সংযুক্ত আরব আমিরাতে ভিসার ক্ষেত্রে নতুন নিয়মসহ ১৬ ধরনের ভিসার সুবিধা ব্যববস্থা চালু করেছে। এখন থেকে ভিজিট ভিসায় যেতে হলে স্বাস্থ্যবীমা বা হেলথ ইন্স্যুরেন্স লাগবে। আগস্টের প্রথম দিন থেকে চালু হওয়া ভিজিট ভিসার নতুন নিয়মে এই শর্ত সংযুক্ত করা হয়েছে। এর সাথে সাথে যে কোন ধরনের ভিজিট ভিসা দেয়ার আগে দেশটির নিউট্রালাইজেশন এবং রেসিডেন্সী বিভাগ ১০০০ দিরহাম জমা রাখবে। কোন পর্যটক যখন আবার তার ভ্রমণ শেষ করে বেরিয়ে যাবে তখন তাকে ঐ ১০০০ দিরহাম ফেরত দেয়া হবে। যদিও দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয় কোন কোন দেশের ক্ষেত্রে এই ১০০০ দিরহাম জমা না নেয়া যায় কি না সেটা বিচার-বিবেচনা করে দেখছে। কিন্তু এখন পর্যন্ত তারা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
গত ১ আগস্ট থেকেই ভিজিট ভিসার জন্য ৫০০ দিরহাম ফি নির্ধারণ করা হয়েছে। কয়েকদিন আগের কেবিনেট বৈঠকে ভিজিট ভিসার নতুন ফি এবং অন্যান্য শর্তের ব্যাপারে সিদ্ধান্ত হয়। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারীরা তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ট আত্মীয়দের জন্য ৩০ দিনের ভিসার আবেদন করতে পারবেন। তবে একটু দূরের আত্মীয়কে স্পন্সর করতে হলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন লাগবে। নতুন নিয়ম অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা তাদের বন্ধুদের ভিজিট ভিসার স্পন্সর করবে পারবেন। শিক্ষা, চিকিৎসা এবং কোন প্রদর্শনী বা কনফারেন্সের মতো ১৬ ধরণের ভিজিট ভিসার কথা উল্লেখ করা হয়েছে নতুন নিয়মে।
মাল্টিপল এন্ট্রির সুবিধাসহ আরেক ধরণের ভিজিট ভিসা চালু করা হয়েছে। এই ভিসার মেয়াদ ৬ মাস। শিক্ষার্থীদের জন্য এক ধরণের ভিজিট ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। ৬০ দিনের এই ভিসার জন্য ১০০০ দিরহাম দিতে হবে। তবে শর্ত হলো, শিক্ষার্থীকে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের কোন বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত থাকতে হবে। আবার যারা চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চান তারা ১০০০ দিরহাম খরচ করে ৯০ দিনের ভিসা পাবেন। এই ভিসা ৫০০ দিরহাম দিয়ে আবার ৯০ দিনের জন্য নবায়ন করা যাবে।
কোন প্রদর্শনী বা কনফারেন্সে অংশগ্রহণের জন্য ভিসা পেতে ১০০ দিরহাম গুনতে হবে। ট্যুর ওপারেটর এবং হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে নেয়া ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আগের নিয়ম বহাল আছে। ১ মাসের এই ট্যুরিস্ট ভিসার খরচ ১০০ দিরহাম। এই ভিসা শুধু একবার নবায়ন করা যাবে। ট্রানজিট ভিসার জন্যও ফি ১০০ দিরহাম।
১৬ ধরণের ভিজিট ভিসা ছাড়াও বিভিন্ন দেশে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দূতাবাস ও মিশনও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিনামুল্যে ভিজিট ভিসা ইস্যু করতে পারবে। ট্রাভেল এজেন্সী এবং ট্যুর অপারেটরদেরকেও এই নতুন আইন বাস্তবায়নের ক্ষেত্রে কড়া নজরদারির মধ্যে রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ধরণের প্রতিষ্ঠানগুলোকে আরব আমিরাতে পর্যটক আনার জন্য লাইসেন্স নিতে হবে। আর সেজন্য তাদেরকে ৭৫ হাজার দিরহাম জমা দিতে হবে।


No comments:
Post a Comment