Social Icons

Tuesday, October 2, 2018

ব্রাজিলে নির্বাচনী জরিপে এগিয়ে বামপন্থী হাদ্দাদ

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পরিচালিত এক জরিপে এগিয়ে আছেন বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাদ্দাদ। শুক্রবার প্রকাশিত ডাটাফোলহা নামের একটি সংগঠনের জরিপে বলা হয়েছে, আগামী মাসের নির্বাচনে উগ্র ডানপন্থী জেয়ার বলসোনারোকে হারাতে যাচ্ছেন তিনি। এদিকে নির্বাচনে পরাজিত হলে ফলাফল বর্জনের হুমকি দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা থেকে প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে আসা বলসোনারো। খবর রয়টার্স।
নয় হাজারের বেশি ভোটারের ওপর পরিচালিত জরিপের ফলাফলে বলা হয়েছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেতে পারেন হাদ্দাদ, যেখানে বলসোনারোর বাক্সে পড়তে পারে ৩৯ শতাংশ ভোট। বাকি ভোটাররা হয় সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা ভোট বাতিল করার কথা ভাবছেন। ব্রাজিলে ভোটাধিকার প্রয়োগ বাধ্যতামূলক।
ব্রাজিলে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে দ্বিতীয় দফা নির্বাচন দিতে হয়। যদি আগামী ৭ অক্টোবরের নির্বাচনে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ভোট না পান, তাহলে দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে।

নারীদের অতিরিক্ত ওজন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদন অনুযায়ী, ২০৪৩ সালের মধ্যে নারীদের ক্যান্সারের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে অতিরিক্ত ওজন। ধূমপানের কারণে নারীদের ক্যান্সারের ঝুঁকির চেয়ে বেশি ঝুঁকি বয়ে আনতে পারে নারীদের স্থূলতা। বর্তমানে শতকরা ১২ ভাগ নারীর ক্যান্সারের কারণ হিসেবে ধূমপানকে এবং শতকরা ৭ ভাগ নারীর ক্যান্সারের কারণ হিসেবে অতিরিক্ত ওজনকে চিহ্নিত করা হয়। কিন্তু ধূমপায়ীর সংখ্যা দিন দিন কমতে থাকায় এবং নারীদের মধ্যে স্থূলতার হার বাড়তে থাকায় আগামী ২৫ বছরের মধ্যে নারীদের ক্যান্সারের প্রধান কারণে পরিণত হতে পারে অতিরিক্ত ওজন।
 
ক্যান্সার রিসার্চ ইউকে’র এক ধারণা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে শতকরা ১০ ভাগ নারীর ক্যান্সারের কারণ হবে ধূমপান এবং শতকরা ৯ ভাগ নারীর ক্যান্সারের কারণ হবে অতিরিক্ত ওজন। আর এই ধারা অব্যাহত থাকলে, ২০৪৩ সালের মধ্যে ধূমপানের কারণে ক্যান্সার আক্রান্ত নারীর চেয়ে অতিরিক্ত ওজনের কারণে ক্যান্সার আক্রান্ত নারীর সংখ্যা বেড়ে যাবে।
 
গবেষণা দলটি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, অতিরিক্ত ওজনের কারণে পুরুষের চেয়ে নারীদের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেশি। কারণ অতিরিক্ত ওজনের ফলে অন্ত্র, গল ব্লাডার, কিডনি, লিভার, স্তন, জরায়ু ও থাইরয়েডে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। আর নারীদের মধ্যে এ ধরনের ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। ফলে অতিরিক্ত ওজন হলে ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যাবে নারীদের।
 
সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, গত এক দশকে যুক্তরাজ্যের শিশুদের মধ্যেও স্থূলতার হার বেড়েছে। ক্যান্সার রিসার্চ ইউকে’র প্রতিরোধ বিশেষজ্ঞ লিন্ডা বওল্ড বলেন, শৈশবে যাদের অতিরিক্ত ওজন ছিল, প্রাপ্তবয়স্ক অবস্থায় তাদের স্থূলতার আশঙ্কা অন্যদের চেয়ে ৫ গুণ। তার মতে, স্থূলতা আর ক্যান্সারের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই বিষয়টি সম্পর্কে প্রচারণা চালাতে এবং শিশুদের সচেতন করতে এখনই নানা ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
 
লিন্ডা বওল্ড জানান, ‘কম স্বাস্থ্যকর’ খাবারের বিজ্ঞাপনে মূল্য প্রচারে কড়াকড়ি আরোপ এবং রাত ৯টার আগে টেলিভিশনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞার মতো নীতি প্রণয়ন করার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা। তার মতে, ঠিকমতো প্রচারণা চালাতে পারলে ধূমপানের মতো জাঙ্ক ফুডের বিষয়ে মানুষের সচেতনতা বাড়বে। এতে মানুষের অতিরিক্ত ওজন বাড়ার প্রবণতা কমে আসবে। আর এটি হলে অতিরিক্ত ওজনের জন্য যেসব ক্যান্সারের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থাকে তাও উল্লেখযোগ্য হারে কমে আসবে।-বিবিসি।

নিয়মিত ঘুম হৃদরোগের ঝুঁকি কমায়

নিয়মিত এবং সময়মত ঘুম হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করে। সম্প্রতি এমনই একটি গবেষণা প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশ হয় সায়েন্টিফিক রিপোর্টস নামের এক জার্নালে। ডিউক হেলথ ও ডিউক ক্লিনিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষক দল এ নিয়ে গবেষণা করেন। 
 
গবেষণায় দেখা যায়, অনিয়মিত ঘুমে ওজন বেড়ে যায়। যারা সময় মেনে নিয়মিত ঘুমান, তাদের চেয়ে অনিয়মিতভাবে ঘুমানো ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। 
 
গবেষকেরা বলছেন, অনিয়মিতভাবে যারা ঘুমান, তারা সাধারণত বিষণ্ণতা ও মানসিক চাপে ভোগেন। এ দুটোই হৃদযন্ত্রের জন্য খারাপ ফল বয়ে আনে।
 
প্রধান গবেষক জেসিকা লান্সফোর্ড আভেরি বলেন, অনিয়মিত ঘুমের কারণেই স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বা শারীরিক অবস্থা খারাপ থাকায় তা ঘুমে প্রভাব ফেলছে- এসব নিয়ে আমাদের গবেষণায় উপসংহার টানা হয়নি। তবে এটুকু বলা যায় যে, নিয়মিত ঘুমের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে বিলম্বিত করা সম্ভব।

সুস্থ থাকতে সঠিক সময়ে খেতে হবে


আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সঠিক সময়ে খাবার খান না। সময় মতো খাবার না খেলে তৎক্ষণাৎ কোনো সমস্যা হয় না বলে অনেকে একে গুরুত্ব দেন না; কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে এই অবহেলার পরিণতি হতে পারে গুরুতর ভোগান্তির কারণ। চিকিৎসকদের মতে, সময় মতো খাবার না খাওয়া হলে গ্যাস্ট্রিক, বদহজম ও অম্বলের সমস্যা হতে পারে।
 
খাবার খাওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে পাকস্থলীতে হজমে সাহায্যকরী এনজাইম ও এসিড নিঃসরণ হয় যা পাকস্থলীর অভ্যন্তরীণ আবরণকে ক্ষতি করে। পাকস্থলীতে এইভাবে নিঃসরণ হতে থাকলে এক সময় পাকস্থলীর আবরণে ক্ষত সৃষ্ট হয়। ফলে বুক জ্বালা পোড়া ভাব, পেটে ব্যথা, এসিডিটি এবং এক সময় গ্যাস্ট্রিক আলসার হতে পারে।
 
অনেকেই আছেন খাবার দেরি করে খান বা ক্ষুধা না লাগলে খান না, ফলে খাওয়ার সময় বেশি খাবার খেয়ে ফেলেন। এর জন্যও অন্ত্রের বিপাকীয় প্রক্রিয়া ব্যাহত হয়। সঠিক সময়ে সঠিক খাবার না খাওয়ার কারণে বয়স যখন ৪০ পেরিয়ে যায়, তখন তাদের শরীর দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়ে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
 
অনিয়মিত খাবার দাবার ও বেশি রাত করে রাতের খাবার খাওয়ার প্রভাব ফেলে নিত্যদিনের কাজেও। তাই শরীর সুস্থ রাখতে হলে সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করা উচিত।
 
লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ২-১ গোলে জিতে যায় বাংলাদেশ। 
 
দলের হয়ে জয় সূচক গোল দুটি করেন সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী। ‘বি’ গ্রুপের আগের ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেয় গোলাম রব্বানী ছোটনের দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। 
 
এর আগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নেপালকে এই ভুটানের মাটিতে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের অনেক খেলোয়াড়ই রয়েছেন অনূর্ধ্ব-১৮ দলে।
 
শুক্রবার ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

ইরান ইস্যুতে সুর নরম করছে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু সমঝোতা ত্যাগ করতে নিজের ইউরোপীয় মিত্রদের রাজি করাতে ব্যর্থ হওয়ার পর এখন সুর পাল্টে ফেলেছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপিত ‘ইরান অ্যাকশন গ্রুপের’ প্রধান ব্রায়ান হুক দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন একাই বেরিয়ে গেছে এবং ওয়াশিংটন ইউরোপকে একই কাজ করতে উৎসাহিত করার চেষ্টা করেনি।
হুক আরো দাবি করেছেন, ইউরোপীয় কম্পানিগুলো ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসবে না।
ব্রায়ান হুক এমন সময় এ দাবি করলেন যখন গত মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর নিজের ইউরোপীয় মিত্রদেরও এই সমঝোতা থেকে বের করে নিতে বহু পন্থা অবলম্বন করেছে। মার্কিন শীর্ষ কর্মর্তারা বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে বহুবার কথা বলেছেন এবং ইউরোপীয় কম্পানিগুলোকে হুমকি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করলে এসব কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ওয়াশিংটন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন গত সপ্তাহে এ সম্পর্কে বলেছেন, ইউরোপ বা অন্য কাউকে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অনুমতি দেবে না ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রকে ছাড়া বাকী পাঁচ জাতিগোষ্ঠী সম্প্রতি ইরানের সঙ্গে লেনদেনের জন্য আলাদা বিশেষ চ্যানেল খোলার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পাঁচ জাতিগোষ্ঠীর এ পদক্ষেপ ‘হতাশাজনক।’
ইউরোপীয় দেশগুলো গত মে মাস থেকেই মার্কিন কর্মকর্তাদের ব্যাপক চাপ উপেক্ষা করে ইরানের পরমাণু সমঝোতায় টিকে থাকা এবং ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উপায় খুঁজে বের করার চেষ্টা করে এসেছে।  ইউরোপীয় পরিষদের প্রধান ডোনাল্ড টাস্ক এ সম্পর্কে বলেছেন, ওয়াশিংটন নিজের রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক সংস্থা ও স্বাধীন দেশগুলোর ওপর চাপিয়ে দিতে পারে না। তিনি আরো বলেন, ইউরোপ অন্যদের সঙ্গে নিয়ে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করবে।
যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ইউরোপীয় দেশগুলো ইরানকে এ সমঝোতায় টিকে থাকার আহ্বান জানিয়ে বলে এসেছে, ওই সমঝোতায় ইরানের যে অর্থনৈতিক স্বার্থ রক্ষিত হওয়ার কথা ছিল তা রক্ষা করার চেষ্টা করবে ইউরোপ। এ লক্ষ্যেই গত সপ্তাহে নিউ ইয়র্কে পাঁচ জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে লেনদেনের জন্য যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে বিশেষ অর্থনৈতিক চ্যানেল তৈরির সিদ্ধান্তের কথা জানিয়েছে।  
ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে পাশ কাটাতে শুধু ইউরোপ নয় আরো অনেক দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে।  ওয়াশিংটন ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানালেও বিশ্বের বেশিরভাগ দেশ সে আহ্বানে সাড়া দেয়নি।
কাজেই দেখা যাচ্ছে, আগামী মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা কার্যকর করার সময় যতই ঘনিয়ে আসছে ততই এ নিষেধাজ্ঞার কার্যকারিতা কমে যাচ্ছে। আর এ কারণেই এই ব্যর্থতাকে ধামাচাপা দিতে যুক্তরাষ্ট্রর ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক এখন সুর নরম করে দিয়েছেন। 

ভেনিজুয়েলার ভার্চুয়াল মুদ্রা পেট্রোর প্রচলন আন্তর্জাতিকভাবে শুরু

ভেনিজুয়েলার ভার্চুয়াল মুদ্রা পেট্রো আন্তর্জাতিক বাজারে ছাড়া হয়েছে গত সোমবার থেকে। পেট্রোর প্রচলন উপলক্ষে অয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, পেট্রোর মার্কেটিংয়ের কাজ করছে ছয়টি আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস।
দেশটির সরকারের প্রত্যাশা, এই ভার্চুয়াল মুদ্রা প্রচলনের ফলে তেল নিয়ে চলমান দর কষাকষির অবসান হবে। মুদ্রামান পুনরায় ফিরে আসবে বলেও বিশ্বাস তাদের।
এছাড়া দেশটির খনিজ এবং অপরিশোধিত তেল রিজার্ভের ক্ষেত্রে সহায়তা করবে এই মুদ্রা। ভেনিজুয়েলা প্রথম দেশ, যারা বিট কয়েনের আদলে পেট্রো নামে নিজস্ব ভার্চুয়াল মুদ্রার প্রচলন করল।
যদিও সমালোচকদের অনেকেই মুদ্রা হিসেবে পেট্রোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, সাংবিধানিকভাবে মুদ্রা হিসেবে শুধু বলিভারই বৈধ।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates