সিরিয়ার উত্তরাঞ্চলে হাসপাতাল ও স্কুলে মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। এই হামলা কে করেছে সেই অভিযোগের কাদা ছোড়াছুড়ির মধ্যে ফ্রান্স ও তুরস্ক এই হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলে দাবি করেছে।
জাতিসংঘ জানিয়েছে হাসপাতালে এই হামলার ফলে আসাদ ও বিরোধীদের মধ্যে অস্ত্রবিরতির সম্ভাবনায় শঙ্কার ছায়া পড়েছে। আজাজ এলাকায় দুটি হাসপাতাল ও দুটি স্কুলে হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ইদিব প্রদেশের মারাত আল নুমান এলাকায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত একটি হাসপাতাল ধবংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে সাতজন নিহত ও আরো আটজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এসব হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।
তবে এসব হামলা কে করেছে সেটা নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। এমএসএফ ফ্রান্সের প্রেসিডেন্ট মেগো তারজিয়ান রয়টার্সকে বলেছেন, সিরিয়া সরকার অথবা রাশিয়া এই হামলা চালিয়েছে। তবে মস্কোতে সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ বলেছেন, এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। তবে পেন্টাগন সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে। পেন্টাগনের মুখপাত্র বলেন, আমাদের ইদিবে হামলা করার কোনো কারণ নেই কারণ এখানে ইসলামিক স্টেট জঙ্গিরা সক্রিয় নয়।
হাসপাতাল ও স্কুলে মিসাইল হামলাকে যুদ্ধাপরাধের শামিল উল্লেখ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য মার্ক অরাল্ট বলেন, ফ্রান্স এমএসএফ এর হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানায় এবং এই ধরণের হামলা যুদ্ধাপরাধের শামিল। এদিকে রাশিয়ার শত্রুতে পরিণত তুরস্ক বলেছে এটি অবশ্যই যুদ্ধাপরাধ। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে তুরস্ক, রাশিয়া এখনো এই অভিযোগের প্রত্যুত্তর প্রদান করেনি। বিবিসি।


No comments:
Post a Comment