Social Icons

Friday, February 5, 2016

গণমাধ্যমে যেন বাইরের হস্তক্ষেপ না হয় : রাষ্ট্রপতি

বাইরের কেউ যাতে গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমালোচনা যাতে ‘একপেশে’ না হয়ে গঠনমূলক হয়, সে বিষয়েও তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইংরেজি দৈনিক 'ডেইলি স্টার'র ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন
 
তিনি বলেন, 'সেলফ সেন্সসরশিপকে কাজে লাগাতে হবে। বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।'
 
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা হস্তক্ষেপে গঠিত ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশের শীর্ষ রাজনীতিবিদদের দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়। সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহ করা ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়াই প্রকাশ করেছিলেন বলে দুদিন আগে এক টেলিভিশন আলোচনায় স্বীকার করেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
 
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেও গণমাধ্যমকে কাজ করতে হবে। সকল গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতির উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে। দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তারা আরও তৎপর হবে।
 
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, 'মনে রাখতে হবে, স্বাধীনতা মানে যা ইচ্ছে তা করা বা যথেচ্ছাচার নয়। একজনের স্বাধীনতার জন্য অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কেউ কাউকে দেয়নি। তাই দায়িত্ব পালনকালে আপনাদেরকে সচেতন হতে হবে।' তিনি বলেন, সংবাদপত্রে সরকার, এমনকি রাষ্ট্রপতির সমালোচনা করতেও বাধা নেই। কিন্তু তা যেন তথ্যভিত্তিক হয়।
 
তিনি আরো বলেন, 'কোনোভাবেই যেন একপেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতিগঠনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'
 
ধর্মের অপব্যবহার রোধেও সংবাদ মাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, 'ধর্মকে ব্যবহার করে কেউ যাতে অশুভ কিছু করতে না পারে সে ব্যাপারেও গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে। সংবাদপত্রসহ সকল গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় কাজ করতে হবে।'

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates