Social Icons

Wednesday, October 3, 2018

ধর্ষণে বাধা, কিশোরীর মরদেহ গাছে ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা

১৫ বছরের এক কিশোরীকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর ওই কিশোরীর মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে। সেটাও ওই কিশোরীর ওড়না দিয়ে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় গত মঙ্গলবার। পুলিশ বলছে, একাদশ শ্রেণির ওই ছাত্রী স্কুলে গিয়েছিল গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুল থেকে বাড়ি ফেরার পথেই আক্রান্ত হয় ওই ছাত্রী।
তার ওপর চড়াও হয় জনাচারেক দুষ্কৃতিকারী। ছাত্রীটিকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে তারা। ওই ছাত্রী বাধা দিতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে চারজন। তারা রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে থাকে ছাত্রীটিকে। প্রচণ্ড মারধরের চোটে ওই ছাত্রীর মৃত্যু হলে তারই ওড়না দিয়ে পেঁচিয়ে মরদেহ গাছে ঝুলিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। একজন এখনো পলাতক। ওই ছাত্রীর মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তার রিপোর্ট পেলে ছাত্রীটি ধর্ষিত হয়েছিল কি না, পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হবে।
চার বছর আগে এই মৈনপুরী থেকে ১১৪ কিলোমিটার দূরে অনেকটা একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় দুই বোনকে গণধর্ষণের পর খুন করে তাদের দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়। দেশজুড়ে বিক্ষোভ হয়েছিল ওই ঘটনার প্রতিবাদে।

‘মার্কিন যুদ্ধজাহাজের মুখ ফেরাতে বাধ্য করল চীন’

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজের টহল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে চীন ও যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের অভিযোগ, গত রবিবার উসকানিমূলকভাবে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ অনুমতি ছাড়াই চীনের জলসীমা এলাকায় টহল দিয়েছে। অন্যদিকে ওয়াশিংটন দাবি করেছে, চীনের যুদ্ধজাহাজের আক্রমণাত্মক গতিবিধির কারণে তাদের যুদ্ধজাহাজ গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
দক্ষিণ চীন সাগরের প্রায় ১৪ লাখ বর্গমাইল এলাকার মালিকানা নিয়ে চীনের সঙ্গে কয়েকটি দেশের বিরোধ আছে। মালিকানার দাবিদার দেশগুলোর মধ্যে আছে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ান। কিন্তু চীন এ বৃহৎ জলসীমার প্রায় পুরোটাই নিজেদের দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের অবস্থান চীনের বিপক্ষে। বিরোধপূর্ণ এলাকাগুলো হলো স্পার্টলি, প্যারাসেল ও স্কেয়ারবোরো দ্বীপপুঞ্জ। এর মধ্যে স্পার্টলিতে বেশ কয়েকটি কৃত্রিম দ্বীপ বানিয়েছে চীন। এ ছাড়া দখলকৃত দ্বীপে তারা সামরিক স্থাপনা নির্মাণ করেছে বলেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা অভিযোগ করে আসছে।
এ অবস্থায় বিতর্কিত অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। গত রবিবারও তাদের একটি যুদ্ধজাহাজ (ইউএসএস ডিকেটার) স্পার্টলি দ্বীপপুঞ্জের গ্যাভেন রিফ এলাকায় টহল দেয়। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্র কমান্ডার নেইট ক্রিস্টেনসেন অভিযোগ করেন, টহলের একপর্যায়ে চীনের যুদ্ধজাহাজ (লুইয়াং) মার্কিন যুদ্ধজাহাজের এত কাছে চলে আসে যে একটির সঙ্গে আরেকটির সংঘর্ষের উপক্রম তৈরি হয়। একসময় দুটি যুদ্ধজাহাজের দূরত্ব ছিল মাত্র ৪৫ মিটারের মতো। এ ছাড়া চীনের যুদ্ধহাজাহের গতিবিধি ছিল অপেশাদার ও আক্রমণাত্মক। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ‘ইউএসএস ডিকেটার’ শেষমেশ গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় বলে দাবি করেন ক্রিস্টেনসেন।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, একটি দেশ তাদের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলাচল করতে পারবে। কিন্তু যুক্তরাষ্ট্র চীনের ওই ১২ নটিক্যাল মাইলের মধ্যে ঢুকে প্রায়ই টহল দেয় এটা জানান দিতে যে তারা দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বেইজিংয়ের দাবি মানে না।
এদিকে গতকাল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র বারবার দক্ষিণ চীন সাগরের এমন সব অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, যেসব অঞ্চল আমাদের মালিকানায় রয়েছে। তাদের এ আচরণ চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি। এটি দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে।’
উল্লেখ্য, পাল্টাপাল্টি আমদানি শুল্ক আরোপের কারণে দুই দেশের বাণিজ্যবিরোধ ব্যাপক আকার ধারণ করেছে। এর মধ্যে দক্ষিণ চীন সাগর নিয়ে তাদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলো। সূত্র : এএফপি, বিবিসি।

এখনও আসল খেলা দেখাইনি : নেইমার

ভালো-মন্দ মিলিয়েই কাটছে ব্রাজিল সুপারস্টার নেইমারের চলতি মৌসুম। কখনও গোল পাচ্ছেন, আবার কখনও পাচ্ছেন না। যেমনচ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে তার দল। নেইমারও ছন্দে ছিলেন না। তবে ব্রাজিলের মহাতারকা বলছেন, পিএসজির সেরা ছন্দে আসা এখনও বাকি। শিগগিরিই আসল খেলা দেখিয়ে দেবেন তিনি।
অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারার পরেই ফরাসি লিগে টানা তিনটি ম্যাচে জিতেছে পিএসজি। যে জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যদিও পিএসজির কোচ থোমাস তুহেল তার দলের এক নম্বর তারকাকে নিয়ে বলছেন, 'নেইমার হয়তো ১০০ শতাংশ ফিট নেই এখন। তবে তার কাছাকাছি জায়গায় রয়েছে।'
কোচের কথা মানছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমি শতভাগ ফিট নই। দলের কেউই শতভাগ ফিট অবস্থায় নেই। মৌসুমের সবে শুরু এখন। আমরা খুব বেশি ম্যাচ কিন্তু এখনও খেলিনি। বিশ্ব ফুটবল সেরা ছন্দে থাকে ফেব্রুয়ারি-মার্চে দিকে। বড় ম্যাচগুলোতে সেটা বোঝা যায়। প্রতিটি ম্যাচ, প্রতিটি দিন আমি শারীরিরভাবে আর টেকনিক্যাল দিক থেকে আরও উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি।'
গত বছর মার্চে তার মারাত্মক চোট পাওয়ারও প্রসঙ্গও ওঠে সাংবাদিক সম্মেলনে। যে চোটে ক্লাবের হয়ে বাকি মৌসুমে আর নামতে পারেননি নেইমার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতিতেও ধাক্কা খান। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে নামলেও তার দল কোয়ার্টার ফাইনালে ছিটকে যায়। নেইমার বলেন, 'আমার চোট পাওয়ার ব্যাপারটা খুব দুঃখের ছিল। বিশ্বকাপ থেকে আমরা যে ভাবে ছিটকে যাই সেটাও খুব হতাশার। তবে সে সব এখন অতীত।'
ব্রাজিল তারকার কথাতেই পরিষ্কার, এখন তিনি পুরনো কথা আর মনে রাখতে চান না। ভাবতে চান বর্তমান নিয়ে। তাই ফরাসি লিগে শনিবারের ৩-০ জয়ের পরেই বান্ধবী ব্রুনার সঙ্গে ডিজনিল্যান্ডে সারাদিন কাটিয়েছেন। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এখন মাঠের খেলায় তার প্রকৃত রূপ দেখার জন্যই অপেক্ষায় আছে লাখো লাখো ভক্ত।

ইরাকে হত্যার লক্ষ্যবস্তুতে সুন্দরী নারীরা

ইরাকের সাবেক মিস ইরাক খেতাব জয়ী বলেছেন তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর আগে একজন মডেলকে হত্যা করা হয় দেশটিতে। কিন্তু কেন মডেল বা সুন্দরী প্রতিযোগিতায় জেতা এসব নারীদের টার্গেট করা হচ্ছে?
 
সীমা অনলাইনে একটা লাইভ ব্রডকাস্টে এসে বলেছেন, তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে এই বলে যে তিনি হবেন হত্যাকারীদের পরবর্তী টার্গেট। গত সপ্তাহের বৃহস্পতিবার টারা ফারেস নামে একজন মডেলকে বাগদাদে গুলি করে হত্যা করা হয়। টারা ফারেসের বিশাল ফ্যান ফলোয়ার ছিল। ইন্সটাগ্রামে ২৮ লক্ষ ফলোয়ার। এর ঠিক দুই দিন আগে একজন নারী হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট কে বাসরা শহরে গুলি করে মারা হয়। ঐ নারীর নাম সৌদ আল আলী।
 
এ বছরের আগস্ট মাসে বাগদাদে দুইটি বিউটি পার্লারের দুইজন মালিককে তাদের নিজেদের বাড়ীতে যেয়ে হত্যা করা হয়। এই দুইজনই ছিলেন নারী। তারা মিস ফারেসের সাথে সখ্যতা ছিল বা তাদের একটা সামাজিক যোগাযোগ ছিল।
 
তবে এটা পরিষ্কার না যে হত্যাকাণ্ডগুলোর একটার সাথে আরেকটার কোন যোগসূত্র আছে কীনা। কিন্তু প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী বলেছেন, তার মনে হয়েছে হত্যাকাণ্ড গুলো সুপরিকল্পিত এবং তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
 
মিস কাসেমের ইন্সটাগ্রামে ২৭ লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি তার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ইরাকে যেসব নারীরা নিজেদের চেষ্টায় একটা পরিচিতি তৈরি করেছে তাদেরকে ‘মুরগির মত জবাই’ করা হয়েছে। তিনি মিতি মিস ফারেসকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
 
মিস ফারেসের বয়স ছিল ২২বছর। তিনি তার গাড়ীতে করে সেন্ট্রাল বাগদাদে যাওয়ার সময় দুইজন মোটরসাইকেল আরোহী তাকে দিনের বেলায় গুলি করে হত্যা করে। তিনি তার নিরাপত্তার জন্য গত তিন বছর ধরে ইরবিলে বসবাস করছিলেন। তবে মাঝে মাঝে রাজধানীতে আসতেন।
 
ইরাকের হিউম্যান রাইটস গ্রুপ ইরাকি আল আমাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হানা এড্ওয়ার বলেছেন, যেসব নারীরা ‘পাবলিক ফিগার’ তাদেরকে আঘাত করার অর্থ অন্য নারীদের ঘরে বন্দী থাকতে বাধ্য করার একটা পরিবেশ তৈরি করা।-বিবিসি।
 

ইরাকের নতুন প্রেসিডেন্ট বাহরাম সালিহ

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে রাজনীতিবিদ বাহরাম সালিহ’কে নির্বাচিত করেছেন দেশটির আইনপ্রণেতারা। রাষ্ট্র পরিচালিত টেলিভিশনের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
 
সালিহ পূর্বে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ও ইরাকের ফেডারেল সরকারের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন মধ্যপন্থী হিসেবে পরিচিত। মঙ্গলবার দুই প্রধান কুর্দি দলের মধ্যকার এক বিরোধে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়। ফলে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত প্রার্থীর সংখ্যা নেমে আসে ২০ জনে। সেখান থেকে সালিহ নির্বাচিত হন। 
 
শিয়া আইনপ্রণেতা হামিদ আল-মৌসাওয়ি জানিয়েছেন, কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি ও দ্য প্যাট্রিওটিক ইউনিয়ন অফ কুর্দিস্তান একজন একক প্রার্থীর বিষয়ে সম্মত হতে দেরি হওয়ায় ভোট গ্রহণ দেরিতে শুরু হয়।
 
ব্যাপক ভোট ব্যবধানে জয়ী হয়েছেন সালিহ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফুয়াদ হোসেইন পেয়েছেন ২২ ভোট আর সালিহ পেয়েছেন ২১৯ ভোট।
 
উল্লেখ্য, নতুন প্রেসিডেন্টকে আগামী ১৫ দিনের মধ্যে সরকার গঠনের জন্য পার্লামেন্টের সবচেয়ে বড় অংশের মনোনীত প্রার্থীকে দায়িত্ব দিতে হবে। -আল জাজিরা

‘সমর্থন না দিলে দু’সপ্তাহও টিকবেন না’, সৌদি বাদশাহকে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক বাহিনী সমর্থন না দিলে সৌদি আরব এবং এর বাদশাহ দুই সপ্তাহের বেশি টিকে থাকতে পারবে না। মঙ্গলবার এক র‌্যালিতে আকস্মিক এ মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরা ও রয়টার্সের।
 
ট্রাম্প বলেন, ‘‘আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন তারা ধনী বলে? আসলে আমরা বাদশাহ সালমানকে ভালবাসি। আমি বাদশাহকে বলেছি, আমরা আপনাকে রক্ষা করছি। আমাদের সমর্থন ছাড়া আপনি দুসপ্তাহও টিকবেন না।’’
 
তবে কখন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে এসব কথা বলেছেন সে সম্পর্কে কিছু বলেননি ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ চলার সময় এসব কথা প্রকাশ করলেন ট্রাম্প।
 
সাম্প্রতিক সময়ে তেলের দাম বৃদ্ধি নিয়ে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সমালোচনা করেন ট্রাম্প। ওপেকের শক্তিশালী দেশ সৌদি আরব।
 
শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থ্যা এসপিএ’র খবরে বলা হয়, তেলের দাম ঠিক রাখা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প শনিবার বাদশাহ সালমানকে ফোন করেছিলেন। এর কয়েকদিন পর প্রকাশ্যে এ মন্তব্য করলেন ট্রাম্প।

Tuesday, October 2, 2018

ব্রাজিলে আকরিক লোহা উত্তোলন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে মাইনিং জায়ান্ট ভেল এসএ।


ব্রাজিলে আকরিক লোহা উত্তোলন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে মাইনিং জায়ান্ট ভেল এসএ। চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোয় উচ্চমানের আকরিক লোহার ক্রমবর্ধমান চাহিদা মেটানোর উদ্দেশ্য নিয়েই এ পরিকল্পনা বাস্তবায়ন করছে ব্রাজিলভিত্তিক বহুজাতিক খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠানটি। ভেল এসএর এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর মাইনিংডটকম।

বিশ্বে ইস্পাত ও ইস্পাতজাত পণ্যের শীর্ষ ভোক্তাদেশ চীন। দেশটির ইস্পাত শিল্পে প্রতি বছর প্রচুর পরিমাণে আকরিক লোহার প্রয়োজন পড়ে। নিজস্ব উত্তোলনের বাইরেও অস্ট্রেলিয়া ও ব্রাজিলসহ কয়েকটি দেশ থেকে আমদানির মাধ্যমে খনিজ পণ্যটির চাহিদা মেটায় চীন। বর্তমানে পরিবেশগত কারণে উচ্চমানের ও পরিবেশের কম দূষণকারী আকরিক লোহা আমদানির দিকে ঝুঁকে পড়েছে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো। এ বিষয়টিরই ফায়দা ওঠাতে চাইছে ভেল এসএ।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates