Social Icons

Monday, January 15, 2018

উড়োজাহাজে ভ্রমণ ও হৃদরোগ

জনাব ম. কবীর। বয়স ৩২ বছর। গত ৭ বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। ধূমপান করেন না। ১৫ দিন আগে ঢাকা থেকে আমেরিকা যাওয়ার সময় উড়োজাহাজে বসে লক্ষ্য করলেন তার ডান পা ফুলে গেছে ও পায়ের পিছনে সামান্য ব্যথা অনুভব করছেন। নিউইয়র্কে নামার পর লক্ষ্য করলেন তার ডান পা আরও বেশি ফুলে গেছে। ৮ ঘণ্টা পর হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে তৎক্ষণাৎ হাসপাতালে স্থানান্তর করার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রোগ নির্ণয় হল ডিপ ভেইন থ্রমবোসিস ও পালমোনারি এমবোলিজম।
ডিপ ভেইন থ্রমবোসিস কী
আমাদের পায়ের পিছনের দিকে মাংসপেশির ভিতরে এক ধরনের রক্তনালী থাকে যা রক্তকে পা থেকে মাথার দিকে পরিচালন করে যাকে আমরা ডিপ ভেইন বলি। এই ডিপ ভেইনে কখনও কখনও কিছু কারণে রক্ত জমাট বাঁধতে পারে, একে ডিপ ভেইন থ্রমবোসিস বলে।
পালমোনারি এমবোলিজম কী
ডিপ ভেইন থ্রমবোসিস হলে পায়ের জমাট বাঁধা রক্তের চাকা কখনও কখনও কিছু কারণে পা থেকে ছুটে গিয়ে হৃদপিণ্ড ও ফুসফুসের মাঝে যে পালমোনারি ধমনি থাকে সেখানে আটকে যেতে পারে, একে পালমোনারি এমবোলিজম বলে।
জনাব কবীর সাহেবের পায়ের সমস্যা কেন হল
দীর্ঘক্ষণ উড়োজাহাজ ভ্রমণে যদি প্রয়োজনীয় পরিমাণ পানি বা তরল খাবার না খান এবং মাঝেসাঝে বসার সিট থেকে উঠে হাঁটাহাঁটি না করেন তবে তার পায়ের পিছনের শিরায় অর্থাৎ ডিপ ভেইনে রক্ত জমাট বাঁধার আশংকা বেশি। ফলে রক্ত পা থেকে মাথার দিকে বা হৃদপিণ্ডের দিকে আসতে পারে না, তাই রক্ত পানির আকারে নিচ পায়ে ও পায়ের পাতায় জমা হয়, ফলে তার ডান পা ফুলে গেছে এবং যেহেতু পায়ের পেশির চারপাশে রক্ত জমাট হয়েছে তাই পায়ের পিছনে ব্যথা হয়েছে। এ রোগকে আমরা ইকোনমি ক্লাস সিন্ড্রোম বলি।
শ্বাসকষ্ট কেন হল
পায়ের পিছনের শিরায় অর্থাৎ ডিপ ভেইনে জমাট বাঁধা রক্ত কোনো কারণে পা থেকে ছুটে গিয়ে হৃদপিণ্ড ও ফুসফুসের মাঝে যে পালমোনারি ধমনি থাকে সেখানে আটকে গেলে ফুসফুস ঠিকমতো অক্সিজেন ও পুষ্টি পায় না, ফলে ফুসফুসের একাংশ বা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তাই কবীর সাহেবের শ্বাসকষ্ট হয়েছে।
রোগ থেকে পরিত্রাণের উপায়
দীর্ঘ উড়োজাহাজ ভ্রমণের সময় প্রয়োজনীয় ও প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খেতে হবে, মাঝেসাঝে বসার সিট থেকে উঠে হাঁটাহাঁটি করতে হবে, প্রয়োজনে উড়োজাহাজের ফাঁকা জায়গায় হাল্কা ব্যায়াম করা যেতে পারে। এছাড়া যাদের এই ধরনের সমস্যা আগে একবার হয়েছে তারা উড়োজাহাজে ভ্রমণের আগে রক্ত পাতলা করার ইনজেকশন নিতে পারবেন, তা অবশ্যই আপনার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতো।
লেখক : মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates