Social Icons

Wednesday, January 2, 2019

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বলসোনারো

দুর্নীতি, অপরাধ ও অর্থনৈতিক অব্যবস্থাপনা বন্ধের অঙ্গীকার করে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কট্টর ডানপন্থী নেতা জাইর বলসোনারো।
অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণে জাইর বলসোনারো বৈষম্যবিহীন সমাজ গড়ারও প্রতিশ্রুতি দেন। অভিষেক অনুষ্ঠানের পর মন্ত্রিসভার নাম ঘোষণা করেন তিনি।
গত ২৮ অক্টোবরের নির্বাচনে বামপন্থী ওয়ার্কার্স পার্টির ফার্নান্দো হাদ্দাদকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো। কংগ্রেসের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সাতবার দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে, অভিষেক অনুষ্ঠানে বলসোনারোর দেওয়া ভাষণের প্রশংসা করে তাঁর পাশে থাকার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সুবর্ণচরে গণধর্ষণ নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল

নৌকায় ভোট না দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানদের বেঁধে পিটিয়ে আহত করে তাদের সামনে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা কেবলমাত্র পিশাচরাই ঘটাতে পারে। মহাজালিয়াতির ভোটের পর উদ্ধত উল্লাসে ক্ষমতাসীন দলের কর্মীরা পশুপ্রবৃত্তির প্রকাশ ঘটিয়ে অনাচারে লিপ্ত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, নোয়াখালী সুবর্ণচরে আওয়ামী লীগের ১০-১২ জন কর্মী একজন সিএনজি চালকের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। কারণ তারা তাকে নৌকায় ভোট দিতে বললে তিনি ধানের শীষে ভোট দেবে বলে তাদের সঙ্গে কথা কাটাকাটি করেন।’
‘এজন্য প্রতিশোধ নিতে সেই নারীকে রাত ১০ টায় তুলে নিয়ে গিয়ে তারা নির্যাতন করে শ্লীলতাহানি করেন। ওই গৃহবধূ এখন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
বিএনপি মহাসচিব আরও বলেন, এ ঘটনা দেশবাসীর হৃদয়ে ভয়ানক নাড়া দিয়েছে, ব্যথিত করেছে। মিথ্যা জয়ের অহংকারে আওয়ামী ক্যাডাররা মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
তিনি বলেন, ভোট জালিয়াতির পর অবৈধ ক্ষমতার সঙ্গে যোগ হয়েছে বিকৃত রুচির স্ফুরণ। তাই তাদের দ্বারা সংঘটিত অসংখ্য দুর্বিনীত হিংস্রতা ধেয়ে এসেছে শহর গ্রামে। তাতে শুধু বিএনপির পুরুষ কর্মীরাই রক্তাক্ত আক্রমণের শিকার হচ্ছে না, ধানের শীষের নারী ভোটাররাও ভয়ানক নির্যাতনের শিকার ও মান-সম্মান ইজ্জত হারাচ্ছেন।
ফখরুল বলেন, সিএনজি চালকের স্ত্রীকে নির্যাতনের মাধ্যমে শ্লীলতাহানির ঘটনা সরকারের টনক না নড়লেও বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। মনে হয় সরকার নির্বাচনের নামে এক মহাপ্রতারণার পর দলের ক্যাডারদেরকে বেপরোয়া হওয়ার জন্য ফ্রি লাইসেন্স দিয়েছে।
‘তারা এ ছাড়পত্র পেয়ে বিরোধী দলের নেতাকর্মী ও ভোটারদের সর্বস্ব কেড়ে নেয়ার জন্য আদিম উম্মাদনায় মেতে উঠেছে। নোয়াখালী সুবর্ণচরের নারী ভোটারের ওপর আওয়ামী ক্যাডারদের পৈশাচিক নির্যাতন এই সরকারের কলঙ্ক তিলক।’
ফখরুল বলেন, সরকারের আশকারাতেই দেশের সর্বত্র নিজ দলীয় ক্যাডাররা এখন বিবেকশুন্য, মানবতাশুন্য এক হানাদার বাহিনীতে পরিণত হয়েছে।
তিনি বলেন, আজকে দেশের দলমত নির্বিশেষে বিবেকবান মানুষকে একযোগে অবৈধ ক্ষমতাসীনদের আগ্রাসন প্রতিরোধ করতে না পারলে প্রত্যেকের পরিবারের জান-মাল নিরাপত্তাহীন হয়ে পড়বে ও মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত হবে।
অবিলম্বে ধর্ষণকারী দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। সেই সঙ্গে ভিকটিম গৃহবধূর সুস্থতা কামনা করেন তিনি।

মধ্যরাতে ঢাকায় আ’লীগের দুই পক্ষে সংঘর্ষ, গোলাগুলি

সংসদ নির্বাচনের তিন দিন পর রাজধানীর সেগুন বাগিচায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
বুধবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুই পক্ষে সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে গোলাগুলির খবর অস্বীকার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচা কাঁচা বাজারের কাছে দুই পক্ষে সংঘর্ষ বাধে।
বাজারের কছে স্থাপিত একটি নির্বাচনী ক্যাম্পে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন রাতে একটি সাইনবোর্ড লাগাতে গেলে ছাত্রলীগের কয়েকজন বাধা দেয় এবং তাদের মারধর করে তাড়িয়ে দেয়।
পরে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন এসে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায় এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।
এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। গুলির শব্দও শোনা যায়। এসময় আশেপাশের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।
অন্যদিকে ধাওয়ার মুখে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা পালিয়ে যায়।
জানা গেছে, ঘটনাস্থলের কাছে ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের বাসা। তার সঙ্গে দেখা করতে এসেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের একজন বলেছেন, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা ক্যাম্পটি ভাংতে এসেছিল।
তবে ছাত্রলীগ নেতা জুবায়ের বলেন, ঘটনার সময় তিনি ছিলেন না।
তিনি জানান, আমি এসে শুনি, আমার সঙ্গে দেখা করতে আসা অপেক্ষমান কয়েকজনের ওপর কে বা কারা হামলা চালিয়েছে এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করেছে।
এ ব্যাপারে শাহবাগ থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল।
গোলাগুলির বিষয়ে তিনি বলেন, গুলির কোনো ঘটনা ঘটেনি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল নিরদলীয় সরকারের অধীনে পুনঃ ড. কামাল হোসেন

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য- ‘অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল নিরদলীয় সরকারের অধীনে পুনঃ নির্বাচন দাবি’

মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে জাতীয় ঐক্যফ্রন্ট অতীতের শত তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতা সত্ত্বেও অনেক আশা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়।আমাদের আশ্বস্ত করা হয়েছিল, তফসিল ঘোষণার পরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, নেতা-কর্মীদের হয়রানি করা হবে না। মিথ্যা ও গায়েবি মামলা দায়ের কিংবা গ্রেফতার করা হবে না।আপনারা অবগত আছেন, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর দেশব্যাপী ব্যাপক হামলায় ১৭ প্রার্থী আহত এবং প্রায় ১৪ হাজার নেতা-কর্মী ও সমর্থক আহত হন। পাইকারি হারে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে প্রায় ১১ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ১৮ জন প্রার্থী কারাগারে থেকে নির্বাচন অংশগ্রহণ করেছেন।
আজ ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সমগ্র দেশবাসী যখন প্রস্তুত, তখনই আমরা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে একের পর এক খবর পাই যে, গতকাল রাতেই আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সহায়তায় নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ভরে রাখে। ঠাকুরগাঁসহ দেশের বেশকিছু কেন্দ্র থেকে খবর এসেছে যে, বেশ কয়েকটি কেন্দ্রের বুথ তালা মেরে রাখা হয়েছে।আজ সকাল থেকেই খবর আসছিল, দেশের প্রায় সব কেন্দ্র থেকেই ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কোথাও তাদের মারধর করা হয়েছে।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও তার নিজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে ধানের শীষের কোনো এজেন্ট পাননি। তাই তিনি আক্ষেপ করে বলেছেন, ‘আমার একার পক্ষে করার কিছু নেই।’ যদিও অত্যন্ত নির্লজ্জের মতো প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে নির্বাচন সুষ্ঠু হচ্ছে!’ অথচ সারাদেশে ব্যাপক নির্বাচনী সহিংসতায় অসংখ্য হাতাহতের ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই ২১ জন নিহত হয়েছে। নিহতরা হলো : রাজশাহীতে মেরাজউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ায় ইসরাইল মিয়া, কক্সবাজারে মো. আবদুল্লাহ, চট্টগ্রামে আবু সাদেক,
আহমেদ কবির ও দিন মোহাম্মদ, কুমিল্লায় মজিবুর রহমান ও বাচ্চু মিয়া, রাঙামাটিতে বাসের উদ্দিন, নরসিংদীতে মিলন মিয়া, বগুড়ায় আজিজুল, নাটোরে হোসেন আলী, লক্ষ্মীপুরে অজ্ঞাত এক যুবক, গাজীপুরে লিয়াকত হোসেন, লালমনিরহাটে তোফাজ্জল হোসেন ও নোয়াখালীতে নূর নবী নামে এক আনসার সদস্য, টাঙ্গাইলে হাজী আব্দুল আজিজ নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ঐক্যফ্রন্টের প্রার্থীসহ শত শত নেতা-কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।
পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা হয়েছে এবং বেশ কজন সাংবাদিক আহত হয়েছেন। দৈনিক মানবজমিনের প্রধান প্রতিবেদক, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাফি কামাল আজ সকাল ৯টায় রাজধানীর মগবাজারে বিটিসিএল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জাতীয় ঐক্যফ্রন্টের এজেন্টদের মারতে মারতে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার ছবি তুলতে গিয়ে তিনি আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা মারাত্মক জখম হন। তার কপাল ফেটে যায়। তাকে দ্রুত মগবাজারের কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে গতকাল রাত থেকে যমুনা টেলিভিশন দেখতে পারছে না দেশবাসী।কোথাও কোনো সাংবাদিককে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।কারণ সিলমারার চিত্র তারা যেন ধারণ ও সম্প্রচার করতে না পারে। জাতীয় ঐক্যফ্রন্ট গণমাধ্যমকে গলাটিপে ধরতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টির ব্যাপারে বার বার প্রতিবাদ জানিয়ে আসছিল আগে থেকেই।
নরসিংদী-২ আসনের প্রার্থী সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের সব এজেন্টকে পুলিশের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বের করে দিয়েছে।ড. মঈন খান তার বাড়িতে নেতা-কর্মী ও এজেন্টদের নিয়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
চাঁদপুর-১ কচুয়ায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এজেন্ট দিতে দেওয়া হয়নি।যেসব কেন্দ্রে এজেন্ট গেছে, সেসব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়।আবার কাউকে কাউকে আঙুলে কালি লাগিয়েই ভোট না নিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।জাতীয় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের আশঙ্কা, রাতেই ৮০ ভাগ ভোট কেটে রাখা হয়েছে। যে কারণে ভোটারদের কেবল কালি লাগিয়ে ফেরত পাঠানো হয়েছে।
কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটে ছাত্রলীগের সন্ত্রাসীরা মুরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে চাইলে তাকে বাধা দেয়; তার পরও ভোট দিতে যেতে চাইলে বাচ্চু মিয়া (৫০) নামের এক ভোটারকে পিটিয়ে হত্যা করে।
হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী সকাল ১১টায় টেলিফোনে জানান, তার নির্বাচনী এলাকার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দেন, ধানের শীষ প্রতীকের পুলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে দ্রুত বের করে দিতে। নির্দেশমতো প্রিজাইডিং ও পুলিং অফিসার ও পুলিশের সহায়তায় এই নির্বাচনী এলাকায় স্বাক্ষর নিয়ে ধানের শীষ প্রতীকের এজেন্টদের ইতিমধ্যে বের করে দেওয়া হয়েছে।
ঢাকা-১৯ আসনের প্রার্থী ডা. দেওয়ান সালাহউদ্দিন তার এজেন্টদের বের করে দেওয়া এবং ভোট ডাকাতির প্রতিবাদ করায় তার উপর হামলা করেছে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।ঢাকা-৪ ঐক্যফ্রন্ট প্রার্থী সালাহউদ্দিন আহমেদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তার জরুরি অস্ত্রপ্রচার চলছে।
ঢাকা-৬, ৭, ৮, ৯, ৩, ১৩, ১৮, ১৯সহ ঢাকার প্রতিটি আসনেই ধানের শীষ প্রতীকের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।কিছু কিছু কেন্দ্র ঢুকলেও সেখান থেকে জোর করে তাদের বের করে দেওয়া হয়েছে।প্রায় প্রতিটি কেন্দ্রেই আওয়ামী সমর্থকদের লাইনে মূর্তির মতো দাঁড় করে রাখা হয়েছে।ইভিএম-যুক্ত নির্বাচনী এলাকাগুলোতে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জালিয়াতি ও প্রত্যারণার আশ্রয় নিয়ে অবাধে নৌকা মার্কায় ভোট দিয়েছে!দেশের ৬টি নির্বাচনী এলাকায় ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার কথা। কিন্তু ওই সব নির্বাচনী এলাকার অনেক কেন্দ্রে ইভিএম মেশিন অকেজো থাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে। অন্য মার্কায় কেউ ভোট দিতে চাইলে তাদেরও বের করে দেওয়া হয়।এভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছে।ফলে এ এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এ নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নিরদলীয় সরকারের অধীনে পুনঃ নির্বাচন দাবি করছি।

শপথ নিলেন ‘ব্রাজিলের ট্রাম্প’


প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী নেতা জেইর বোলসোনারো। শপথের পর দেয়া বক্তৃতায় বামপন্থী মতবাদ, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিয়েছেন ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত এই নেতা। বিবিসি।



নির্বাচনী প্রচারণায় বর্ণবাদী, সমকামী ও নারীবিদ্বেষী বক্তৃতা দিয়ে সমালোচিত হয়েছিলেন বোলসোনারো। বারবার ঈশ্বরের নাম নিয়ে কথা বলতেন তিনি। এক পর্যায়ে প্রচারণা চালানোর সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর তার জনপ্রিয়তা প্রায় ২৮ শতাংশ বেড়ে যায়।

শপথের পর ভাষণে বোলসোনারো বলেন, ‘ব্রাজিল সমাজতন্ত্র থেকে মুক্তির পথে হাঁটা শুরু করেছে। আমরা গত এক দশকে বামদের সৃষ্ট আইনকানুন বাতিল করবো।’

শপথ গ্রহণের পর ব্রাজিলের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বোলসোনারোকে অভিনন্দন। আপনি এইমাত্র সুন্দর উদ্বোধনী ভাষণ দিয়েছেন। যুক্তরাষ্ট্র আপনার সাথে আছে।’

আরও পড়ুনঃ দলের প্রার্থীদের ঢাকায় ডাক বিএনপির

বোলসোনারোর প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশটিতে ডানপন্থী দলের আবির্ভাব হলো। এর আগে ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৩ বছর দেশটিতে ক্ষমতায় ছিল বামপন্থী ওয়ার্কার্স পার্টি।

ধর্ষণের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের

নোয়াখালীতে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। ওই নির্বাচনী এলাকা আমার নয়, কিন্তু আমার জেলায়। আমি বলতে পারি সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে। এখানে অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি এ ব্যাপারে আমাদের নেত্রী শেখ হাসিনার মনোভাব জানি। ইতোমধ্যে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। সেনাবাহিনীর ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অফিসাররাও বিষয়টি সিরিয়াসলি দেখছেন। প্রশাসনও তৎপর।
প্রসঙ্গত, নোয়াখালীর সুবর্ণচরে ৩০ ডিসেম্বর স্বামী-সন্তানকে বেঁধে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।
ওই নারী অভিযোগ করেন, ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে নৌকার কয়েকজন সমর্থক ওই তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন। তিনি তখন ধানের শীষে ভোট দেওয়ার কথা বললে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় তারা তাকে হুমকি দেন। পরে তিনি কেন্দ্র থেকে দ্রুত বের হয়ে বাড়ি ফিরে যান।
এরপর রবিবার দিবাগত রাত ১২টার দিকে একই এলাকার ১০-১২ জন তাদের বাড়িতে গিয়ে ঘরে ঢুকে তার স্বামীকে পিটিয়ে আহত করে। পরে তার স্বামী ও সন্তানকে বেঁধে রেখে তারা তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় সোমবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন।

জনগণের প্রতি আমার দায়িত্ব আরো বেড়ে গেছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অব্যাহতভাবে তাঁদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘নির্বাচনের পরে দেশ ও জনগণের প্রতি আমার দায়িত্বটা আরো বেড়ে গেছে।’
বুধবার বিকেলে গণভবনে ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সেবা করাটা একটি বড় কাজ এবং আমি যতদিন বেঁচে থাকবো এটা অব্যাহত রাখবো।’
এসময় তিনি জনগণের আশা এবং আকাক্সক্ষা পূরণে কাজ করে যাওয়ারও অভিপ্রায় ব্যক্ত করেন।
বাংলাদেশ স্কাউটস্ এবং গার্ল গাইড এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, ‘রবিবার নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় সকল সম্প্রদায় এবং শ্রেণি-পেশার জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’
তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের বিজয়ের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়েছিল এবং এজন্য আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী এ সময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলায় সবার সহযোগিতা কামনা করেন। বাসস
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates