Wednesday, February 3, 2016
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল আজ সোমবার। চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর কমলাপুর কবি জসিম উদ্দীন রোডে তাঁর নিজ বাসভবনে কোরআনখানি, দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ এবং অনুরূপ কর্মসূচি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সমষপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। চাষী নজরুল ইসলামের দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে ২০১৫ সালের ১১ জানুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের প্রথম পরিচালক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী নির্মাতা ছিলেন। সকাল ১১ টায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রীনগর থানাধীন সমষপুরস্থ চাষী নজরুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করা হয়। পুষ্পস্তবক অর্পন করে চাষী নজরুল ফাউন্ডেশন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদসহ অন্যান্য সংগঠন। পরে কবর প্রাঙ্গণে সকাল ১১ টায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জোটের মহাসচিব মো. রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন চাষী নজরুলের দুই ভাই মফিজুল ইসলাম স্বাধীন, চাষী সিরাজুল ইসলাম, কন্যা চাষী আন্নী ইসলাম, চলচ্চিত্রকার সাজেদুর ইসলাম সাজু, নাসির উদ্দিন মিলন, ওয়াজেদ আলী বাবলু , ফিরোজ বাবু, নাট্য নির্দেশক কাজী আসাদুজ্জামান সামুন, ভাতিজা কাজী আহমেদ হোসেন চন্দন প্রমূখ। চাষী নজরুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে চাষী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা হবে। এর পরের দিন (১৩ জানুয়ারি) সকালে এফডিসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গণে পদার্পণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের ও মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১জন’ নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৪ সালে তিনি একুশে পদক পান। চাষী নজরুল ইসলাম চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে ছিল- মুক্তিযুদ্ধের ছবি সংগ্রাম, হাঙ্গর নদীর গ্রেনেড, মেঘের পরে মেঘ, সাহিত্য নিভৃর চলচ্চিত্র দেবদাস, শুভদা, চন্দ্রনাথ, সুভা, শাস্তি, বিরহ ব্যথা, হাছন রাজা ইত্যাদি।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment