Social Icons

Wednesday, November 29, 2017

খুলে দেয়া হচ্ছে বালি বিমানবন্দর

বালির আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় তৃতীয় দিনের মতো বন্ধ রাখার পর বুধবার বিকেলে খুলে দেয়া হচ্ছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার আকাশে ছাইভস্ম ছড়িয়ে পড়ায় এটি বিমান চলাচলের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বুধবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
গত সপ্তাহ থেকে এ আগ্নেয়গিরি থেকে ধোঁয়ার কুন্ডলি ও ছাইভস্ম আকাশে ছড়িয়ে পড়তে শুরু করায় বাধ্য হয়ে কয়েকশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রায় এক লাখ ২০ হাজার পর্যটক আটকা পড়েছে। আটকা পড়া এসব পর্যটক এখন আশার আলো দেখতে পাচ্ছেন।
বিমানবন্দর মুখপাত্র অ্যারি আহসানুররহিম এএফপিকে বলেন, ‘বালির নগুরা রাই বিমানবন্দর স্থানীয় সময় বিকেল তিনটায় খুলে দেয়া হচেছ। তবে আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাবো।’
দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ অগ্ন্যুৎপাতের কারণে ইতোমধ্যে হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। 
উল্লেখ্য, সর্বশেষ ১৯৬৩ সালে এ আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়। এতে প্রায় এক হাজার ৬ শ’ লোকের প্রাণহানি ঘটে।

বিলিয়ন ডলারের বিনিময়ে মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব!

দুর্নীতির অভিযোগে আটকের তিন সপ্তাহের বেশি সময় পর মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ। তবে এর বিনিময়ে নাকি সরকারের সঙ্গে এক বিলিয়নের বেশি মার্কিন ডলারের এক ‘সমঝোতামূলক নিষ্পত্তি’ চুক্তিতে রাজি হতে হয়েছে তাকে। খবর বিবিসির।
প্রিন্স মিতেব বিন আবদুল্লাহকে একসময় দেশটির সিংহাসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতো। গত ৪ নভেম্বর সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় যে দুইশ’ জনকে আটক করা হয়, তিনিও তাদের একজন।
সৌদি সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র প্রিন্স মিতেবের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপির খবরে আরো প্রকাশ, আরো তিনজন এ ধরনের চুক্তিতে উপনীত হয়েছেন।
সমঝোতার মাধ্যমে আটকদের মুক্তির বিষয়টি অনেক দিন ধরেই আলোচনায় থাকলেও এবার তা বাস্তবে সামনে এলো।
স্থানীয় সময় বুধবার সৌদি সরকারের এক মুখপাত্র মিতেবের মুক্তির বিষয়টি জানান। মঙ্গলবার সকালে মিতেবকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। ৬৪ বছর বয়সী মিতেব সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহর ছেলে।
গত ৪ নভেম্বর দুর্নীতির অভিযোগ এনে প্রিন্স মিতেবসহ দুইশ’ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীকে আটক করে সৌদি প্রশাসন। তাদের সৌদি আরবের বিলাসবহুল রিজ-কার্লটন হোটেলে রাখা হয়েছে।
সৌদি আরবের এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রিন্স মিতেবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভুয়া কর্মী নিয়োগ, ১০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের একটি চুক্তিসহ বিভিন্ন কাজ নিজ প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই মিতেব দেশটির এলিট ন্যাশনাল গার্ডের প্রধানের দায়িত্বে ছিলেন। তবে দুর্নীতির অভিযোগ আনার পর তাকে দায়িত্বচ্যুত করেন সৌদি বাদশাহ সালমান।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি সরকারের নির্দেশে চালানো অভিযানে দেশটির ২০৮ জন প্রভাবশালী ব্যক্তিকে আটক করা হয়। তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাব ও ব্যবসায়িক লেনদেন তিন বছর ধরে তদন্ত করার পর এ পদক্ষেপ নেয় সরকার। তবে এদের সাতজনের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাকি ২০১ জনের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ তছরুপের তথ্য পাওয়া যায়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত এক দুর্নীতিবিরোধী কমিটি এ অনুসন্ধান চালায়। আটকদের মধ্যে ১১ রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী, বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও ব্যবসায়ী রয়েছেন। আটক ব্যক্তিরা সরকারি অনুমতি ছাড়া ব্যক্তিগত বিমানে কেউ দেশত্যাগ করতে পারবেন না বলে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয় সরকার।
এ ধরনের অভিযান চালানোর ক্ষেত্রে দুর্নীতিবিরোধী কমিটির সুস্পষ্ট আইনি ভিত্তি রয়েছে বলে জানান সৌদি অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি যাঁরা আটক হয়েছেন, তাঁরা সৌদি আইন অনুযায়ী সব ধরনের আইনগত সহায়তাও পাবেন বলে জানানো হয়।
তবে সৌদি আরবের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আটকদের মধ্যে অধিকাংশই সমঝোতার মাধ্যমে মুক্তি পেতে চান। তাঁরা তাঁদের অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেবেন বলেও জানিয়েছেন।

আইসিটি আইনের ৫৭ ধারা বিলুপ্ত হচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যে খসড়া মন্ত্রিপরিষদে পাঠানো হবে তার সাথে আইসিটি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্তির প্রস্তাব করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া প্রণয়ন নিয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা থেকে বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে উদ্যোগ চলছে তাকে নিরাপদ করতেই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন হয়ে পড়েছে। সেই প্রয়োজনীয়তা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে এবং আগামী শীতকালীন অধিবেশনেই এটি উত্থাপন করার আশা প্রকাশ করেন তিনি। 
তিনি আশা প্রকাশ করেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল জগতের নিরাপত্তা, প্রসার ও বিকাশে সাহায্য করবে।
তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, জনগণের সাংবিধানিক সব মৌলিক অধিকার এবং সংবিধানের গুরুত্বপূর্ণ মূলনীতির সাথে সম্পর্ক রেখে অন্যান্য আইন যেভাবে প্রণয়ন করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনও সেভাবে প্রণয়ন করা হচ্ছে।
তিনি মনে করেন, এই আইন ডিজিটাল সমাজ গড়তে এবং ডিজিটাল সমাজের নিরাপত্তা বিধান করতে সাহায্য করবে।
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে জনগণের বাক স্বাধীনতা রক্ষার ব্যবস্থা থাকবে এবং জনগণের বাক স্বাধীনতা রক্ষা করার জন্য যেসব চেক অ্যান্ড ব্যালান্সের দরকার সেগুলো ডিজিটাল নিরাপত্তা আইন ছাড়াও সম্প্রচার আইনেও থাকতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা যেভাবে আছে ডিজিটাল নিরাপত্তা আইনে তা সেভাবে থাকছে না। এসময় অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির খসড়া প্রসঙ্গে তিনি বলেন, খসড়াটি সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি অতিসত্তর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং এটা আজকেও পাঠানো হতে পারে।
আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি একথা বলেন।
ডিজিটাল অপরাধ মোকাবেলা করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে এবং তা ১৬ কোটি নাগরিকের নিরাপত্তার জন্য করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধের ধরণ দেখে বিভিন্ন স্তরের সাজার প্রস্তাব করা হয়েছে। সম্প্রচার আইনে সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীদের ব্যবস্থা রাখা হবে।
সভায় আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, তথ্য সচিব মরতুজা আহমদ, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দিনে ৩০ মিনিটের বেশি স্মার্টফোন ব্যবহারে ক্যানসার

প্রতিদিন ৩০ মিনিটের বেশি স্মার্টফোন ব্যবহার করলে মস্তিষ্কে ক্যানসারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া মোবাইল ফোন থেকে বের হওয়া  ‘ফ্রি র‍্যাডিক্যালস’ পুরুষের প্রজনন ক্ষমতাও মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে।

সম্প্রতি এক গবেষণায় এ দাবি করেছেন ভারতের মুম্বাই আইআইটির অধ্যাপক গিরিশ কুমার।

গবেষণায় তিনি দাবি করেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ক্যানসারের আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দেয়।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে গিয়ে ‘রেডিয়েশন হ্যাজার্ডস অফ সেলফোন’ বিষয় বক্তৃতাকালে স্মার্টফোনের কুপ্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সাবধান করেন গিরিশ কুমার।

তিনি বলেন, প্রতিদিন ৩০ মিনিটের বেশি যেন কেউ স্মার্টফোন ব্যবহার না করেন। এটি করলে বিপদ বাড়বে।

Tuesday, November 28, 2017

ব্রাজিলের সালভাদর শহর নৈসর্গিক সৌন্দর্য, বেলাভূমি, আফ্রিকান ঐতিহ্য ও ঔপনিবেশিক স্থাপত্যের কারণে গত কয়েক দশকে এখানে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে।


সালভাদোর ব্রাজিলের চতুর্থ বৃহত্তম শহর। ২০০৪ সালে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ২৬ লক্ষ। উত্তর-পূর্ব ব্রাজিল দেশটির সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলির একটি এবং এখানে জন্মহার ও নবজাতের মৃত্যুহার দুইটিই অত্যন্ত বেশি। সালভাদোর শহরের অধিকাংশ অধিবাসী অত্যন্ত দরিদ্র এবং বেকারত্ব ও অপরাধের হার খুব বেশি। বর্তমানে শহরটি ব্রাজিলের সবচেয়ে বেশি আফ্রিকান জনবসতি সমৃদ্ধ শহর এবং এখানকার আফ্রো-ব্রাজিলীয় সংস্কৃতি অত্যন্ত প্রভাবশালী। এখানকার আফ্রো-ব্রাকিলীয় খাবারদাবার, কাপোয়েইরা নামের একটি আফ্রো--ব্রাজিলীয় মার্শাল আর্টের জনপ্রিয়তা, এবং কাঁদোম্ব্‌লে নামের একটি আফ্রো-ব্রাজিলীয় ধর্মের অনুসারীদের সংখ্যাধিক্য এই প্রভাব নির্দেশ করছে। কাঁদোম্ব্‌লে ধর্মের ১০০০-এরও বেশি মন্দির, যেগুলি তেরেইরু নামে পরিচিত, এই শহরে অবস্থিত।
সালভাদর শহরের আয়তন ৩২৪ বর্গ কিমি। শহরের কেন্দ্রীয় অংশ দুইটি প্রধান ভাগে বিভক্ত --- সিদাদে বাইজা (নিম্ন শহর) ও সিদাদে আলতা (ঊর্ধ্ব শহর)। দুইটি অংশই ঔপনিবেশিক যুগে গঠিত হয়।
সালভাদোরের ঊর্ধ্ব শহরকে নিম্ন শহরের সাথে সংযোগকারী লিফ্‌ট ব্যবস্থা, এলেভাদর লাসের্দা
ঊর্ধ্ব শহর নিম্ন শহর থেকে ৭০ মিটার উঁচু একটি জায়গার উপর অবস্থিত। খাড়া ঢালের কারণে দুই অংশের মধ্যে যাতায়াত কষ্টকর। ১৮শ শতকের শেষ দিকে প্রযুক্তির উন্নতি এই সমস্যার সমাধান করে। ১৮৭৩ সালে একটি খাড়া লিফ্‌ট তৈরি করা হয়। ১৯২৮ সালে আরেকটি ব্যবস্থা স্থাপন করা হয় এবং বর্তমানে এটি দৈনিক ৫০,০০০ যাত্রী বহন করে। সম্প্রতি আলাকা দুইটিকে সংযুক্ত করার জন্য কেবল রেলপথ নির্মাণ করা হয়েছে --- প্লানু ইনিক্লিনাদু গোন্সালভেস এবং প্লানো ইঙ্কলিনাদু কালসাদা।
মের্কাদু মোদেলু মার্কেট
নিম্ন শহর সমুদ্র উপকূলে অবস্থিত এবং এটি মেট্রোপলিটনটির বাণিজ্যিক কেন্দ্র। সমুদ্রের তীরে জাহাজের অনেক বাণিজ্যিক ডক ও গুদাম এবং ব্রাজিলীয় নৌবাহিনীর একটি ঘাঁটি অবস্থিত। পর্যটকদের জন্য মের্কাদু মোদেলু একটি আকর্ষণীয় বিপণী বিতান।
তেরেইরু দে জেসুস এলাকা
ঊর্ধ্ব শহরে সালভাদোরের ঐতিহাসিক অঞ্চল অবস্থিত। এখানে ঔপনিবেশিক আমলের বহু দৃষ্টিনন্দন স্থাপত্যের দেখা মেলে। এদের মধ্যে আছে কারুকাজময় বারোক-ধাঁচের গির্জা। পেলৌরিনিউ, তেরেইরু দে জেসুস এবং আনশিয়েতা এলাকার গির্জাগুলি স্থাপত্যকর্মের জন্য বিখ্যাত। সাউঁ ফ্রান্সিস্কোর গির্জা বিখ্যাত। তেরেইরু দে জেসুস এলাকার আফ্রো-ব্রাজিলীয় জাদুঘরে শহরটির সংস্কৃতিতে ও সাধারণভাবে উত্তর-পূর্ব ব্রাজিলে আফ্রিকানদের অবদান তুলে ধরা হয়েছে।
শরটিতে ঔপনিবেশিক আমলের প্রায় ১৫টি দুর্গ রয়েছে। এদের মধ্যে বার্‌রার সেন্ট অ্যান্টনি দুর্গ সবচেয়ে পুরানো; ১৫৮০ সালে এর নির্মাণকাজ শুরু হয়। এটি স্থানীয়ভাবে বার্‌রার বাতিঘর নামে পরিচিত এবং এতে একটি জলচিত্র জাদুঘর আছে।
এলাকার প্রধান বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে আছে বাইয়া সরকারী বিশ্ববিদ্যালয় (১৯৪৬) এবং সালভাদোরের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় (১৯৬১)
সালভাদোর ঔপনিবেশিক আমল থেকেই এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক শহর। পর্তুগিজ আমলে এটি ব্রাজিলের প্রধান বন্দর ছিল এবং চিনি, তামাক, ইত্যাদি রপ্তানি করত। আফ্রিকা থেকে হাজার হাজার ক্রীতদাস এখানে এসে পৌঁছাত। স্থানীয় শিল্পের মধ্যে আছে মাছ ধরা, তেল ও গ্যাস নিষ্কাশন, সিগার তৈরি, তেল পরিশোধন ও পর্যটন। আরাতু উপসাগরের কাছে প্রতিষ্ঠিত সেন্ত্রু ইন্দুস্ত্রিয়াল দে আরাতু নামে শিল্প পার্কে ১০০-রও বেশি শিল্প ফার্মের অবস্থান।
নৈসর্গিক সৌন্দর্য, বেলাভূমি, আফ্রিকান ঐতিহ্য ও ঔপনিবেশিক স্থাপত্যের কারণে গত কয়েক দশকে এখানে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। ১৯৯০-এর দশকে বাইয়ার রাজ্য সরকার শহরটির আকর্ষণ বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেন। ফেব্রুয়ারির শেষে কার্নিভালও একটি বড় পর্যটক-আকর্ষণকারী ঘটনা।
শহরের কেন্দ্র থেকে ৩০ কিমি দূরে আন্তর্জাতিক বিমানবন্দর আয়েরোপোর্তু দইস দে জুলিউ অবস্থিত। শহরটির ব্রাজিলের অন্যান্য প্রধান প্রধান শহরের বাস-সংযোগ আছে। রেল পরিবহন স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ।
সালভাদোর ১৫৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৭৬৩ সাল পর্যন্ত এটি পর্তুগালের ব্রাজিলীয় উপনিবেশের রাজধানী ছিল। এরপর রিউ দি জানেইরু ব্রাজিলের রাজধানী হয়। ঔপনেবশিক আমলে সালভাদোর প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করে। এ সময় শহরটি চিনি ও তামাক রপ্তানি করত, যা শহরটির পাশের উপকূলীয় সমভূমিতে উৎপাদন করা হত।

রান্না খারাপ হলে সুস্বাদু করার সহজ উপায়

প্রতিদিনের রান্নার অভিজ্ঞতার কারণে অনেকেরই  রান্নার স্বাদ নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হয় না। কারণ প্রতিদিন রান্না করতে করতে মোটামুটি একটি আন্দাজ হয়েই যায়।
কিন্তু দুর্ভাগ্যের কথা বলা যায় না। রান্না করতে গেলে মাঝে মাঝে খাবার পুড়ে যায় বা গলে যায়।
আর সেটা যদি হয় মেহমানের জন্য কোনো বিশেষ রান্নাতে। চিন্তার কোনও কারণ নেই রান্নার স্বাদ ফিরিয়ে আনার অনেক কৌশল রয়েছে।
তাহলে জেনে নিন তাহলে জেনে নিন রান্না একটু হের-ফের হয়ে গেলে কী করবেন।
  • তরকারি বা ডালে অতিরিক্ত লবণ হয়ে গেলে আলু সেদ্ধ করে দিতে পারেন।কারণ আলু লবণ শোষণে বেশ কার্যকরী। এছাড়াও আরো দুটি উপায় আছে যা লবণ কমায়। এগুলো হল ময়দা, দুধ ও পেঁয়াজ। ময়দা পানি দিয়ে মেখে ছোট ছোট বলের আকৃতি করে তরকারি বা ডালে দিয়ে দিলে লবণ কমে যাবে। পেঁয়াজের বেরেস্তা করে তরকারিতে দিলেও লবণ কমে যাবে। এছাড়া তরকারিতে দুধ দিলে লবণ তো কমবেই পাশাপাশি খাবারে ভিন্ন স্বাদও যোগ করবে।
  • মাংসের ঝোল বেশি পাতলা হয়ে গিয়েছে? কিংবা খেতে ঠিক ভালো লাগছে না, ঝাল বেশি হয়েছে, মশলা কষানো না হওয়ায় গন্ধ আসছে কাঁচা মশলার অথবা মশলা পুড়ে গিয়ে তেতো হয়ে গিয়েছে? আর আপনার চিন্তার কিছু নেই। কিছুটা পিয়াজ বেরেস্তা করুন। পিঁয়াজ ভাজার সময়েই মাঝে দিয়ে দিন আস্ত গরম মশলা। এবার এই ভাজা বেরেস্তা দিয়ে দিয়ে দিন আপনার বেস্বাদ রান্নায়। এবার ভালো করে নেড়ে, আঁচ কমিয়ে ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। ঝোলের সমস্ত সমস্যা কমে আসবে অনেকটা।
  • আলুর চপ, পরোটা ইত্যাদি তৈরি করেছেন কিন্তু স্বাদ ভালো হয় নি? মশলা কম হয়েছে? ওপরে ছড়িয়ে দিন আপনার প্রিয় যে কোনও স্বাদের চাট মশলা।দেখবেন সু-স্বাদু হয়ে উঠবে আপনার তেলে ভাজা।
  • মাংসের ঝোলের তরকারিতে খুব বেশি লবণ বা ঝাল দিয়ে ফেলেছেন? এত বেশি যে মুখেই দেওয়া যাচ্ছে না। কোনও সমস্যা নেই। ওই রান্নায় দিন দুধ। সঙ্গে সামান্য চিনি। তারপর ঢাকনা দিয়ে অল্প আঁচে রাখুন। অতিরিক্ত লবণ ও ঝাল দুটোই কমে যাবে। এছাড়া ডালের বড়ি হালকা ভেজে দিয়ে দিলেও লবণ কমবে।
  • ফ্রায়েড রাইস, পোলাও বা বিরিয়ানি বেশি নরম হয়ে গিয়েছে? গলে গিয়েছে চাল? এটাকে আবার ঝরঝরে করে তুলতে চান? ছড়ানো কোন পাত্রে খাবারটি ঢেলে ফ্যানের নিচে শুকাতে দিন। খুব ভালো করে ঠাণ্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরে হয়ে আসবে,তখন ছড়ানো একটি কড়াইতে গরম করে নিন। ব্যাস তৈরি আপনার ঝরঝরে ফ্রায়েড রাইস৷
  • রোস্ট বা রেজালায় লবণ বেশি হয়ে গেলে মালাই বেশি করে দিয়ে দমে রাখুন কিছুক্ষণ দেখবেন লবণ কমে যাবে। আর কাবাবে লবণ বেশি হয়ে গেলে লেবুর রস ও চিনি দিতে পারেন।
  • কোনো ভুনা খাবার বা দো-পেঁয়াজায় লবণ কমাতে সবচে’ ভালো কাজ করে চিনি ও টকদই। টকদই ও চিনি একসঙ্গে মিশিয়ে তরকারিতে দিয়ে খানিকক্ষণ চুলায় রেখে দিন।ব্যস আপনার আর কোনো চিন্তা করতে হবে না। লবণ এমনিতেই কমে যাবে।

ঘরেই তৈরি করুন ইরানি বিরিয়ানি

বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। তবে এবার বিরিয়ানির স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন ইরানি বিরিয়ানি। 
যেকোনো সময় ঘরেই প্রিয়জনদের তৈরি করে খাওয়াতে পারেন মজাদার ইরানি বিরিয়ানি। 
তাহলে জেনে নিন সুস্বাদু ইরানি বিরিয়ানি তৈরির সহজ রেসিপি।
উপকরণ : খাসির মাংস ১ কেজি, বাসমতী চাল আধা কেজি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, পেস্তাবাদাম কুচি সিকি কাপ, জাফরান সামান্য, দুধ ১ কাপ, লবণ দেড় চা চামচ, মাখন সিকি কাপ, পেঁপে বাটা সামান্য। 
প্রণালী : প্রথমে একটি পাত্রে চাল ধুয়ে আধাসিদ্ধ করে নিন। এবার খাসির মাংসের সঙ্গে গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, পেঁপে বাটা, গরম মসলা পাউডার মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে ৫ থেকে ৬ ঘণ্টা রেখে দিন। 
এরপর হাঁড়িতে মাখন দিয়ে মাংস বিছিয়ে তাতে আধাসিদ্ধ চাল দিয়ে ঢেকে রান্না করুন। এবার দুধের সঙ্গে জাফরান মিশিয়ে এর মধ্যে ঢেলে দিন। 
অল্প আঁচে দমে রাখুন পৌনে এক ঘণ্টা। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ইরানি বিরিয়ানি।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates