নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশী নিহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, ইমাম আখনজি এবং তারা উদ্দিনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বার্তায় এ ধরনের সহিংস হামলার সমালোচনা করে তিনি বলেন, হিংস্র আক্রমণ কোনো সমাধান হতে পারে না।
এর আগে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে লিবার্টি অ্যাভিনিউ এর কাছে দুর্বৃত্তের গুলিতে মসজিদের ইমাম আলাউদ্দিন আখনজি ও তার বন্ধু তারা উদ্দিন নিহত হন। আলাউদ্দিন আখনজি ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমাম আলাউদ্দিন আখনজি ও তার সহকারী জোহরের নামাজ শেষে বাসায় ফিরছিলেন। ৭৮নং রোডের কাছে তাদের গুলি করা হয়। ৫টি গুলির শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা। আহত অবস্থায় তাদের জ্যামাইকা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সাউটনার জানিয়েছেন, কেনো তাদের হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটিকে বিদ্বেষপূর্ণ অপরাধ বা ‘হেইট ক্রাইম’হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Sunday, August 14, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment