Social Icons

Saturday, February 27, 2016

আমি মারা যাচ্ছি' আইএসের হাতে বন্দী সুইডিশ কিশোরীর আর্তনাদ

মেরিলিন নেভালেইনেন যখন সুইডেন ছাড়ে তখন তার বয়স মাত্র ১৫ এবং সে ছিল গর্ভবতী। আইএসে যোগ দেয়ার উদ্দেশ্যে সে সুইডেন ছেড়ে গেলেও তখনও জঙ্গি গ্রুপটি সম্পর্কে তার কোন ধারণা ছিল না।
 
কিন্তু ইরাকের মোসুলে আইএসের কাছে বন্দী থাকাকালে দুর্বিসহ জীবন কাটাতে কাটাতে মুক্তির জন্যে বেপরোয়া হয়ে ওঠে সে। মায়ের কাছে উদ্ধারের আহ্বান জানাতে থাকে মেরিলিন। শেষ পর্যন্ত ইরাকের কুর্দি বাহিনী তাকে উদ্ধার করে এবং দেশে ফেরত পাঠায়।
 
শুক্রবার সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেরুনিকা নর্ডলান্ড জানান, 'মেরিলিন পরিবারের সাথেই সুইডেন ফিরেছে। সে মূলত সুইডেনের বোরাস শহরের বাসিন্দা। মেরিলিন তার বাবা-মায়ের সাথে বৃহস্পতিবার সুইডেন এসে পৌঁছে। গত ৮ মাসে তার বাবা-মা বেশ কয়েকবার ইরাক গেছে শুধু তাকে উদ্ধার করতে।'
 
পুলিশ বলছে, বন্ধু মুক্তার মোহাম্মদ আহমেদের সাথে সে সিরিয়া যায়। মোহাম্মদ মরক্কোর নাগরিক। সে ২০১৩ সালের আগস্টে ১৭ বছর বয়সে একাই সুইডেন আসে। তবে এখন সে মৃত। তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু জানায়নি।
 
কুর্দিস্তান রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি কুর্দি বাহিনী মোসুলের কাছ থেকে কিশোরীটিকে উদ্ধার করে। মেরিলিন তার উদ্ধার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪কে এক সাক্ষাৎকারে বলে, ২০১৪ সালে মুক্তার মোহাম্মদ আহমেদের সাথে তার সাক্ষাত ঘটে। মোহাম্মদ আইএসের ভিডিও দেখে বিপ্লবী হয়ে যায়।
 
মেরিলিন বলে, আহমেদ আইএসে যোগ দেয়ার ইচ্ছে প্রকাশ করে। আমিও বলি, অসুবিধা নাই। কারণ আমি জানতাম না আইএস মানে কি, কিংবা ইসলাম সম্পর্কেও কোন ধারণা ছিল না। ২০১৫ সালের মে মাসে তারা সুইডেন ত্যাগ করে। তখন মেরিলিন গর্ভবতী। তারা ট্রেন ও বাসে করে ইউরোপ পাড়ি দিয়ে তুরস্ক সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশ করে। আইএস সেখান থেকে তাদের ইরাকের মোসুলে নিয়ে যায়।
 
মোসুলে দুর্বিষহ জীবনের বর্ণনায় মেরিলিন বলে, 'আমার ঘরে বিদ্যুৎ, পানি কিছুই ছিল না। অথচ সুইডেনে আমি যেখানে ছিলাম সেখানে সব ছিল। কিন্তু মোসুলে আমার কাছে কিছুই ছিল না এমনকি অর্থ পর্যন্ত। এটি ছিল খুবই কঠোর জীবন।'
 
সে আরো বলে, যখনই আমার হাতে ফোন আসে তখনই মায়ের সঙ্গে যোগাযোগ শুরু করি। আমি বাড়ি যেতে চাই, এ কথাই

ফিফার নতুন সভাপতিকে প্রতারক বললেন ম্যারাডোনা

ফিফার নতুন সভাপতিকে প্রতারক বলে মন্তব্য করলেন আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। শুক্রবার রাতে ফিফা বেছে নিয়েছে নতুন সভাপতি।  সেপ ব্ল্যাটারের ১৮ বছরের রাজত্বের আনুষ্ঠানিক অবসানে স্থলাভিষিক্ত হল আরেক সুইস জিয়ান্নি ইনফান্তিনো। তারপর থেকেই অভিনন্দন বৃষ্টিতে ভিজছেন নতুন সভাপতি। মূল প্রতিদ্বন্দ্বী শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফাও সব ভুলে বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত।
তবে ইনফান্তিনোকে ফুটবলের সর্বময় কর্তা হিসেবে একেবারেই মেনে নিতে পারছেন না ডিয়েগো ম্যারাডোনা । শুরু থেকেই ফুটবলের দুর্নীতি নিয়ে ম্যারাডোনা বলেন, ‘সে একজন প্রতারক। তার বস প্লাতিনি এমন বিপদে পড়ল, একটুর জন্য জেলে যাওয়ার হাত থেকে বেঁচে গেল; তার আচরণে সেটা বোঝাই যায়নি। সে নিজের আখের ঠিকই গুছিয়ে নিল। লটারির ঘোষক থেকে একেবারে ফিফা সভাপতির নির্বাচনে প্রার্থী হয়েছে একজন, বিষয়টি অগ্রহণযোগ্য।’
 আর্থিক কেলেঙ্কারিতে ৬ বছরের জন্য নিষিদ্ধ হয়ে আপাতত নির্বাসিত এ দুজন। এই ফাঁকে ফিফা সভাপতির নির্বাচনে বিজয়ী হওয়া ইনফান্তিনো প্রথমেই অঙ্গীকার করেছেন ফুটবলকে কলঙ্কমুক্ত করার। কিন্তু ম্যারাডোনা এটা শুনে ঠিকই ভ্রু-কুচকাচ্ছেন।

'প্রমোশন ফাইলে মেয়েদের নাম না থাকলে সই করব না'

 
দেশের নারীদের এগিয়ে নিয়ে যেতে কাজ করছে সরকার এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'একসময় আমি বলতে বাধ্য হয়েছি, যদি কোনো প্রমোশন বা কোনো ফাইলে মেয়েদের নাম না থাকে, তাহলে আমি ওই ফাইল সই করব না।' শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, 'আমরা সব জায়গায় মেয়েদের একটি অবস্থান করে দেওয়ার জন্য কাজ করছি। কারণ আমরা কোনোদিকে পিছিয়ে থাকতে চাই না। আমাদের মেয়েরা যখন যে জায়গায় সুযোগ পাচ্ছে, সেখানেই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। এটাই আমার গলার জোর বৃদ্ধি করছে।'
 
নারী উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, 'আজ সমাজে নারীদের যে অবস্থান, সেটা জাতির পিতাই করে দিয়ে গেছেন। সে কারণে, আমরা যখন সরকার গঠন করেছি, নারীদের উন্নয়নে মনোযোগ দিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি।'
 
এ সময় নাট্য অন্দোলনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে বিশ্বমানের একটি অত্যাধুনিক ডিজিটাল থিয়েটার নির্মাণের উদ্যোগ নেবে। তিনি বলেন, 'দেশে একটাও বিশ্বমানের অত্যাধুনিক ডিজিটাল থিয়েটার নেই। আমরা তা প্রতিষ্ঠার উদ্যোগ নেব।'
 
প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী এ বিষয়ে আগ্রহী। কাজেই টাকা-পয়সার সমস্যা হবে না। এই অত্যাধুনিক থিয়েটার হলটি এখানে অথবা পদ্মা সেতুর কাছে যে কনভেনশন সেন্টার নির্মাণ করা হচ্ছে সেখানেও নির্মাণ করা যেতে পারে।
 
দেশের সাংস্কৃতিক আন্দোলনের বিকাশে নাট্যচর্চার বিরাট ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন মতামত প্রকাশের ক্ষেত্রে বাধা ছিল, তখন নাটকের মাধ্যমেই বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানানো হয়েছিল।'
 
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ব্রিটিশ বিরোধী আন্দোলনে নাটক নীল দর্পণের ঐতিহাসিক ভূমিকাসহ ভোট ও ভাতের আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের সকল গণআন্দোলনে নাট্য আন্দোলনের গৌরবজ্জ্বল ভূমিকার উল্লেখ করেন।
 
বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন। সমিতির সভাপতি সিতারা আহসান উল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। সংগঠনের সাধারণ সম্পাদিকা তানিয়া হক প্রধানমন্ত্রীকে মহিলা সমিতির পক্ষে ক্রেস্ট উপহার দেন এবং অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মন্ত্রী পরিষদ সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কমৃকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির অস্তিত্ব কেবল টিভিতে বয়ান দেয়া : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি আমাকে জেলে দিয়েছিল। তারা ১৪ বছর ৯ মাস পর আমার বিরুদ্ধে মঞ্জু হত্যার মামলা দিয়েছে। ২৫ বছর ধরে এ মামলা চলছে। যে দলটি আমাকে জেলে পাঠিয়েছিল তাদের অস্তিত্ব আজ টলটলয়মান। তাদের অস্তিত্ব কেবল টিভিতে একটি বয়ান দেয়া। এর বাইিরে কিছু নেই।
 
শনিবার বিকালে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন,  বিএনপি আমাকে জেলে দিয়েছিল। তারা ১৪ বছর ৯ মাস পর আমার বিরুদ্ধে মঞ্জু হত্যার মামলা দিয়েছে। ২৫ বছর ধরে এ মামলা চলছে। ২৫ বছর একটি মামলা চলতে পারেনা। আমি মুক্ত মানুষ নই, মুক্ত রাজনীতিবিদ নই। যে দলটি আমকে জেলে পাঠিয়েছিল তাদের অস্তিত্ব আজ টলটলয়মান। তাদের অস্তিত্ব আছে বলে মনে হয়না। তাদের অস্তিত্ব কেবল টিভিতে একটি বয়ান দেয়া। এর বাইিরে কিছু নেই।
 
তিনি আরো বলেন,  ‘আমি কোন মানুষের ক্ষতি করিনি, হত্যা করিনি, আমার সময় কোন মানুষ গুম হয়নি। সংবাদপত্র আমার বিরুদ্ধে মুক্তভাবে লিখেছে। কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেইনি। এখন কেউ কিছু লিখতে পারে না, বলতে পারেনা। সব কিছু এখন বন্ধ। আমরা বন্ধ কারাগারে বাস করছি।’
 
জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই দাবি করে এরশাদ বলেন, পার্টির জন্য আমার মতো কষ্ট আর কেউ করেনি। জেলখানায় থেকে সে সময় ৩৫টি আসনে নির্বাচিত হয়েছি। আমি একা ৫টিতে জয়ী হয়েছি। এতে প্রমাণিত হয় আমি নিন্দিত ছিলাম না। আমি নন্দিত ছিলাম।
 
এরশাদ বলেন, ‘১/১১ কুশিলবদের বিচারের ব্যাপারে বিএনপি-আওয়ামী লীগ এক। মাইনাস টু এর ব্যাপারে বিএনপি আওয়ামী লীগ এক। এখানে মাইনাস থ্রি করা হয়েছিল, সে কথা কেউ বলে না। আমি মাইনাস থ্রির বলি। সে সময় আমি জাতীয় পার্টির চেয়ারম্যান থাকতে পারিনি। পার্টির কো-চেয়ারম্যান করা হয়েছিল ব্যারিস্টার আনিসুল ইসলামকে। ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে দিয়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল। আমার বিরুদ্ধে আমার দলের লোক ষড়যন্ত্র করেছিল।’
 
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর মহানগরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীনের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পার্টির প্রেডিসিয়াম সদস্য এস এম ফয়সাল চিশ্তী,  শ্রী সুনীল শুভ রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আরিফ খাঁন, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নূরুল ইসলাম নুরু, জহিরুল ইসলাম, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।
 
সম্মেলনে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া কে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন নয়, ক্ষমতা দখল করতে চায় বিএনপি'

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ নয়, বিএনপির উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।

শনিবার দুপুরে ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রী কলেজের নবীণবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বর্তমান সরকার বৈধ ও জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক সরকার। সেটা দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীও জানে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনকে চক্রান্ত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।

তথ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সবাই প্রার্থী দিয়েছে। আটশ’র মধ্যে ৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যা অতীতেও হয়েছে। এটা এমন কোনো ব্যাপার নয়।

ভেড়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। 

কাউন্সিলের পর আন্দোলনে নামবে বিএনপি: হাফিজ

'দেশে দুঃসহ পরিস্থিতি' বিরাজ করছে দাবি করে তা থেকে উত্তরণে কাউন্সিলের পরে বিএনপি আন্দোলনে নামবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত 'গণতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে যে, বিএনপির মাঠে নামার ক্ষমতা নেই, বিএনপির কোমরে জোর  নেই। আমরা যারা এখানে আছি, আমরা কোনো পদ-পদবির  লোভে না গিয়ে ইনশাল্লাহ আগামী দিনে মাঠে নামতে চাই।

তিনি বলেন, 'দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং  দেশের উন্নয়নের স্বার্থে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে চাই।'

সভায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলেও বাধা দেয়ারও অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ এ নেতা।

তিনি বলেন, 'দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, তার কাউন্সিল করার জন্য এত বড় ঢাকা শহরে স্থান দেয়া হচ্ছে না। পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি আমরা।'

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনদের পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে অভিযোগ করে হাফিজ উদ্দিন বলেন, ১১৪ জন বিএনপি প্রার্থী মনোনয়নপত্রই জমা দিতে পারেনি, কিংবা তাদের মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, এটিএম কার্ড জালিয়াতিতে বিদেশী নাগরিক থমাস পিটারের রিমান্ডে ক্ষমতাসীন দলের বড় বড় নেতাদের নাম এসেছে। এ কারণে পুলিশ তদন্ত করতে সাহস পাচ্ছে না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কেএ জামান। 

বিদ্যুতের তারে গ্রিল জড়িয়ে ২ শ্রমিক নিহত

নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় লোহার তৈরি গ্রিল নিয়ে ওঠার সময় রাস্তার বিদ্যুতের তারে জড়িয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার বিকালে রাজধানীর মধ্য বাড্ডার জামতলা স্বাধীনতা সরণিতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- মনির হোসেন (৪৫) ও বাদশা (৩২)।

নির্মাণ শ্রমিক মোহাম্মদ সেলিম জানান, নির্মাণাধীন ভবনটির জানালার জন্য তৈরি করা গ্রিল নিয়ে পঞ্চম তলায় ওঠার সময় রাস্তার বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে চার শ্রমিক মনির, বাদশা, মজিব ও রাজু বিদ্যুৎস্পৃষ্ট হন।

ভবনটিতে কর্মরত অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনির ও বাদশাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে মজিব ও রাজুকে আশংকামুক্ত বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাড্ডা থানা সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মনির নির্মাণাধীন ভবনটির ও বাদশা গ্রিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বৈশাখী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের শ্রমিক ছিলেন। 
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates