প্রক্রিয়া চলছে।

 আল-জাজিরা 

কলম্বিয়া ভেনিজুয়েলা সীমান্তে সংঘর্ষে নিহত ৭


তাচিরা রাজ্যের সীমান্তে ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে কলম্বিয়ার সন্দেহভাজন মাদক পাচারকারী চক্রের সাত সদস্য নিহত হয়েছে।
 
বুধবার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
ভেনিজুয়েলার নগর কৃষিমন্ত্রী ফ্রেডি বার্নাল বলেন, ‘কলম্বিয়ার নর্টে ডি সান্টানডার ডিপার্টমেন্ট সীমান্তবর্তী লা কাবরেরায় এ ঘটনা ঘটে। এই সংঘর্ষে কলম্বিয়ার আধাসামরিক বাহিনী ‘লস পেলুসোস’ জড়িয়ে পড়ে।’
 
তিনি আরো জানান, ওই দলটির সংঘর্ষে পাঁচ পুরুষ ও দুই নারী সদস্য নিহত হয়েছে। দলটির সঙ্গে আধাসামরিক ও মাদক পাচারকারী গাইন্তানিস্তা সেল্ফ ডিফেন্স ফোর্স অব কলম্বিয়া বাহিনীর সম্পৃক্ততা রয়েছে।
 
মন্ত্রী বলেন, ‘তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র, একটি গ্রেনেড এবং সহিংসতা ও মাদক সংক্রান্ত লিফলেট পাওয়া গেছে।’ বাসস। 

সরকারি তহবিল চুরির অভিযোগে হন্ডুরাসের সাবেক ফার্স্টলেডি গ্রেফতার


হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট প্রফিরিও লোবার স্ত্রী রোজা এলেনা বোনিলা ডে লোবোকে বুধবার গ্রেফতার করা হয়েছে। সরকারি তহবিলের কয়েক লাখ ডলার চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। প্রফিরিও ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। খবর এএফপি’র।
 
সুপ্রিম কোর্টের মুখপাত্র মেলভিন দুয়ার্তে বলেন, ৫১ বছর বয়সী সাবেক ফার্স্টলেডিকে রাজধানীর তেগুসিগাল্পার পূর্বে তাদের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছে। দুয়ার্তে বলেন, তিনি পাঁচ লাখ মার্কিন ডলার সমমূল্যের রাষ্ট্রীয় অর্থ তার নিজের অ্যাকাউন্টে জমা করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। তার স্বামীর পদত্যাগের মাত্র ছয় দিন আগে ২০১৪ সালের ২৭ জানুয়ারি তিনি এ কাজ করেন। দুর্নীতি বিরোধী সংস্থা এমএসিসিআইএইচ এর প্রধান অ্যানা মারিয়া কালদেরন এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে সাবেক ফার্স্ট লেডির অফিস থেকেই মোট চার মিলিয়ন মার্কিন ডলার চুরি করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 
 
সংস্থাটি অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর আওতায় গড়ে উঠেছে। কালদেরন আরো বলেন, তাইওয়ান থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ঘুষ গ্রহণ করা হয়। বোলিনার অন্তত নয় অধীনস্থ এই দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে জনগণের অর্থ চুরি, অর্থ পাচার ও অপরাধে সহায়তার প্রদানের অভিযোগ রয়েছে। জাতীয় দুর্নীতি দমন কাউন্সিল জানিয়েছে, রাষ্ট্রীয় একটি শিশু সংস্থা থেকে ৬ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার বলিনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। দুয়ার্তে বলেন, বলিনাকে ফৌজদারি আদালতের সামনে হাজির করা হবে। বিচারকই তার ভাগ্য নির্ধারণ করবেন। এএফপি।

সৌদি আরবে গিয়ে অসহায় সুলতানা


সুলতানার স্বপ্নগুলো এখন শুধুই দুঃস্বপ্ন হয়ে তাড়া করছে। মাত্র ৫ মাস আগের কথা স্বামী পরিত্যাক্তা সুলতানা ৩ সন্তানের জননী অভাবগ্রস্ত পরিবারের একমাত্র আয়ের উৎস। কোন ভাবেই সন্তানদের পরিপূর্ণ জীবন গড়তে সে ব্যর্থ। তাই পরিবারের সুখের আশাই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিজের জীবনকে উৎস্বর্গ করে সৌদি আরবে পাড়ি জমাই একজন গৃহপরিচালিকা হয়ে। প্রথম একমাস সুলতানার ভালোই কাটলো সৌদির বেতনও ১০০০ রিয়াল পাঠিয়ে ছিল বাড়িতে। কিন্তু একমাস পরে যখন সুলতানাকে নেওয়া হলো অন্য এক সৌদির বাসায় তখন থেকেই তার মাথার উপরে বাসা বাঁধতে থাকে দুঃস্বপ্নের কালো মেঘ।
স্বপ্নগুলো ক্রমশ দূরে সরে যেতে থাকে। বাংলাদেশের দালালদের সেইসব প্রতিশ্রুতি প্রতিনিয়ত কানে বাজতে থাকে আর সেই সাথে বাড়তে থাকে সৌদি পরিবারের সদস্যদের অত্যাচার, মারধর এমনকি কু প্রস্তাবনার। ইতোমধ্যে খাদ্য তালিকা থেকে সুলতানার নাম বাদ দেওয়া হয়েছে কেড়ে নেওয়া হয়েছে মুঠো ফোনও। মৃত্যই যখন একমাত্র মুক্তির পথ এই উপলব্ধি থেকে জীবনকে পুজিঁ করে সুলতানা বাড়ির ময়লা ফেলার নাম করে বাইরে বের হয়ে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে একসময় কিছু বাংলাদেশীর দেখা মেলে তাদেরই মাধ্যমে সুলতানা চলে আসে খামিস মুসায়েত নামক একটি শহরে যেখানে আসির প্রদেশ বঙ্গবন্ধু পরিষদের সংগঠনের সহযোগিতায় একটি পরিবারে বতর্মানে সুলতানা আশ্রিয়ত। বাংলাদেশ জেদ্দা কনসুেল্যটেরর মাধ্যমে হয়ত কিছু দিনের মধ্যে সুলতানা তার প্রিয়জনের কাছ ফিরে যেতে পারে।

যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ হলো বাংলাদেশিদের


বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের জন্য যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া আগের চেয়ে আরও সহজ করলো দেশটি। সম্প্রতি যুক্তরাজ্যে অন ডিমান্ড মোবাইল ভিসা (ওডিএমভি) নামে নতুন এক পদ্ধতি চালু করায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া আগের তুলনায় অনেকটাই সহজ হবে। এই  পদ্ধতিতে আবেদনকারীকে ভিসা আবেদনের জন্য কেন্দ্রে আর যাওয়ার প্রয়োজন হবে না।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস এ তথ্য জানায়। নতুন পর্যটকদের জন্য ভিজিট ভিসার এই নতুন ফর্মের নাম দেয়া হয়েছে ‘এক্সেস ইউকে’।
আগের তুলনায় অপেক্ষাকৃত কম তথ্য পূরণ করেও বাংলাদেশি পযর্টকরা ভিসা আবেদন করতে পারবেন এই পদ্ধতিতে। একই সঙ্গে এই ফর্মটি খুব সহজেই মোবাইলে ডাউনলোডের পর সেটি পূরণ করে পাঠানো যাবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক জানান, ব্যবসায়ীদের জন্য সব সময়ই ব্রিটেন উন্মুক্ত। একই সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাজ্যে এক্সেস প্রবর্তনের ফলে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ এবং দ্রুত হবে।

কম বিনিয়োগে অফুরন্ত ব্যবসার সুযোগ লিসবনে

 অল্প পুঁজিতে অধিক মুনাফা কে না চায়? তাও যদি হয় দেশের বাইরে, তবে তো নতুন করে ভাবতেই হয়! ইউরোপের ছোট্ট শহর লিসবনে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভবনার সুযোগ তৈরি হয়েছে। কম বিনিয়োগে ভালো ব্যবসার সুযোগ রয়েছে শহরটিতে। এ কারণে এখানে বাসবাসরত বাংলাদেশিদের অর্ধেকই ব্যবসায়ী। ১৫ থেকে প্রায় ২০ হাজার বাংলাদেশি আছে এই শহরে। ট্যুরিষ্ট দেশ হিসাবে পরিচিত শহরটিতে নানা ধরণের ব্যবসার পসার সাজিয়ে বসেছেন তারা। লিসবনের কেন্দ্রস্থল মানতিমনিজ,রুয়া দো বেনফরমোসো এবং মুরারিয়া এসব এলাকাকে এখন বলা হয় বাঙালী পাড়া। ১২ থেকে ১৫ হাজার বাংলাদেশির বসবাস এখানে। তাদের মালিকানায় এখানে রয়েছে হোটেল রেষ্টুরেন্ট, সুপার মার্কেট, স্যুভেনির শপ, ট্রাভেল এজেন্সিসহ নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান।
তাই বলে বাংলাদেশিদের আধিপত্য বাড়ছে না। কারণ এখানে থাকার বৈধ কাগজপত্র হবার পর সবাই পাড়ি জমায় ইউরোপের ধনী দেশগুলোতে। লিসবনে রয়েছে বাংলাদেশি পরিচালিত ও বাংলাদেশি মালিকানাধীন ছোট-বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের গুণগত মান অন্যান্যের সাথে পাল্লা দিয়ে দিন দিন উন্নত হচ্ছে। এছাড়া ব্যবসা- প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি অনুসারে। যেমন, রাধুনি ক্যাফে, রাধুনি রেস্টুরেন্ট, বেঙ্গল রেস্টুরেন্টসহ আরও অনেক। ফলে এলাকায় ঢুকলে খুব সহজেই বাংলাদেশিদের বসবাসের একটা আমেজ টের পাওয়া যায়। ইউরোপের দেশ হলেও পর্তুগালের লিসবনে ব্যবসা প্রতিষ্ঠানে গড়ে তুলতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। সহজেই স্বল্প বিনিয়োগে এখানে ব্যবসা শুরু করে লাভবান হওয়া সম্ভব। স্থানীয় প্রবাসী ব্যবসায়ীরা জানান, কেউ যদি ন্যুনতম ৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারে সেও একটি ছোট দোকান নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। এখানে নিরাপত্তা ও ব্যবসার অনুকূল পরিবেশের কারণে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশিরা ব্যবসা করে লাভবান হচ্ছেন।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates