Social Icons

Saturday, August 13, 2016

পুরো মন্ত্রণালয়কে দায়ী করিনি : নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘কোনো একজন ব্যক্তি বা কর্মকর্তার জন্য পুরো মন্ত্রণালয়কে অভিযুক্ত করা যাবে না। আমি পুরো মন্ত্রণালয়কে দায়ী করিনি। যারা বিষয়টি আনছে, তারা উদ্দেশ্যমূলকভাবে এটা করছে।’
 
শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বারের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
আবর্জনা সংগ্রহের জন্য চেম্বারের পক্ষ থেকে চসিককে রিকশাভ্যান প্রদান উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য  এম এ লতিফসহ চেম্বার নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেম্বারের পক্ষ থেকে চসিককে ১০টি রিকশাভ্যান প্রদান হয়। অনুষ্ঠান শেষে মেয়র সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
 
মন্ত্রণালয়ের কর্মকর্তার ঘুষ দাবির প্রমাণ নির্দিষ্ট সময়ে দিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে নাছির বলেন, ‘এটা ভিন্ন বিষয়। আমি যেটা জবাব দেব, সেটা আমি দেব। করতে পারব কি পারব না, সেটা আমার বিষয়। এখানে প্যাঁচানোর কোনো সুযোগ নেই।’
 
তিনি আরো বলেন, ‘যখন একাডেমিক ডিসকাশন করবো, তখন অনেক ধরণের কথা আসবে। আমি তো কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে যাইনি। এটাকে টুইস্ট করলে চলবে না। আমি রাজনীতি করি। প্রকল্পকাজ  কেন শেষ হয়নি, এ ধরনের প্রশ্নে আমাকে তো উত্তর দিতে হবে।’
 
এর আগে বিশ্ব বাণিজ্যকেন্দ্রের নিচতলায় আয়োজিত ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় মেয়র, স্থানীয় সংসদ সদস্য, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ বক্তব্য দেন।
 
বক্তব্যে মেয়র বলেন, বৃহৎ আয়তনের চট্টগ্রাম নগরীতে ১ হাজার ৭০০ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। এ জন্য লোকবল নিয়োগের প্রয়োজন হলেও ৩০ বছর আগের জনবল কাঠামো দিয়ে চলছে এই সিটি করপোরেশন। এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে সরাসরি বাসা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করতে পারব।
 
প্রসঙ্গত, গত বুধবার ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দিন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে কমিশন দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। এ সময় তিনি বলেন, ‘পাঁচ শতাংশ কেটে রাখতে চায়, নতুন পাজেরো জিপ চায়। যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পেতাম।’
 
গনমাধ্যমে এই সংবাদ প্রকাশ হলে অভিযোগের পক্ষে মেয়র নাছিরকে সাত দিনের মধ্যে প্রমাণ দেওয়ার অনুরোধ জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates