আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির কাউন্সিল নিয়ে দেশে যে নাটক হচ্ছে, যারা গণতান্ত্রিক চর্চা করে তারাই লজ্জাবোধ করছে। কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির দুইটি শীর্ষপদে নির্বাচন তামাশা ছাড়া কিছু নয়।
শনিবার সকালে কুষ্টিয়া কলকাকলি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুবুল হানিফ বলেন, বিএনপির কাউন্সিল নিয়ে আওয়ামী লীগের কোন ভাবনা নেই। বিএনপি একটি জগা-খিচুড়ি দল। ক্ষমতায় থেকে হালুয়া রুটি ভোগ করার জন্য এই দল গঠন করা হয়েছে।
তিনি বলেন, কাউন্সিল নিয়ে বিএনপির নাটক-তামাশা দেশবাসী দেখছে। এর জবাব তারা পাবে। এই সমস্ত নাটক করে রাজনীতিকে রঙ্গমঞ্চ করে ফেলেছে বিএনপি। এই ধরনের রাজনৈতিক দল যত তাড়াতাড়ি সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরে আসবে ততই দেশের মঙ্গল হবে।
এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, পিপি এডভোকেট অনুপ কুমার নন্দীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।-বাসস।


No comments:
Post a Comment