বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের সঙ্গে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল। আম্পায়ারিং বিতর্কে রবিবার বিকেএসপিতে আবাহনী ও দোলেশ্বর ম্যাচ স্থগিত হয়ে যায়। ঘটনার সূত্রপাতে ভূমিকা ছিল তামিমের।
ম্যাচটি হয়নি রিজার্ভ ডেতেও, ভাগ্য নির্ধারিত হবে বিসিবি সিদ্ধান্তে।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নিজের দায়টুকু স্বীকার করেছেন তামিম। তিনি বলেন, ‘অবশ্যই আমার এভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। সাময়িক উত্তেজনায় হুট করে আবেগের বিস্ফোরণ হয়ে গিয়েছিল। জাতীয় দলের এক জন ক্রিকেটার হিসেবে, শিশু-কিশোর ও অনেক উঠতি ক্রিকেটারের আদর্শ হিসেবে এ রকম করা আমার উচিত হয়নি।’
তিনি আরো বলেন, ‘ম্যাচের সেটি গুরুত্বপূর্ণ সময় ছিল। ব্যাটসম্যান ডাউন দা উইকেট খেলেছিল, পরিষ্কার স্টাম্পড ছিল। আমাদের রান বেশি ছিল না, ১৯১। ওই আউটটা হলে ওদের ৩ উইকেট পড়ে যেত। ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে আসত। সব মিলিয়ে হুট করে উত্তেজিত হয়ে পড়েছিলাম। তবে পরিস্থিতি যেমনই হোক, ওভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। সবার কাছেই আমি দুঃখ প্রকাশ করছি।’
তবে নিজের অপরাধবোধটুকু জানিয়েই শেষ করেননি তামিম, গিয়েছেন আরও গভীরে। তাকে দায় নিয়ে যেন মূল ঘটনা চাপা না পড়ে যায়, সেটা খতিয়ে দেখতে অনুরোধ করেছেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান।
তামিম বলেন, ‘আমার ভুল অবশ্যই ছিল। আম্পায়াররা সেটা রিপোর্ট করতে পারতেন, ম্যাচ রেফারি খেলা শেষে ডেকে নিয়ে শাস্তি দিতে পারতেন। আমি মাথা পেতে নিতাম। এখনও নেব। কিন্তু আম্পায়াররা মাঠ ছেড়ে কেন গেলেন!’
তিনি বলেন, ‘আম্পায়াররা মাঠ ছেড়ে যাওয়ার পর কিন্তু আমরা দু দলই মাঠে ছিলাম। গণ্ডগোল যতো হোক, ডাকওয়ার্থ-লুইসে যাওয়ার আগ পর্যন্ত দোলেশ্বরও খেলতে রাজি ছিল।’


No comments:
Post a Comment