অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশের ফুটবলে যোগ দিচ্ছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। আগামী ১৭ আগস্ট ঢাকায় আসছেন বাংলাদেশ জাতীয় দলের এই কোচ।
এক ই-মেইলের মাধ্যমে টম সেইন্টফিট নিজেই ঢাকা আসার বিষয়টি জানিয়েছেন। ১৭ আগস্ট ফ্লাইট শিডিউল চূড়ান্ত করা হয় ই-মেইলে।
এর আগে চুক্তি স্বাক্ষর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে টালবাহানা করছিলেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। আসছে সেপ্টেম্বর ও অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ-২ এর দুটি ম্যাচকে সামনে রেখে গত ১২ জুলাই বাফুফের সঙ্গে এক মৌখিক চুক্তিতে আবদ্ধ হওয়ার পর নিয়মিতই ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খণ্ডকালীন কোচ হিসেবে।
এর আগে পারিবারিক কারণ দেখিয়ে গত ৩১ জুলাই চুক্তির আনুষ্ঠানিকতা না সেরেই বেলজিয়াম চলে যান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করা সেইন্টফিট।
বাফুফের একটি সূত্র থেকে জানা যায়, সেইন্টফিটের জন্য ফেডারেশন থেকে আগেই টিকিট বুকিং করে রাখা ছিল। তবে, বেলজিয়াম থেকে সেইন্টফিট কোনো রকম নিশ্চয়তা না দেওয়ায় ফ্লাইট সিডিউল এবং টিকিট নিশ্চিত করা যাচ্ছিল না।
বাফুফেতে একটি ই-মেইলের মাধ্যমে সেইন্টফিট জানান তিনি ১৭ আগস্ট ঢাকায় ফিরতে চাইছেন। ফলে, তার টিকিট নিশ্চিত করা হয়েছে। ১৭ আগস্ট ভোর ৫:৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্স যোগে তিনি ঢাকায় আসবেন।
প্রাথমিকভাবে মৌখিক চুক্তিতে আবদ্ধ হলেও গত ২৭ জুলাই দুপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে বাফুফের সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু বাফুফের দেয়া চুক্তি পত্রে কিছু অস্পষ্টতা আছে এমন অযুহাত দেখিয়ে তিনি চুক্তি স্বাক্ষর করেননি।
এছাড়া, সেদিন বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করলেও পেটের অসুস্থতার কথা বলে চুক্তিপত্রে সই করেননি ৪৩ বছর বয়সী এই কোচ।
এর আগে নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে তার নাম আসে। তিনজনের সেই সংক্ষিপ্ত তালিকায় সেইন্টফিট থাকলেও পরবর্তীকে সে দেশের কোচ হিসেবে নিয়োগ পাননি তিনি।


No comments:
Post a Comment