Wednesday, February 3, 2016
নানা আয়োজনে ‘সংস্কৃতি মঞ্চ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গত ৩ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘সংস্কৃতি মঞ্চ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণীসম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাঙালির শেকড়মুখি মৌলিক ও বিশুদ্ধ সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, বাঙালি জাতিস্বত্ত্বার ভিত্তিতে গড়ে ওঠা আমাদের এই সংস্কৃতি হাজার বছরের পুরানো। সামাজিক বন্ধন, পারস্পারিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ, অসাম্প্রদায়িকতার মত মহৎ চিন্তা-চেতনায় সমৃদ্ধ এই সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি আমাদের আত্ম-পরিচয়ের স্মারক। আমাদের জীবনে নিত্য প্রাসঙ্গিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সুরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক ও শব্দসৈনিক সুজেয় শ্যাম বলেন, বাংঙালি সংস্কৃতি আমাদের অহংকার। ঐতিহ্যের স্মারক এই সংস্কৃতি আমাদের জাতীয় জীবনের সকল অন্ধকার সময়ে আলোর পথ দেখিয়েছে। ইতিহাসের প্রতিটি বাঁক বদলে আমরা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয় জাগরণ ঘটিয়ে পরাজিত করেছি সকল অশুভ শক্তিকে। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে আমাদের গান, কবিতা, নাটক অসামান্য ভূমিকা রেখেছে। সংগঠনের আহবায়ক বিশিষ্ট গীতিকার, সুরকার সেলিম রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য-সচিব তজম্মুল হোসেন আখতার, রাগেবুল রেজা, হোসনে আরা রীমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এ কে আজাদ। আলোচনা শেষে সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান ও ‘টাকার রঙ কালো’ নামে একটি নাটক মঞ্চত্ব হয়। সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১২ ডিসেম্বর -২০১৫ তারিখে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছিল সংগঠনটি। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি বিকাশের লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ১৩ ডিসেম্বর গঠিত হয় এই সংগঠন।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment