রিও অলিম্পিকে সোনা জয়ের পাশাপাশি আরেকটি লক্ষ্য ছিল তাঁদের—মেয়েদের ফুটবলকেও ব্রাজিলে সমান জনপ্রিয় করে তোলা। সে পথেই বেশ ভালোই এগোচ্ছেন মার্তা-ক্রিস্টিয়ানরা। টানা দুই জয় নিয়ে উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। পরশু রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেনকে।চীনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে অলিম্পিকযাত্রা শুরু হয়েছিল ব্রাজিলের। প্রথম ম্যাচে যা করেছেন ৯০ মিনিটে, পরশু মার্তারা তা করেছেন প্রথমার্ধে। বিয়াত্রিজ ও ক্রিস্টিয়ানের গোলের পর মার্তার পেনাল্টি গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিলের মেয়েরা। তবে মার্তা নন, এই ম্যাচে গোল করে ব্রাজিলের নায়িকা ক্রিস্টিয়ান। ব্যাক ফ্লিকে যে গোলটি করলেন, সেটি তাঁর ১৪তম গোল—অলিম্পিকে সর্বোচ্চ। ব্রাজিল গোলের ধারা টেনে নিয়ে যায় দ্বিতীয়ার্ধেও, বিয়াত্রিজ ও মার্তা করেছেন নিজেদের দ্বিতীয় গোল। ম্যাচের শেষ দিকে লোটা শেলিন সুইডেনের সান্ত্বনাসূচক গোলটি করেন।
প্রথম ম্যাচে প্রায় অর্ধেক ফাঁকা গ্যালারির সামনেই চীনকে হারিয়েছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে ৬০ হাজার দর্শকের অলিম্পিক স্টেডিয়ামের গ্যালারি ছিল প্রায় পূর্ণ। সব মিলিয়ে তাই নতুন এক চ্যালেঞ্জই দেখছেন ব্রাজিল কোচ ভাদাও, ‘প্রথম দিকে চাপটা শুধু ছিল ভালো খেলার আর মেয়েদের ফুটবলকে ভালোভাবে চেনানোর। এখন, এত ভালো খেলার পর, চাপটা বদলে যাচ্ছে। মানুষের প্রত্যাশা বেড়ে যাওয়ায় এখন নতুন চাপের মুখে পড়তে হচ্ছে।’
মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অলিম্পিকের সোনা। ছেলে বা মেয়ে, ব্রাজিলের কোনো ফুটবল দলই কখনো জেতেনি এই আরাধ্য পদক। তবে এবারও কাজটা সহজ হচ্ছে না ব্রাজিলের জন্য। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও টানা তিনটি সোনাজয়ী যুক্তরাষ্ট্র এবং জার্মানি উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। অধিনায়ক কার্লি লয়েডের গোলে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। অলিম্পিকে যেটি তাদের টানা ১৩তম জয়। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে কানাডার সঙ্গে। এএফপি।

No comments:
Post a Comment