অলিম্পিকে অংশগ্রহণকারী উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুইজন জিমন্যাস্ট সেলফি তোলার মাধ্যমে বিশ্বকে দুই কোরিয়ার ঐক্যের একটি বিরল মুহূর্ত প্রদর্শন করেছেন। অলিম্পিকের চেতনাকে ধারণ করায় দুই নারীর ওই ছবিগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
খেলা শুরুর আগে প্রশিক্ষণের সময় দক্ষিণ কোরিয়ার লি ইয়ুন-জু এবং উত্তর কোরিয়ার হং উন-জং হাসিমুখে ছবিগুলো তুলেন। ১৭ বছর বয়সী লি এবং ২৭ বছর বয়সী হং উভয়ই ব্যক্তিগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লি এবারই প্রথম অলিম্পিক গেমসে অংশ নিতে ব্রাজিলে গেছেন। অপরদিকে ২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে জিমন্যাস্ট হিসেবে উত্তর কোরিয়ার জন্য প্রথম সোনা জিতেছিলেন হং।
তাদের তোলা ওই সেলফিগুলো নিয়ে অনেকে টুইট করেছেন। রাজনীতি বিজ্ঞানী ইয়ান ব্রেমার লেখেন, ‘এ কারণেই আমরা অলিম্পিকের আয়োজন করি।’ তার এই টুইটটি ১৮ হাজার বার রিটুইট করা হয়। আরেকজন লেখেন, ‘খেলাধুলা সবাইকে কাছাকাছি নিয়ে আসে।’ শত্রুভাবাপন্ন দেশ দুইটির নাগরিক ওই দুই জিমন্যাস্টের তোলা ছবিগুলোকে অনেকেই অলিম্পিক গেমসের ‘সর্বোচ্চ আদর্শিক ছবি’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, দুই কোরিয়ার মধ্যে চরম বিরোধপূর্ণ সম্পর্ক থাকলেও দেশদুটির জনগণ পরস্পরের প্রতি সমব্যাথী। তাদের অনেকের আশা, সব বিরোধের অবসান হয়ে দুই কোরিয়া আবার এক দেশে পরিণত হবে।-বিবিসি


No comments:
Post a Comment