ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগ করতে বাধ্য করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস। তিনি বলেন, দেশের ৮০ শতাংশ মানুষ পরিবর্তন চায়। তিনি এর জন্য ৪০ লাখ নাগরিকের স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় গণভোট দিতে বাধ্য করানোর ঘোষণা দেন।
গণভোট আয়োজন করতে এর আগেও একবার স্বাক্ষর সংগ্রহ করেছিল ক্যাপ্রিলেস। তার বিরুদ্ধে জাল স্বাক্ষর জমা দেয়ার অভিযোগ উঠেছিল তখন।
ক্যাপ্রিলেস বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে বর্তমানে আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে বসবাস করছি।’ দেশের রপ্তানি রাজস্বের বেশিরভাগ তেল খাত থেকে আসলেও এখন এর অবস্থা খুব খারাপ। বিশ্ববাজারে তেলের দাম কমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া অর্থনৈতিক অব্যবস্থাপনা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।
গতমাসে হাজার হাজার লোক সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন করে। বিরোধী দলের সমর্থকরা দেশের অর্থনৈতিক সংকটের জন্য মাদুরোকে দায়ী করেন এবং তারা গণভোট বিলম্বিত করার জন্য নির্বাচন কমিশনকে অভিযুক্ত করেন।
ক্যাপ্রিলেস বলেন, তিনি দেশে গণভোট দিতে বাধ্য করতে পারবেন বলে বিশ্বাস করেন। তিনি আরো বলেন, গণভোট দেওয়ার ক্ষেত্রে ‘আমরা প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে পারবো।’ এদিকে মাদুরো একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালানোর জন্য বিরোধী দলকে দায়ী করে। সূত্র: এএফপি/বাসস


No comments:
Post a Comment