চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস ২০১৬ সালের জন্য দেশটির জাতীয় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত। সামনে কঠিন সময়ের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী লি কেকিয়াং শনিবার কংগ্রেসে তার উদ্বোধনী ভাষণে এই ঘোষণা দেন।
রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত কংগ্রেসের এই বার্ষিক অধিবেশনে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। আর এমন এক সময়ে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো যখন চীন নিম্নমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরুদ্ধে লড়ছে। এছাড়া দলীয় কংগ্রেসে নতুন করে ৫ বছর মেয়াদী পরিকল্পনার অনুমোদনও দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দলীয় প্রতিনিধিদের উদ্দেশ্যে লি বলেন, চলতি বছরেই চীনকে নানামুখী সমস্যা ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সুতরাং কঠিন এই যুদ্ধ মোকাবিলায় আমাদেরকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, গত বছর আমাদের এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশের কাছাকাছি। কিন্তু অর্জন হয়েছে ৬ দশমিক ৯ শতাংশ যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে কম। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment