Social Icons

Monday, June 13, 2016

ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ

ইসরায়েলের রাজধানী তেলআবিবে দুই বন্দুকধারীর হামলার পর দেশটিতে ফিলিস্তিনের প্রায় ১ লাখ নাগরিকের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি সরকার। শনিবার জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়, ইসরায়েলের এ পদক্ষেপ ফিলিস্তিনিদের জন্য সমষ্টিগত শাস্তি হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের কাজ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী ৮৩ হাজার ফিলিস্তিনির প্রবেশ অনুমোদনপত্র বাতিল করে। এছাড়া ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অতিরিক্ত কয়েকশ সৈন্য পাঠানোর কথাও জানানো হয় ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে। এর আগে গত বুধবার তেলআবিবে অবস্থিত  ইসরায়েরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর সদর দপ্তরের নিকটবর্তী বিপণিবিতান ও রেস্তোরাঁয় দুই ফিলিস্তিনি এলোপাতাড়ি গুলি চালায়। ওই হামলায় চার ইসরায়েলি নিহত ও ১৬ জন আহত হয়। বন্দুকধারী দুজন ফিলিস্তিনি বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। তারা ছদ্মবেশে সেখানে অবস্থান করছিল বলে জানা গেছে। ঘটনার পর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার জায়েদ রা’দ আল হুসেইনের কার্যালয় থেকে তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনিদের এন্ট্রি পারমিট বাতিলের সিদ্ধান্তেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে জাতিসংঘ হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, তাদের এ সিদ্ধান্ত সামষ্টিগত শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে, যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। এমন একটি উত্তেজনাপূর্ণ সময়ে ফিলিস্তিনিদের প্রতি এ ধরনের আচরণ অন্যায় ও তাদের হতাশা বাড়িয়ে তুলবে। এন্ট্রি পারমিট বাতিল হওয়া ফিলিস্তিনিরা স্বজনদের দেখতে ইসরায়েলে যাওয়ার এবং জেরুজালেমে রমজানের প্রার্থনায় অংশগ্রহণের পরিকল্পনা করছিল। এদিকে ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফ্রান্স। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মতো ফরাসি প্রেসিডেন্টও হামলার নিন্দা জানিয়েছেন। তবে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি। এদিকে হামলার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে এন্ট্রি পারমিট বাতিলের সঙ্গে সঙ্গে আক্রমণকারীদের পরিবারের ২০৪ জনের কাজের অনুমোদন বাতিল করেছে ইসরায়েল এবং সেই সঙ্গে নিরাপত্তা বাহিনী তাদের সব গ্রাম সিলগালা করে রেখেছে বলে জানিয়েছেন সামদাসানি। তিনি বলেন, অবশ্যই অপরাধীদের তাদের কৃতকর্মের জন্য জবাবদিহিতার মুখোমুখি করতে হবে- ইসরায়েলের এ মানবিক দায়বদ্ধতা রয়েছে। কিন্তু বৃহত্তর জনগণকে শাস্তি দেয়ার যে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে ১০ জন, ১০০ জন নয়, কয়েক হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে অপরাধী বানানো হচ্ছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates